দীপাবলির বাজিতে রাজধানী দিল্লি-সহ দেশের একাধিক শহরের বাতাস বিষিয়ে উঠেছে। দিল্লির পাশাপাশি হায়দরাবাদ ও মুম্বাইয়েও ঘন ধোঁয়ার চাদর। কোথাও বাতাসের গুণমান সূচক বা একিউআই ৪০০ ছাড়িয়ে পৌঁছেছে বিপজ্জনক স্তরে পৌঁছেছে। এই পরিস্থিতিতে দিল্লির দূষণের অন্যতম প্রধান কারণ হিসেবে যানবাহনের ধোঁয়াকে চিহ্নিত করে কড়া পদক্ষেপের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দিল্লি-সহ হরিয়ানা, উত্তরপ্রদেশ ও রাজস্থান – চার রাজ্যের কাছে দূষণ নিয়ন্ত্রণে তাদের পরিকল্পনা জানতে চেয়েছে শীর্ষ আদালত। পুরনো গাড়ি রাস্তা থেকে সরানো, দূষণ নিয়ন্ত্রণের শংসাপত্র পরীক্ষা এবং বাণিজ্যিক ও ব্যক্তিগত যানবাহনের চলাচলে নজরদারি কীভাবে করা হচ্ছে, তার বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। আগামী দু’সপ্তাহের মধ্যে এই রিপোর্ট আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার ডিভিশন বেঞ্চ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন, দিল্লি সরকার, দিল্লি ট্রাফিক পুলিশ এবং হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশ সরকারকে এই নির্দেশ দিয়েছে। আদালত জানতে চেয়েছে, দূষণ নিয়ন্ত্রণের শংসাপত্র বা পিইউসি ঠিকমতো পরীক্ষা করা হচ্ছে কি না, মেয়াদ ফুরনো পুরনো গাড়ি রাস্তায় নামা আটকাতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নিয়ম ভাঙলে কতগুলি গাড়িকে জরিমানা করা হচ্ছে বা রাজধানীতে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। দিল্লি ও প্রতিবেশী রাজ্যগুলির মধ্যে আন্তঃরাজ্য যান চলাচল নিয়ন্ত্রণে সমন্বয় কতটা, তাও জানাতে হবে শীর্ষ আদালতকে।
বাতাসের গুণমান ব্যবস্থাপনা কমিশন বা সিএকিউএম আদালতে জানিয়েছে, দিল্লি-এনসিআর অঞ্চলে বায়ুদূষণের সবচেয়ে বড় একক উৎস যানবাহনের ধোঁয়া। শীতকালে মোট দূষণের প্রায় ২৩ শতাংশ এবং গ্রীষ্মকালে ১৯ শতাংশের জন্য দায়ী যানবাহনের ধোঁয়া। আরও উদ্বেগের বিষয় হল, গত ২১ অক্টোবর থেকে ৩ নভেম্বরের মধ্যে দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও রাজস্থানে ফসলের গোড়া পোড়ানোর ঘটনা উল্লেখযোগ্যভাবে কমলেও যানবাহনের ধোঁয়া বেড়েছে। এই তথ্য সামনে আসার পরেই যানবাহন নিয়ন্ত্রণে রাজ্যগুলির পদক্ষেপ জানতে চেয়েছে আদালত।
আরও পড়ুন: দীপাবলির বাজিতে দগ্ধ ১৭৭, আহত শিশুদের নিয়েও উদ্বেগ চিকিৎসকদের
দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত স্বতঃপ্রণোদিত মামলার শুনানিতে রাজধানীর পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে শীর্ষ আদালত। আদালতের পর্যবেক্ষণ, একিউআই ইতিমধ্যেই ৪০০-র কাছাকাছি পৌঁছে গিয়েছে। প্রতিদিন বিপুল সংখ্যক গাড়ি থেকে বেরনো ধোঁয়া দিল্লির বাতাসকে বিষিয়ে তুলছে। দিল্লির বিভিন্ন রাস্তা এবং সংযোগকারী সড়কে কী ধরনের যানবাহন চলছে, তা খতিয়ে দেখার পরামর্শ দেন প্রধান বিচারপতি। দূষণের সবচেয়ে বেশি প্রভাব পড়ছে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের উপর। জীবিকার তাগিদে তাঁদের রাস্তায় বেরোতেই হয়, অথচ বিষাক্ত বাতাসে শ্বাস নেওয়া তাঁদের পক্ষে বিপজ্জনক হয়ে উঠছে।
এদিকে, দীপাবলির রাতে বাজি পোড়ানোর জেরে সোমবার সকালে দিল্লির দূষণ আরও ভয়াবহ চেহারা নেয়। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, সোমবার সকালে রাজধানীর সামগ্রিক একিউআই ছিল ৪৮৩। আইটিও এলাকায় ভোর ৪টে ২০ মিনিটে তা পৌঁছয় ৪০৬-এ। একাধিক এলাকায় সূচক ৪০০ ছাড়িয়ে যায়। দিল্লির পাশাপাশি নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম ও ফরিদাবাদেও দূষণের মাত্রা ছিল উদ্বেগজনক। দিল্লিতে দূষণ নিয়ন্ত্রণের তৃতীয় পর্যায়ের কড়াকড়ি চালু থাকলেও পরিস্থিতির উন্নতি হয়নি।
দীপাবলিতে বাজি পোড়ানোর সময়সীমা রাত ১০টা পর্যন্ত বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। ৯ নভেম্বর থেকে বাজির উপর ফের সম্পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথাও ছিল। কিন্তু অভিযোগ, সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও রাজধানীর বিভিন্ন এলাকায় দীর্ঘক্ষণ বাজি ফেটেছে। দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটির তথ্য অনুযায়ী, রবিবার রাত ১১টা নাগাদ অক্ষরধাম এলাকায় বাতাসে সূক্ষ্ম ধূলিকণা পিএম ২.৫-এর মাত্রা প্রতি ঘনমিটারে ৭৬০.৯৯ মাইক্রোগ্রামে পৌঁছেছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২৪ ঘণ্টার নিরাপদ সীমা প্রতি ঘনমিটারে ১৫ মাইক্রোগ্রাম। অর্থাৎ, ওই এলাকার বাতাসে পিএম ২.৫-এর মাত্রা ছিল সেই সীমার প্রায় ৫১ গুণ।
আরও পড়ুন: দেওয়ালিতে মধ্যপ্রদেশে আগুন, দুই পরিবারে আগুন পুড়ে মৃত্যু ১২, বাজির ঘটনায় মৃ্ত্যু আরও ৩৫
দিল্লির দূষণের পরিসংখ্যান নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কংগ্রেস ও আম আদমি পার্টির অভিযোগ, গুরুত্বপূর্ণ সময়ে একাধিক সরকারি পর্যবেক্ষণ কেন্দ্র থেকে দূষণের তথ্য পাওয়া যায়নি। কংগ্রেসের মুখপাত্র পবন খেরার দাবি, রাত ২টো থেকে ৩টের মধ্যে দিল্লির ৩৯টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ২৫টি থেকে পিএম ২.৫-এর তথ্য মেলেনি। আপ নেতা সৌরভ ভরদ্বাজের দাবি, দীপাবলির রাতে দিল্লির কয়েকটি এলাকায় একিউআই ৩ হাজার ছাড়িয়ে গিয়েছিল। তবে এই সংখ্যা সরকারি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের হিসাব নয়। বিজেপি পাল্টা অভিযোগ করেছে, বিরোধীরা দূষণকে কেন্দ্র করে রাজনীতি করছে।
দিল্লির বাইরেও ছবিটা স্বস্তির নয়। দীপাবলির রাতে হায়দরাবাদের একাধিক এলাকায় রাত গভীর পর্যন্ত বাজি পোড়ানো হয়েছে। এক পর্যবেক্ষণ অনুযায়ী, রাত সাড়ে ৯টা নাগাদ শহরের গড় একিউআই ছিল ৫০৯। রবি কলোনি এলাকায় তা ৯৯৫-এ পৌঁছেছিল। রাত সাড়ে ১১টার দিকে গড় সূচক কিছুটা কমে ৪৪২ হয়। সোমবার সকালে কয়েকটি এলাকায় ধোঁয়াশা দেখা যায়।
মুম্বাইয়ের কালানগর ও বান্দ্রাতেও ঘন ধোঁয়াশার ছবি সামনে এসেছে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৭টায় খেরওয়াড়ি-বান্দ্রায় একিউআই ছিল ২৬৪, সেওয়ারিতে ২২৪ এবং ঘাটকোপারে ২২১। সব মিলিয়ে উৎসবের রাতে বাজির ধোঁয়া যেমন পরিস্থিতি আরও খারাপ করেছে, তেমনই দিল্লি-এনসিআরে যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তা ফের সামনে এনেছে সুপ্রিম কোর্টের নির্দেশ।
দেখুন:




