• facebook
  • twitter
  • youtube
Thursday, 29 October, 2026

ভারতে ২ গিগাওয়াট ক্ষমতার এআই-উপযোগী ডেটা সেন্টার গড়বে টিসিজি

টিসিজি-র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান পূর্ণেন্দু চ্যাটার্জি জানান, বুদ্ধিমত্তার যুগে কম্পিউটিং পরিকাঠামো অর্থনৈতিক বৃদ্ধি, প্রযুক্তিগত উদ্ভাবন ও বৈজ্ঞানিক অগ্রগতির অন্যতম ভিত্তি হয়ে উঠবে। কর্টেক্স ডিসি-র মাধ্যমে সেই ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় ডিজিটাল পরিকাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

ভারতে ২ গিগাওয়াট ক্ষমতার এআই-উপযোগী ডেটা সেন্টার গড়বে টিসিজি

প্রতীকী চিত্র

কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে ২ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করেছে দ্য চ্যাটার্জি গ্রুপের সংস্থা কর্টেক্স ডিসি। নির্মাণকাজ শুরুর ১৮ মাসের মধ্যে প্রথম ডেটা সেন্টার চালুর জন্য প্রস্তুত করার লক্ষ্যমাত্রা নিয়েছে সংস্থাটি। পাশাপাশি, মোট বিদ্যুতের ৫১ শতাংশ পরিবেশবান্ধব শক্তির উৎস থেকে সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

২২ অক্টোবর সংস্থার তরফে জানানো হয়েছে, জমি নির্বাচন, বিদ্যুৎ সংযোগ এবং সহযোগী সংস্থাগুলির সঙ্গে কাজের ক্ষেত্রে ইতিমধ্যেই উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। হাইপারস্কেলার, ক্লাউড পরিষেবা প্রদানকারী এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা সংস্থাগুলির চাহিদা পূরণে এই পরিকাঠামো গড়ে তোলা হবে।

টিসিজি-র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান পূর্ণেন্দু চ্যাটার্জি জানান, বুদ্ধিমত্তার যুগে কম্পিউটিং পরিকাঠামো অর্থনৈতিক বৃদ্ধি, প্রযুক্তিগত উদ্ভাবন ও বৈজ্ঞানিক অগ্রগতির অন্যতম ভিত্তি হয়ে উঠবে। কর্টেক্স ডিসি-র মাধ্যমে সেই ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় ডিজিটাল পরিকাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের মুনাফা ১৯৬ শতাংশ বৃদ্ধি

সংস্থার প্রধান কার্যনির্বাহী আধিকারিক রাহুল শর্মার দাবি, দেশীয় ও আন্তর্জাতিক গ্রাহকদের চাহিদা অনুযায়ী নির্ভরযোগ্য পরিষেবা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং উন্নত সংযোগ ব্যবস্থা নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য। বৃহৎ প্রকল্প বাস্তবায়নে টিসিজি-র অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দ্রুত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সংস্থার।