মোহনবাগান সুপার জায়ান্টের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া চলছে অনবরত। সমর্থক থেকে শুরু করে কোচ, কেউই খুশি নন সবুজ-মেরুন বাহিনীর ফুটবলারদের খেলায়। আইএসএলে ঘরের মাঠে চেন্নাইন এফসির বিরুদ্ধে ১-০ জয় সত্ত্বেও অসন্তুষ্ট অনেকেই। কোচ নিজেও সে কথা চেপে রাখেননি। সাংবাদিক বৈঠকে অসন্তোষের কথা প্রকাশ করেছেন নিঃসঙ্কোচে।
এই আবহেই বুধবার সবুজ-মেরুন তাঁবুতে আইএফএ শিল্ড জয় উদযাপন করা হল পতাকা উত্তোলন করে। এই অনুষ্ঠানে ছিলেন কোচ প্যানায়োতিস দিমপেরিস, অধিনায়ক শুভাশিস বসু এবং স্ট্রাইকার সুহেল ভাট। এছাড়াও উপস্থিত ছিলেন সভাপতি দেবাশিস দত্ত, সচিব সৃঞ্জয় বোস ও প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য।
অনুষ্ঠানে আসার কথা থাকলেও দেখা যায়নি জেমি ম্যাকলারেনকে। পতাকা উত্তোলন শেষে কোচ, ফুটবলারদের হাতে মিষ্টির হাঁড়ি তুলে দেন ক্লাবের শীর্ষকর্তারা। কাজের দিনেও শিল্ড দেখতে ক্লাব তাঁবুতে বেশকিছু সমর্থক ভিড় জমিয়েছিলেন। কোচ, ফুটবলারদের দেখে যারা বেশ উচ্ছাস প্রকাশ করে। গ্রিক কোচ দিম্পেরিসও হাতজোড় করে সবার অভিবাদন গ্রহণ করেন।
শিল্ড জয়ের সাফল্য উদযাপনের অনুষ্ঠান হলেও এই মঞ্চ থেকেই দলের উদ্দেশ্যে বার্তা দেন মোহনবাগান ক্লাবের দুই শীর্ষকর্তা। সভাপতি দেবাশিস দত্ত বলেন, ‘ম্যানেজমেন্ট দলের পাশে আছে। আইএসএল দীর্ঘ লিগ। সবুজ-মেরুন ব্রিগেডকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা অনেক’। প্রায় একই সুর সচিব সৃঞ্জয় বোসের গলাতেও। তিনি বলেন, ‘দীর্ঘ লিগে ওঠাপড়া থাকবেই। তবে, নিজেদের উপর বিশ্বাস রাখতেই হবে’।

কর্তাদের এমন সমর্থন পেয়ে আপ্লুত কোচ দিমপেরিস। গ্রিক কোচ বলেন, ‘এই অনুষ্ঠানের অংশ হতে পেরে আমি সম্মানিত। আশা করছি, ভবিষ্যতে আরও ভাল পারফরম্যান্স উপহার দিতে পারব’। অনুষ্ঠান শেষেও কোচের পাশে থাকার বার্তা দিয়েছেন দেবাশিস, সৃঞ্জয়রা। পাশাপাশি, এও জানিয়ে দেন যে দলের সাম্প্রতিক ফর্ম নিয়ে বিশেষ চিন্তিত নন তাঁরা।
এদিকে, চেন্নাইন এফসি-র বিরুদ্ধে ম্যাচের পারফরম্যান্স ভুলে ছন্দে ফেরার ব্যাপারে আশাবাদী অধিনায়ক শুভাশিসও। তাঁর কথায়, ‘আমরা যে টুর্নামেন্ট খেলি, ট্রফি জেতার জন্যই খেলি। এ বারও আমাদের লক্ষ্য আইএসএল। সেজন্য সংঘবদ্ধ ফুটবল এবং উন্নত পারফরম্যান্স জরুরি। গত ম্যাচে ভাল খেলতে না পারলেও তিন পয়েন্ট পাওয়ায় আমি খুশি। আশা করি, আরও ম্যাচ খেললে দলের খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া বাড়বে এবং দলের পারফরম্যান্সেও উন্নতি হবে’। এদিন ক্লাব তাঁবুতে শিল্ডের পাশে মঞ্চে সাজানো ছিল কলকাতা লিগের ট্রফিও।
এমন দিনে ক্লাব কর্তাদের আনন্দ আরও বাড়িয়েছে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁয়ের এক ঘোষণায়। তিনি এ দিন জানিয়ে দেন চলতি আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টকে কোনো হোম ম্যাচের জন্য স্টেডিয়াম বাবদ কোনো অর্থ দিতে হবে না। ইস্টবেঙ্গল এফসি-র ক্ষেত্রেও একই নিয়ম বহাল থাকবে।




