• facebook
  • twitter
  • youtube
Friday, 6 November, 2026

এখনও জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন পৃথ্বী শ, ‘মনের মধ্যে সব সময়ই একটা ভাবনা থাকে’

বাংলার বিরুদ্ধে এই জয় মহারাষ্ট্রের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলেও মনে করেন পৃথ্বী। ইডেনের উইকেটে পেসারদের জন্য যথেষ্ট সাহায্য ছিল

এখনও জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন পৃথ্বী শ, ‘মনের মধ্যে সব সময়ই একটা ভাবনা থাকে’

Image: X

ভারতীয় দলে প্রত্যাবর্তনের স্বপ্ন কি এখনও দেখেন পৃথ্বী শ (Prithvi Shaw)? উত্তর দিতে এক মুহূর্তও সময় নিলেন না মহারাষ্ট্রের ওপেনার। জানিয়ে দিলেন, সেই ভাবনা সব সময়ই তাঁর মনের পিছনে কাজ করে। তবে ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করতে নারাজ তিনি। আপাতত লক্ষ্য, ঘরোয়া ক্রিকেটে রান করা, ম্যাচ জেতা এবং নিজের অনুশীলনে মন দেওয়া।

বৃহস্পতিবার ইডেনে রঞ্জি ট্রফির ম্যাচে বাংলাকে ১০ উইকেটে হারিয়েছে মহারাষ্ট্র। সেই ম্যাচের পর ইডেনের ক্লাব হাউজে বসে পৃথ্বী (Prithvi Shaw)বলেন, ‘মনের মধ্যে সব সময়ই একটা ভাবনা কাজ করে। কিন্তু এত দিনে যা অভিজ্ঞতা হয়েছে, তাতে বুঝেছি, অনেক দূরের কথা ভেবে লাভ নেই। যেমন এখন আপনাদের সাক্ষাৎকার দিচ্ছি। এর পরে হোটেলে ফিরে ভাবব, কী করব। এর বেশি কিছু ভাবি না। শুধু ম্যাচ জিততে হবে, ভাল অনুশীলন করতে হবে এবং ঠিকমতো খাওয়াদাওয়া করতে হবে, এসবই ভাবি।’

ভারতের হয়ে শেষ বার ২০২১ সালে খেলেছিলেন ২৬ বছরের এই ওপেনার। তার পর থেকে জাতীয় দলের দরজা তাঁর জন্য বন্ধ। ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরম্যান্স করে আবার নির্বাচকদের নজরে আসাই এখন তাঁর প্রধান লক্ষ্য। কিন্তু চলতি রঞ্জি মরসুমে এখনও পর্যন্ত সাত ইনিংসে দু’টি অর্ধশতরান করেছেন তিনি। সর্বোচ্চ ৭০, মহারাষ্ট্রের প্রথম ম্যাচে দিল্লির বিরুদ্ধে। তার পরের পাঁচ ইনিংসে রান যথাক্রমে ৭, ২১, ০, ১৭ এবং ১২।

আরও পড়ুন: জাপানকে উড়িয়ে এশিয়ার সিংহাসনে বসতে কোন নজির গড়ল ভারত?

তবে নিজের ব্যাটিং নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন পৃথ্বী (Prithvi Shaw)। তাঁর মতে, ব্যাটিংয়ে বড় কোনও সমস্যা নেই। প্রয়োজন শুধু একটি বড় ইনিংসের। পৃথ্বীর কথায়, ‘কখনও কিছু ইনিংস খারাপ যাবে, কখনও ভাল হবে। আউট হওয়ার পরে খুব বেশি চিন্তা করি না। কারণ, কয়েকটি ক্ষেত্রে ভাল বল ছিল, আবার কয়েক বার নিজের স্বাভাবিক শট খেলতে গিয়েও আউট হয়েছি। আমার মনে হয়, এই ইনিংসগুলিতে শুরুটা খারাপ হচ্ছে না। ব্যাটিংও ভাল হচ্ছে, কোনও কিছু ভুল হচ্ছে না। শুধু একটা ইনিংসের অপেক্ষা।’

বাংলার বিরুদ্ধে এই জয় মহারাষ্ট্রের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলেও মনে করেন পৃথ্বী (Prithvi Shaw)। ইডেনের উইকেটে পেসারদের জন্য যথেষ্ট সাহায্য ছিল। প্রথম ইনিংসে দুই দলের ব্যাটারদেরই সমস্যায় পড়তে হয়েছে। মহারাষ্ট্রের বোলারদের কৃতিত্ব দিয়ে পৃথ্বী বলেন, ‘আমি জানি, এই উইকেটে ব্যাটিং করা কঠিন ছিল। তবে প্রথম ইনিংসে আমাদের বোলাররা ব্যাট হাতেও ভাল কাজ করেছে। দুই দলই ভাল লড়াই করেছে। উইকেট দেখতে ভাল হলেও পেসারদের জন্য যথেষ্ট সাহায্য ছিল। প্রথম ইনিংসে ম্যাচটা প্রায় সমানে সমানে ছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে যখন বাংলার তিন উইকেট ২৫ রানের মধ্যে পড়ে যায়, তখন আমাদের বিশ্বাস জন্মায় যে এই ম্যাচ জিততে পারব।’

ইডেনের পেস সহায়ক উইকেটে বাংলার অভিজ্ঞ ভারতীয় পেসার মহম্মদ শামিকে সামলানোও যে সহজ ছিল না, তা স্বীকার করেছেন পৃথ্বী (Prithvi Shaw)। শামির বোলিংয়ে এখনও কোনও ভাটা পড়েনি বলেই মনে করেন তিনি।

আরও পড়ুন: পাক-বধে সাফ অভিযান শুরু ভারতের, জোড়া গোল সুহেলের, শেষ মুহূর্তে অস্বস্তি

পৃথ্বী (Prithvi Shaw) বলেন, ‘শামি ভাই এখনও আগের মতোই বল করছে। কোনও পরিবর্তন হয়নি। এখনও যথেষ্ট জোরে বল করে। স্বাভাবিক ভাবেই মাথায় ছিল যে, শামি ভাই ভারতের হয়ে এত দিন খেলেছেন। আমাদের ব্যাটাররাও জানে, সে বিশ্বের অন্যতম সেরা বোলার। এই ধরনের পরিবেশে, এমন উইকেটে শামির মুখোমুখি হওয়া খুব কঠিন।’ পৃথ্বী আরও বলেন, ‘শামি ভাইকে কী ভাবে ভাল খেলব, সেটাও মাথায় ছিল। কারণ, আমার মনে হয়, এই ধরনের উইকেটে ও-ই বাংলার প্রধান অস্ত্র’।

গত মরসুমে মুাম্বই ছেড়ে মহারাষ্ট্রে যোগ দিয়েছিলেন পৃথ্বী (Prithvi Shaw)। নতুন দলের পরিবেশেও যে তিনি যথেষ্ট স্বচ্ছন্দ, তা বুঝিয়ে দিয়েছেন। তাঁর কথায়, ‘এটা আমার কাছে খুব ভাল একটা সময়। মুম্বই আর পুণে তো খুব বেশি দূরে নয়। দেড় থেকে দু’ঘণ্টার রাস্তা। রুতুরাজ গায়কোয়াড়, অঙ্কিত বাওনের মতো অনেক ক্রিকেটারকে চিনি। ওদের সঙ্গে আগেও খেলেছি। সম্পর্কও খুব ভাল। তাই কখনও মনে হয়নি, অনেক দূরে চলে এসেছি। ওখানে আমি খুব স্বচ্ছন্দ এবং বেশ উপভোগ করছি।’

বাংলার বিরুদ্ধে জয় পৃথ্বীদের (Prithvi Shaw) কাছে স্বস্তির। কিন্তু পৃথ্বীর ব্যক্তিগত লড়াইটা আরও বড়। জাতীয় দলের দরজায় আবার কড়া নাড়তে হলে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক রান করতেই হবে তাঁকে। আপাতত সেই লক্ষ্যেই এগোতে চান তিনি। স্বপ্নটা মনের মধ্যে থাক, মাঠে আপাতত ব্যাটই কথা বলুক—এটাই পৃথ্বীর দর্শন।

দেখুন: