• facebook
  • twitter
  • youtube
Thursday, 29 October, 2026

বড়বাজারে জাল নোট তৈরির চক্রের হদিস, গ্রেফতার ৪

কলকাতার বড়বাজারে জাল নোট কারবারি সন্দেহে চারজনকে গ্রেফতার করল পুলিশ। স্ট্র্যান্ড রোড ও মিরবাহার ঘাট স্ট্রিটের সংযোগস্থলের কাছে দুই ব্যক্তি

বড়বাজারে জাল নোট তৈরির চক্রের হদিস, গ্রেফতার ৪

কলকাতার বড়বাজারে জাল নোট কারবারি সন্দেহে চারজনকে গ্রেফতার করল পুলিশ। স্ট্র্যান্ড রোড ও মিরবাহার ঘাট স্ট্রিটের সংযোগস্থলের কাছে দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাঁদের আটক করা হয়।

তল্লাশিতে উদ্ধার হয় চারটি সন্দেহজনক বান্ডিল। সেগুলিতে ২০ লক্ষ টাকার উল্লেখ থাকলেও আসল নোটের পরিমাণ ছিল মাত্র ৪,০০০ টাকা।

ধৃতদের নাম বিজয়পাল তানওয়ার ওরফে অরবিন্দ (২৩) এবং শিবা থাপা (২৪)। বিজয়পালের ব্যাগ থেকে বান্ডিলগুলি উদ্ধার হয়।

প্রতিটি বান্ডিলের উপরে ও নীচে একটি করে আসল ৫০০ টাকার নোট রাখা ছিল। মাঝখানে ছিল নোটের আকারে কাটা ৯৯৮টি সাদা কাগজের টুকরো। সেগুলিতে ICICI Bank-এর নাম-সহ ৫ লক্ষ টাকার উল্লেখ করা লেবেল লাগানো ছিল বলে পুলিশ সূত্রে খবর।

ঘটনায় বড়বাজার থানায় ১৭১/২০২৬ নম্বর মামলা রুজু হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় তদন্ত শুরু করেছে পুলিশ।

তদন্তে ধৃতদের বয়ানের ভিত্তিতে হাওড়া থেকে আরও দু’জনকে গ্রেফতার করা হয়। তাঁদের নাম সুনীল কুমার বর্মা (৪৭) এবং গোপাল গুজ্জর (২৪)।

তাঁদের কাছ থেকে একটি প্রিন্টার, পেপার-রিম কাটার, JK Excel Super White Bond Paper-এর দু’টি বাক্স, একটি সেলোটেপ মেশিন, দু’টি কাঁচি এবং কালি কার্টিজ উদ্ধার হয়েছে।

পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত সামগ্রী থানার মালখানায় রাখা হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।