দীর্ঘদিন বাসভাড়া না বাড়ায় আর্থিক সংকটে বেসরকারি পরিবহণ শিল্প। ডিজেলের দাম বৃদ্ধি, বাসের রক্ষণাবেক্ষণ-সহ একাধিক খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন মালিকেরা। এই পরিস্থিতিতে দুর্গাপুজোর পর ফের বাসভাড়া বাড়ানোর দাবি জানিয়ে পরিবহণমন্ত্রীর দ্বারস্থ হলেন বেসরকারি বাস মালিক সংগঠনের প্রতিনিধিরা। তাঁদের তরফে নতুন ভাড়ার কাঠামোও জমা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর পরিবহণমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন বাস মালিকেরা। সেই সময় পুজোর পর বাসভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছিলেন মন্ত্রী। সেই আশ্বাসের কথা মনে করিয়েই ফের ভাড়া বৃদ্ধির প্রস্তাব জমা দিয়েছেন তাঁরা।
প্রস্তাব অনুযায়ী, কলকাতা ও সংলগ্ন এলাকায় সাধারণ বাসের ন্যূনতম ভাড়া ১৮ টাকা করার দাবি জানানো হয়েছে। প্রথম ৪ কিলোমিটারের জন্য এই ভাড়া ধার্য করার প্রস্তাব। ৪ থেকে ৬ কিলোমিটারে ২০ টাকা, ৬ থেকে ৮ কিলোমিটারে ২২ টাকা এবং ৮ থেকে ১২ কিলোমিটারে ২৪ টাকা ভাড়া চাওয়া হয়েছে।
এ ছাড়া ১২ থেকে ১৬ কিলোমিটারে ২৬ টাকা, ১৬ থেকে ২০ কিলোমিটারে ২৮ টাকা এবং ২০ থেকে ২২ কিলোমিটারে ৩০ টাকা ভাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
জেলার সাধারণ বাসের ক্ষেত্রে প্রথম ৪ কিলোমিটারে ন্যূনতম ২০ টাকা ভাড়া করার দাবি উঠেছে। পরবর্তী প্রতি কিলোমিটারে ১ টাকা ২০ পয়সা করে ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে, জেলার এক্সপ্রেস বাসের ক্ষেত্রে প্রথম ৪ কিলোমিটারে ২৫ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটারে ১ টাকা ৫০ পয়সা ভাড়া নির্ধারণের আবেদন জানিয়েছেন মালিকেরা।
বাস মালিকদের দাবি, ২০১৮ সালের পর থেকে রাজ্যে সরকারি ভাবে বাসভাড়া বাড়েনি। অথচ, এই সময়ে ডিজেলের দাম এবং বাস চালানোর আনুষঙ্গিক খরচ অনেকটাই বেড়েছে। লোকসানের বোঝা সামলাতে না পেরে একের পর এক বাস রাস্তা থেকে তুলে নিতে বাধ্য হচ্ছেন মালিকেরা। এর প্রভাব পড়ছে সাধারণ যাত্রীদের উপরেও।
উল্লেখ্য, বাসভাড়া বৃদ্ধির দাবিতে দুর্গাপুজোর আগেই পরিবহণমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন বাস মালিক সংগঠনগুলি। পুজোর পর বিষয়টি নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস মিলেছিল বলে তাঁদের দাবি। সেই প্রতিশ্রুতির কথা মনে করিয়েই ফের ভাড়া পুনর্নির্ধারণের আর্জি জানানো হয়েছে। তবে এ বিষয়ে রাজ্য সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও সামনে আসেনি।




