• facebook
  • twitter
  • youtube
Wednesday, 11 November, 2026

ফের রক্তাক্ত ভূস্বর্গ, কুলগামে সিআরপিএফ চেকপোস্টে গুলিবৃষ্টি জঙ্গিদের, আহত ৩ জওয়ান

হামলার খবর পেয়েই ভারতীয় সেনার কুইক রেসপন্স টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। সেই সঙ্গে গোটা এলাকা ঘিরে ফেলা হয়। হামলাকারীদের শনাক্ত করার পাশাপাশি তাদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু হয়েছে। আশেপাশের এলাকাতেও নজরদারি বাড়ানো হয়েছে।

ফের রক্তাক্ত ভূস্বর্গ, কুলগামে সিআরপিএফ চেকপোস্টে গুলিবৃষ্টি জঙ্গিদের, আহত ৩ জওয়ান

Photo: Facebook (প্রতীকী ছবি)

জম্মু ও কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলা। কুলগাম জেলায় সিআরপিএফের নিরাপত্তা চৌকিতে হামলার ঘটনা ঘটে। বুধবার একটি সিআরপিএফ ক্যাম্পকে লক্ষ্য করে হঠাৎই এলোপাথাড়ি গুলি চালায় সশস্ত্র জঙ্গিরা। ঘটনায় ৩ জন সিআরপিএফ জওয়ান গুরুতর জখম হয়েছেন। আহতদের উদ্ধার করে অনন্তবাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পরই অভিযুক্তদের খোঁজে এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, গুলিবিদ্ধ ৩ জওয়ানের মধ্যে ২ জনের আঘাত সামান্য হলেও তৃতীয় জওয়ানের শারীরিক অবস্থা তুলনামূলকভাবে আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।

প্রাথমিক তথ্য অনুযায়ী, একদল সশস্ত্র জঙ্গি বুধবার দুপুরে বাইকে চড়ে ওই চেকপোস্টের কাছে আসে। চেকপোস্টের কাছে আসতেই গতি কমিয়ে কর্তব্যরত নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে একের পর এক গুলি ছুঁড়তে শুরু করে। তবে সিআরপিএফ জওয়ানরাও পাল্টা জবাব দেন। তাঁরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে জঙ্গিদের পাল্টা জবাব দেন।

জানা গিয়েছে, জওয়ানরা পাল্টা জবাব দিতে শুরু করলে জঙ্গিরা সেখান থেকে বাইক নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলটি জাতীয় সড়ক (NH) থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে অবস্থিত। হামলার খবর পেয়েই ভারতীয় সেনার কুইক রেসপন্স টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। সেই সঙ্গে গোটা এলাকা ঘিরে ফেলা হয়। হামলাকারীদের শনাক্ত করার পাশাপাশি তাদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু হয়েছে। আশেপাশের এলাকাতেও নজরদারি বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেস, বাতিলের পাশাপাশি ঘুরপথে চলবে কোন কোন ট্রেন?

কাশ্মীর পুলিশ, সেনা ও সিআরপিএফের গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, গোটা হামলা পরিকল্পনামাফিক চালানো হয়েছে। এর পিছনে লস্কর জঙ্গিরা থাকতে পারে বলে সন্দেহ। তবে কী কারণে এই হামলা চালানো হয়েছে হামলাকারীদের কী পরিচয় তারা ঠিক কোন দিকে আত্মগোপন করেছে সে সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। গোটা ঘটনার তদন্তের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর অভিযানও জারি রয়েছে।