হাতে আর চারদিন বাকি। তারপরই শুরু হয়ে যাবে জগদ্ধাত্রী পুজো। এবার জগদ্ধাত্রী পুজোয় চন্দননগর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ১৩ নভেম্বর, চতুর্থীর দিন সেখানে যাওয়ার কথা তাঁর। কলকাতার ইডেন গার্ডেন্সের ধাঁচে সেখানে হবে অনুষ্ঠান। সেখানেই যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। ওই অনুষ্ঠানের প্রস্তুতি এদিন খতিয়ে দেখলেন হুগলির জেলাশাসক খুরশিদ আলি কাদরি, পুলিশ কমিশনার সুনীলকুমার যাদব, চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ, মহকুমাশাসক এবং পুলিশ অফিসাররা। চন্দননগরের কুঠির মাঠ, স্ট্যান্ড রোড-সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা ও পুজোমণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসনের কর্তারা।
আগামী ১৩ নভেম্বর জগদ্ধাত্রী পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। সেই উদ্বোধন মুখ্যমন্ত্রীর হাত দিয়েই হওয়ার কথা। চন্দননগরের আদি মা, হালদার পাড়ায় প্রতিমা দর্শনে যেতে পারেন মুখ্যমন্ত্রী। তাঁর সফরের আগে চন্দননগর স্ট্যান্ড রোডে বিপ্লবীদের ছবি দিয়ে সাজানো হচ্ছে। আলপনা এঁকে নানা ধরনের আলো লাগানো হবে। চন্দননগরের ওই এলাকায় কোনও জগদ্ধাত্রী পুজো হয় না। যেখানে যেখানে মুখ্যমন্ত্রী যেতে পারেন, সেই সব সম্ভাব্য জায়গা ঘুরে দেখেন পুলিশ ও প্রশাসনের অফিসাররা। জগদ্ধাত্রী পুজোয় মানুষ ভিড় জমান গঙ্গার ধারের শহরে। তেমাথা সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে সূত্রের খবর।
এখানে প্রচুর মানুষের ভিড় সামাল দিতে নিরাপত্তার বেষ্টনীতে চন্দননগরকে মুড়ে ফেলতে চাইছে প্রশাসন। গোটা শহরের পুজোমণ্ডপ, দর্শনার্থীদের যাতায়াত, নিরাপত্তা এবং পরিষেবা সংক্রান্ত বিষয়গুলিও খতিয়ে দেখা হচ্ছে। এদিনের পরিদর্শন শেষে জেলাশাসক খুরশিদ আলি কাদরী বলেন, ‘জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করেই এই পরিদর্শন। উৎসবের দিনগুলিতে যাতে সাধারণ মানুষ এবং দর্শনার্থীরা কোনও অসুবিধার সম্মুখীন না হন তাই আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে।’ চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি উদ্যোক্তাদের দাবি, সেখানে ভিআইপি সংস্কৃতি নেই। ভিআইপি কার্ড দিয়ে মণ্ডপে প্রবেশের ব্যবস্থা সাধারণত হয় না।
তাছাড়া ইতিমধ্যেই আলোয় মুড়ে ফেলা হয়েছে গোটা শহরকে। সাজানো হচ্ছে রাস্তা। বলা হয়, আলোর জন্য বিখ্যাত চন্দননগর। সেই আলোর শিল্পকে আরও বেশি করে সর্বস্তরে পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে চন্দননগরের বিধায়ক দীপাঞ্জনকুমার গুহ বলেন, ‘এই বছর রাজ্য সরকারের পক্ষ থেকে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে ‘রাজ্য উৎসবে’র মর্যাদা দেওয়া হয়েছে। আগামী ১৩ নভেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে উৎসব।’




