সাতসকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে বুলডোজার হাজির হয়ে অ্যাকশন শুরু করল। মুহুর্তের মধ্যে সরিয়ে ফেলা হয় অস্থায়ী কাঠামো। কেটে তুলে নেওয়া হল লোহার কালো গেটও। আর তখন এলাকায় মোতায়েন থাকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এমনকী বিপুল সংখ্যক পুলিশ এবং পুরসভার কর্মীরাও উপস্থিত ছিলেন। বুধবার রাতে এই মর্মে একটি নোটিসও দেওয়া হয়েছিল বলে সূত্রের খবর। আর বৃহস্পতিবার সকালেই অ্যাকশন দেখা দেয়। তবে এই ঘটনার পর থেমে যাননি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বরং সমাজমাধ্যমে রীতিমতো হুঙ্কার দেন তিনি। যা সরকারের বিরুদ্ধে সরবের সামিল।
এদিকে বেশ কয়েকবছর ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট এবং হরিশ মুখার্জির বাড়ির সামনে নানা ধরনের সুরক্ষাবিধি মানা হচ্ছিল। দুটি বাড়ির সামনেই পুলিশের কিয়স্ক ছিল। সেখানে মোতায়েন থাকত নির্দিষ্ট সংখ্যক পুলিশ কর্মীরা। রাজ্যের ক্ষমতা থেকে সরে যেতেই সেই ছবিটা বদলাতে শুরু করে। ডায়মন্ডহারবারের সাংসদের বাড়ির সামনে নানা স্তরের নিরাপত্তা নিয়ে দলের অন্দরে গুঞ্জন শুরু হয়। কয়েক মাসের মধ্যেই কলকাতা পুরসভা অ্যাকশন নিতে শুরু করে। এসব নিয়ে মামলাও গড়ায় আদালতে। কিন্তু এদিনের ঘটনার পর সমাজমাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘হাজার হাজার বুলডোজার নামিয়েও আমার কণ্ঠস্বর স্তব্ধ করা যাবে না, আমার অদম্য জেদ আর সংকল্পকে টলানো যাবে না।’
অন্যদিকে গত ৭ তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের রাতে কালীঘাটের ওই বাড়ির সামনে জমায়েত শুরু হয়। সেখান থেকে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। আর বুধবার সাংসদ একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি দাবি করেন, পুলিশের পক্ষ থেকে তাঁর বাড়ির বাইরে রেইকি করা হচ্ছে। ঠিক তার পরদিন বৃহস্পতিবার অ্যাকশন শুরু করে কলকাতা পুরসভা। অভিষেকের বাড়ির সামনে থাকা কালো গেট কেটে সরিয়ে ফেলা হয়। সরিয়ে ফেলা হয়, কাঠের সমস্ত কাঠামো। এখন ফুটপাতে আর কিছুই নেই। পুলিশের কিয়স্কও সরিয়ে ফেলা হয়েছে।
তাছাড়া এই ঘটনা নিয়ে এখন রাজ্য-রাজনীতি সরগরম হয়ে উঠেছে। কিন্তু এই বিষয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, ‘ফুটপাত দখল করে রাখলে সেটা মুক্ত করা হবে। যেই করুন, কাউকে ছেড়ে কথা বলা হবে না। ফুটপাত মানুষের। সেটা দখল করা যাবে না। উপর মহল থেকে শুরু হল। এবার সকলের ক্ষেত্রেই হবে।’ তবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে কড়া ভাষায় লেখেন, ‘বাংলাবিরোধীদের বিরুদ্ধে আমার লড়াই চলবে, শেষ নিঃশ্বাস পর্যন্ত। কেন্দ্র ও রাজ্য সরকার যা পারে করুক আমি অন্যায়ের কাছে, বেইমান বহিরাগত বাংলা বিরোধীদের কাছে মাথা নত করব না, এক ইঞ্চিও পিছু হটব না।’




