• facebook
  • twitter
  • youtube
Friday, 30 October, 2026

গম্ভীরকে পেতে উঠেপড়ে লেগেছে কেকেআর-সহ চার আইপিএল দল, কথা হয়েছে এক পক্ষের সঙ্গে!

ভারতীয় দলের কোচ হিসেবেও সাদা বলের ক্রিকেটে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন গম্ভীর। তাঁর কোচিংয়ে ভারত ২০২৬ সালের টি-টোয়েন্টি

গম্ভীরকে পেতে উঠেপড়ে লেগেছে কেকেআর-সহ চার আইপিএল দল, কথা হয়েছে এক পক্ষের সঙ্গে!

Gautam Gambhir Photo-SNS

ভারতীয় দলের ডাগআউটে এখন গৌতম গম্ভীর। কিন্তু ২০২৭ বিশ্বকাপের পর তাঁকে ঘিরে আইপিএলে শুরু হয়ে যেতে পারে নতুন লড়াই। ২০২৮ আইপিএলে গম্ভীরকে মেন্টর বা কোচ হিসেবে পেতে আগ্রহী চারটি ফ্র্যাঞ্চাইজি। তাঁদের মধ্যে রয়েছে তাঁর পুরনো দল কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। একটি দলের সঙ্গে গম্ভীরের প্রাথমিক কথাবার্তাও হয়েছে বলে খবর। তবে এখনই কাউকে কোনও প্রতিশ্রুতি দেননি ভারতীয় দলের প্রধান কোচ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৮ আইপিএলকে সামনে রেখে গম্ভীরকে নিজেদের কোচিং কাঠামোয় যুক্ত করতে চাইছে চারটি দল। তাঁর সঙ্গে মেন্টর হিসেবে কাজ করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। গম্ভীরের বর্তমান চুক্তি অনুযায়ী, ২০২৭ এক দিনের বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের দায়িত্বে থাকার কথা তাঁর। ফলে তার আগে আইপিএলে ফেরার সম্ভাবনা কার্যত নেই।

তবে বিশ্বকাপের পরেও গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স পর্যন্ত তাঁর চুক্তির মেয়াদ বাড়াতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সে ক্ষেত্রে আইপিএলের দলগুলিকে আরও অপেক্ষা করতে হতে পারে। জাতীয় দলের কোচের দায়িত্বে থাকাকালীন কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে একই সময়ে কাজ করাও সম্ভব না।

গম্ভীরকে পেতে আগ্রহী দলগুলির মধ্যে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। অধিনায়ক হিসেবে ২০১২ এবং ২০১৪ সালে কলকাতাকে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। ২০২৪ সালে মেন্টর হিসেবে ফিরে এসে আরও এক বার দলকে ট্রফি জেতান। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে সে বার ১০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে তৃতীয় বার আইপিএল জেতে কেকেআর।

রাজস্থান রয়্যালসও গম্ভীরকে পেতে আগ্রহী। সূত্রের খবর, রাজস্থান কর্তৃপক্ষের সঙ্গে গম্ভীরের শিবিরের প্রাথমিক আলোচনা হয়েছে। তবে সেই কথাবার্তা কোনও চুক্তির দিকে এগিয়েছে কি না, তা স্পষ্ট নয়। কেকেআর ও রাজস্থান ছাড়াও আরও দু’টি দল তাঁর সঙ্গে যোগাযোগ করেছে বলে খবর। তাদের মধ্যে একটি আইপিএলের সফলতম দলগুলির অন্যতম, অন্যটি এখনও প্রথম আইপিএল ট্রফির অপেক্ষায়। বাকি দুই ফ্র্যাঞ্চাইজির নাম অবশ্য প্রকাশ্যে আসেনি।

আইপিএলে মেন্টর হিসেবে গম্ভীরের সাফল্যই তাঁকে ঘিরে আগ্রহের অন্যতম কারণ। ২০২২ ও ২০২৩ সালে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন তিনি। দু’বারই প্রতিযোগিতার প্লে-অফে পৌঁছেছিল লখনউ। তার পর কলকাতায় ফিরে ২০২৪ সালে কেকেআরকে চ্যাম্পিয়ন করেন গম্ভীর। দলের কৌশল, ক্রিকেটারদের ব্যবহার এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা প্রশংসা পেয়েছিল তাঁর।

ভারতীয় দলের কোচ হিসেবেও সাদা বলের ক্রিকেটে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন গম্ভীর। তাঁর কোচিংয়ে ভারত ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এশিয়া কাপ জিতেছে। এ ছাড়াও দ্বিপাক্ষিক সিরিজ়ে দলের পারফরম্যান্স ফ্র্যাঞ্চাইজিগুলির আগ্রহ বাড়িয়েছে।

তবে আপাতত আইপিএল নিয়ে ভাবতে রাজি নন গম্ভীর। তাঁর নজর ভারতীয় দলের দায়িত্বেই। সূত্রের খবর, আগ্রহ দেখানো কোনও দলকেই এখনই কথা দেননি তিনি। উপযুক্ত সময়ে এ নিয়ে আলোচনা করতে চান। ফলে ২০২৮ সালের আইপিএলে গম্ভীরের প্রত্যাবর্তন হবে কি না, তা নির্ভর করছে বিশ্বকাপের পর তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিসিসিআইয়ের সিদ্ধান্তের উপর।