• facebook
  • twitter
  • youtube
Tuesday, 27 October, 2026

কানাডায় গ্রেপ্তার পাঞ্জাবের ‘ওয়ান্টেড’ গ্যাংস্টার অমৃতপাল, দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু

ভারতের পলাতক গ্যাংস্টার অমৃতপাল সিংহ বাঠকে কানাডায় গ্রেপ্তার করা হয়েছে। পাঞ্জাব পুলিশের দাবি, খুন, তোলাবাজি

কানাডায় গ্রেপ্তার পাঞ্জাবের ‘ওয়ান্টেড’ গ্যাংস্টার অমৃতপাল, দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু

ভারতের পলাতক গ্যাংস্টার অমৃতপাল সিংহ বাঠকে কানাডায় গ্রেপ্তার করা হয়েছে। পাঞ্জাব পুলিশের দাবি, খুন, তোলাবাজি ও অপহরণ-সহ প্রায় ২০টি অপরাধের মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁকে ভারতে ফিরিয়ে আনতে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে পুলিশসূত্রে খবর। অমৃতপালের বিরুদ্ধে রেড কর্নার নোটিসও জারি করা হয়েছিল।
পাঞ্জাবের তরনতারনের বাসিন্দা অমৃতপাল ওরফে হরপ্রীত সিংহকে সোমবার কানাডার একটি প্রত্যন্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে সূত্রের খবর। তাঁর খোঁজে বেশ কিছু দিন ধরেই তল্লাশি চালাচ্ছিল কানাডার পুলিশ। পাঞ্জাব পুলিশের সঙ্গে কানাডার প্রশাসনের যোগাযোগের ভিত্তিতেই তাঁর গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল। তরনতারনের সিনিয়র পুলিশ সুপার সুরিন্দর লাম্বা জানিয়েছেন, অমৃতপালকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে। পাঞ্জাব পুলিশের একটি দলও কানাডায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালে পাঞ্জাবের এক পঞ্চায়েত প্রধান অবন কুমার ওরফে সোনু চিমাকে খুনের ঘটনায় অমৃতপালের নাম উঠে আসে। এরপরেই তাঁকে ‘ওয়ান্টেড’ ঘোষণা করা হয়। অভিযোগ, কানাডায় পালিয়ে যাওয়ার পর সেখান থেকেই পাঞ্জাবের বিভিন্ন এলাকায় অপরাধের নেটওয়ার্ক চালাতেন তিনি। খুনের পাশাপাশি তোলাবাজি, অপহরণ, মাদক পাচার এবং বেআইনি অস্ত্র রাখার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

এর আগে গত সপ্তাহে আমেরিকায় গ্রেপ্তার হন পাঞ্জাবের ২ পলাতক গ্যাংস্টার হিমাংশু ভাউ এবং নীরজ ফরিদপুরিয়া। তাঁদের বিরুদ্ধে ২০২৩-এ রেড কর্নার নোটিস জারি করেছিল ইন্টারপোল। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই তাঁদের গ্রেপ্তার করে। অভিযোগ, আমেরিকায় বসেই পাঞ্জাব, হরিয়ানা ও দিল্লিতে অপরাধের চক্র চালাতেন তাঁরা। দুই গ্যাংস্টারই লরেন্স বিশ্নোই গোষ্ঠীর প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত।