• facebook
  • twitter
  • youtube
Tuesday, 10 November, 2026

ভারতের পর এবার আমেরিকায় ‘ভোটচুরি’র অভিযোগ ট্রাম্পের, কাঠগড়ায় ভোটের যন্ত্র

মধ্যবর্তী নির্বাচনের ফল নিয়ে এর আগেও একাধিক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, এই ফল আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় অধঃপতনের নজির

ভারতের পর এবার আমেরিকায় ‘ভোটচুরি’র অভিযোগ ট্রাম্পের, কাঠগড়ায় ভোটের যন্ত্র

Image: File Phot

ভোটে হারলেই ‘ভোটচুরি’র অভিযোগ। ভারতের রাজনীতিতে এই প্রবণতা নতুন নয়। লোকসভা হোক বা বিধানসভা – ভোটের ফল প্রকাশের পরেই নির্বাচন কমিশন, ইভিএম কিংবা ভোটার তালিকার বিরুদ্ধে কারচুপির অভিযোগ ওঠে। এবার সেই একই সুর শোনা যাচ্ছে বিশ্বের অন্য প্রান্তেও। কয়েকদিন আগে ইজরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভোটে কারচুপির অভিযোগ তুলেছিলেন। এবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রশ্ন তুললেন নির্বাচনের স্বচ্ছতা নিয়ে।

সম্প্রতি আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। সংসদের দুই কক্ষেই নিয়ন্ত্রণ হারিয়েছে তারা। প্রথমে অবশ্য এই ফল নিয়ে বিশেষ মাথা ঘামাতে চাননি ট্রাম্প। তাঁর দাবি ছিল, ব্যালটে তাঁর নাম ছিল না বলেই মানুষ রিপাবলিকানদের ভোট দেননি। কিন্তু কয়েকদিনের মধ্যেই সুর বদলে গেল। সোমবার নিজের সমাজ মাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ ট্রাম্প লেখেন, ‘আপনারা কি কেউ বিশ্বাস করেন যে এই নির্বাচন সৎভাবে হয়েছে ? আমার মনে হয়, এগুলি যন্ত্রের কারসাজি। ভোটারদের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটাই।’

আরও পড়ুন: চিনা গুপ্তচর-যোগের অভিযোগে জেনসেন হুয়াংয়ের পাশে ট্রাম্প, এনভিডিয়ার বিরুদ্ধে শেয়ারহোল্ডারদের মামলা

মধ্যবর্তী নির্বাচনের ফল নিয়ে এর আগেও একাধিক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, এই ফল আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় অধঃপতনের নজির। তাঁর আরও অভিযোগ, তাঁর নেতৃত্বে দ্রুত এগিয়ে চলা শেয়ারবাজারও একদিনে ৩ লক্ষ কোটি ডলারের ক্ষতির মুখে পড়েছে। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ফিরে আসার আশাও প্রকাশ করেছেন ট্রাম্প। যদিও মার্কিন সংবিধান অনুযায়ী, কোনও ব্যক্তি দু’বারের বেশি প্রেসিডেন্ট হতে পারেন না। ফলে তৃতীয়বার তাঁর হোয়াইট হাউসে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

ভোটে কারচুপির অভিযোগ অবশ্য ট্রাম্পের কাছে নতুন নয়। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে হারের পরেও ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ তুলেছিলেন তিনি। যদিও বিভিন্ন তদন্ত ও পর্যালোচনায় সেই অভিযোগের সপক্ষে কোনও প্রমাণ মেলেনি।

আরও পড়ুন: শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও এনআইডি দেবে না বাংলাদেশ, জানাল তারেক রহমানের সরকার

ইজরায়েলেও সম্প্রতি নির্বাচনের ফল ঘিরে একই ধরনের অভিযোগ উঠেছে। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর নেতানিয়াহু আরব দলগুলির বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগ করেছিলেন। ঘুষ, হিংসা, হুমকি, ছাপ্পা ভোট এবং ভুয়ো নথি ব্যবহারের অভিযোগও তুলেছিলেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলেও ব্যাপক ভোট কারচুপির কোনও সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভারতেও লোকসভা ও বিভিন্ন বিধানসভা নির্বাচনের পর ভোটার তালিকা এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ বিরোধী নেতারা। নির্বাচন কমিশন অবশ্য এই অভিযোগগুলি খারিজ করেছে। ফলে ভোটে হার বা প্রতিকূল ফলের পর নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার প্রবণতা যে শুধু ভারতের রাজনীতিতে সীমাবদ্ধ নেই, সাম্প্রতিক ঘটনাগুলি ফের তা সামনে আনল।

দেখুন: