• facebook
  • twitter
  • youtube
Thursday, 29 October, 2026

‘রায়গঞ্জে এইমস গড়ার প্রস্তাব পাঠাব কেন্দ্রে’, উত্তরবঙ্গ থেকে বড় প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

এদিন উত্তর দিনাজপুরের রায়গঞ্জে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কর্ণজোড়া এলাকায় তিস্তা ময়দানে জনপরিষেবা

‘রায়গঞ্জে এইমস গড়ার প্রস্তাব পাঠাব কেন্দ্রে’, উত্তরবঙ্গ থেকে বড় প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

CM Suvendu Adhikari Photo-SNS

এইমস হাসপাতাল কি এবার উত্তরবঙ্গের জেলাতেও হবে? বদলের পশ্চিমবঙ্গে এই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ রায়গঞ্জের মাটিতেই এইমস হাসপাতাল গড়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত এপ্রিলে উত্তরবঙ্গে ভোটপ্রচারে এসে এইমস গড়ার প্রতিশ্রুতি-সহ স্বাস্থ্য পরিষেবা ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার রাজ্যে বিজেপি সরকার গঠনের পর রায়গঞ্জে প্রশাসনিক বৈঠক করে উত্তর দিনাজপুরে এইমস তৈরির কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জলপাইগুড়িতে পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল তৈরি হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

দক্ষিণবঙ্গের কল্যাণীতে এইমস গড়ে উঠেছে। তাহলে উত্তরবঙ্গে হবে না কেন? এই প্রশ্ন আগেই উঠেছিল। বিধানসভা নির্বাচনে জয়ের পর ধন্যবাদ জ্ঞাপন করতে উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘২০০৯ সাল থেকে বিজেপিকে পাহাড়-সহ উত্তরবঙ্গ জায়গা দিয়েছে। এবার উন্নয়নের মাধ্যমে সেই ঋণ শোধ করব।’ আগের দেওয়া প্রতিশ্রুতি পূরণের ধাপ হিসেবেই বৃহস্পতিবার রায়গঞ্জের প্রশাসনিক সভা থেকে এইমস গড়ার কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। শীঘ্রই কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি। এমনকী উত্তরবঙ্গের মানুষের সুবিধায় জলপাইগুড়িতেই সম্পূর্ণ ক্যানসার হাসপাতাল গড়ার ঘোষণাও করেছেন তিনি। তাই মুখ্যমন্ত্রী বলেন, ‘পশ্চিমবঙ্গ সরকার ঠিক করেছে রায়গঞ্জের দিকনগরে এইমস তৈরির প্রস্তাব পাঠাবে কেন্দ্রীয় সরকারকে।’

এদিন উত্তর দিনাজপুরের রায়গঞ্জে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কর্ণজোড়া এলাকায় তিস্তা ময়দানে জনপরিষেবা প্রদান কর্মসূচি ছিল তাঁর। ওই সভা থেকেই উত্তরবঙ্গের উন্নয়ন ও স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজানোর জন্য একগুচ্ছ ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্রের কাছে এইমস গড়ার প্রস্তাব পাঠানো হবে। সব কাজ হয়ে গেলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে দিকনগরে ভূমি পুজো অনুষ্ঠানে আসব। হাসপাতালগুলিকে ঢেলে সাজাব। জলপাইগুড়িকে নিরাশ করব না। ওখানে পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল তৈরি হবে।’ উত্তরবঙ্গে ইতিমধ্যেই একাধিক ট্রমা অ্যাম্বুল্যান্স, প্যাথলজি সেন্টার, প্রধানমন্ত্রী জন ওষুধি থেকে অমৃত যোজনার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

তাছাড়া শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন, প্রশাসনিক বৈঠকে ৩০টি কর্মসূচি নেওয়া হয়েছে। ৮৩টি কর্মসূচির শিলান্যাস করা হয়েছে। উত্তর দিনাজপুর জেলার হাসপাতালগুলির পরিকাঠামোর উন্নতি, স্মার্ট স্কুল তৈরির পরিকল্পনা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘হাসপাতালগুলির চেহারা বদলে দেব। ইতিমধ্যেই ১০টি ট্রমা অ্যাম্বুল্যান্স, প্যাথলজি সেন্টার, প্রধানমন্ত্রী জন ওষুধি থেকে অমৃত যোজনার ব্যবস্থা করা হয়েছে। ৭.৯১৬১ একর জমি বিএসএফকে দেওয়া হয়েছে। শরনার্থীদের সিএএ দেব। যাঁরা অনুপ্রবেশকারী তাঁদের ঘাড়ধাক্কা দিন। খবর দিন পুলিশ এবং বিএসএফকে। এখানে রাখব না। সোজা ব্যাক টু প্যাভিলিয়ন। যে রাস্তা দিয়ে এসেছে সেখানে পাঠাব।’