• facebook
  • twitter
  • youtube
Thursday, 29 October, 2026

হাত মেলালেন না স্মৃতি-হরমনপ্রীত! জিম্বাবোয়ে সিরিজ জয়ের উৎসবেও অস্বস্তি, ভারতীয় ড্রেসিংরুমে কি ফাটল?

সিরিজের শেষ ম্যাচেও ভারত দাপট দেখিয়েছে। জিম্বাবোয়ে ১৩১ রানে অলআউট হয়ে যায়। বৈষ্ণবী শর্মা পাঁচ উইকেট নেন। রান তাড়া

হাত মেলালেন না স্মৃতি-হরমনপ্রীত! জিম্বাবোয়ে সিরিজ জয়ের উৎসবেও অস্বস্তি, ভারতীয় ড্রেসিংরুমে কি ফাটল?

Smriti-Harmanpreet Photo-SNS

জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের সিরিজ জয়ের আনন্দের মাঝেও নজর কাড়ল কয়েক সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ। মুখোমুখি হয়েও হাত মেলালেন না স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীত কৌর!

জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ৩-০ জয়ের পরে ভারতীয় দলের দুই তারকার এই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নতুন জল্পনা। তা হলে কি ভারতের মহিলা ক্রিকেট দলের অন্দরমহলে ফাটল দেখা দিয়েছে? অধিনায়কত্বে হাতবদল কি প্রভাব ফেলেছে বহুদিনের দুই সতীর্থের সম্পর্কে?

একটি ভিডিও ক্লিপ দেখে অবশ্য কোনও সিদ্ধান্তে পৌঁছনো ঠিক হবে না। দুই ক্রিকেটারের মধ্যে সত্যিই কোনও বিবাদ রয়েছে, এমন নিশ্চিত প্রমাণ নেই। স্মৃতি বা হরমনপ্রীত— কেউই এই ঘটনা নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্যও করেননি। ফলে জল্পনা আরো বেড়েছে।

 

কী দেখা গিয়েছে ভাইরাল ভিডিওয়?

জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে আট উইকেটে জিতে সিরিজে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে ভারত। ম্যাচের পরে ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছিলেন। সেই সময় হরমনপ্রীতকে স্মৃতির দিকে এগিয়ে যেতে দেখা যায়। কিন্তু স্মৃতির দৃষ্টি তখন অন্য দিকে ছিল বলে মনে হয়। ফলে দু’জনের মধ্যে প্রথামাফিক করমর্দন হয়নি।

ঘটনাটি কয়েক সেকেন্ডের। কিন্তু ভারতীয় মহিলা দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ঘিরে এমন দৃশ্য সামনে আসতেই নানা প্রশ্ন উঠতে শুরু করে। বিশেষ করে সম্প্রতি অধিনায়কত্বের পরিবর্তন হওয়ায় এই ঘটনাকে কেন্দ্র করে জল্পনা আরও বেড়েছে।

অধিনায়কত্ব বদলই কারণ?

হরমনপ্রীত দীর্ঘদিন ভারতীয় দলের অধিনায়কত্ব করার পর সম্প্রতি ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্ব স্মৃতির হাতে এসেছে। তার আগে নেতৃত্বের এই পরিবর্তনের পর থেকেই দুই ক্রিকেটারের সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।

সংবাদমাধ্যমের একাংশে দুই ক্রিকেটারের মধ্যে মতপার্থক্যের ইঙ্গিতও দেওয়া হয়েছিল। অধিনায়কত্বের পরিবর্তন সেই জল্পনাকে আরও উস্কে দেয়। তবে এই দাবিগুলির কোনওটিই দুই ক্রিকেটারের তরফে প্রকাশ্যে নিশ্চিত করা হয়নি।

তাই একটি করমর্দন না হওয়ার ঘটনাকে বিবাদের প্রমাণ হিসাবে দেখানো যায় কি না, সেই প্রশ্ন থেকেই যায়। ম্যাচের পরে ক্রিকেটারদের চলাফেরার মধ্যে অনিচ্ছাকৃত ভাবেও এমন ঘটনা ঘটতে পারে বলে অনেকের ধারণা।

হরমনপ্রীতের শতরানে স্মৃতির হাততালি

দুই ক্রিকেটারের সম্পর্ক নিয়ে এমন নেতিবাচক জল্পনার মাঝেই এও মনে রাখা দরকার যে, জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে হরমনপ্রীতের দুরন্ত সেঞ্চুরির সময় স্মৃতিকে হাততালি দিতেও দেখা গিয়েছিল। সেই ম্যাচে ১২১ বলে ১২৬ রান করেন হরমনপ্রীত। তাঁর ইনিংস ভারতকে বড় রান তুলতে সাহায্য করে।

সিরিজের শেষ ম্যাচেও ভারত দাপট দেখিয়েছে। জিম্বাবোয়ে ১৩১ রানে অলআউট হয়ে যায়। বৈষ্ণবী শর্মা পাঁচ উইকেট নেন। রান তাড়া করতে নেমে প্রতিকা রাওয়াল অপরাজিত ৫৯ এবং শেফালি বর্মা অপরাজিত ৫১ রান করে ভারতকে আট উইকেটে জয় এনে দেন।

ভারতীয় মহিলা দলের পরবর্তী গুরুত্বপূর্ণ সফর দক্ষিণ আফ্রিকায়। সেখানে একটি টেস্ট, তিনটি এক ওয়ান ডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারতের মহিলা দল। তার আগে দুই তারকার করমর্দন ঘিরে এই জল্পনা কতটা বাস্তব, তা স্পষ্ট নয়। আপাতত যা নিশ্চিত, তা হল মাঠে ভারতের দাপট। দুই তারকার সম্পর্কে অবনতি হওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনোর মতো নির্ভরযোগ্য তথ্য এখনও সামনে আসেনি।