• facebook
  • twitter
  • youtube
Monday, 26 October, 2026

দিল্লির নর্থ ব্লকে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন

দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, আপাতত আগুন নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিকাণ্ডে কোনও হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।

দিল্লির নর্থ ব্লকে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন

Photo: Statesman

রাজধানী দিল্লির ঐতিহাসিক প্রশাসনিক ভবন নর্থ ব্লকে অগ্নিকাণ্ড। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে চাঞ্চল্য ছড়ায়। রাইসিনা হিলে অবস্থিত লাল বেলেপাথরের তৈরি এই প্রশাসনিক ভবনের ছাদে থাকা একটি এসি বয়লারে আগুন লাগে। অগ্নিকাণ্ডের জেরে চারিদিকে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। খবর পেয়েই দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দমকল বিভাগের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে।

দমকল বিভাগের বিবৃতি অনুযায়ী, সোমবার সকাল প্রায় ১১টা নাগাদ আগুন লাগার খবর পাওয়া যায়। ভবনের ছাদে থাকা একটি এসি বয়লারে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। সেই সময় আচমকাই শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আগুন ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। তবে দ্রুত পদক্ষেপের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ঘটনাটি নজরে আসে সাংসদ মিলিন্দ দেওরারও। সংসদ ভবনের দিকে যাওয়ার পথে নর্থ ব্লকের পিছন দিক থেকে তিনি ধোঁয়া উঠতে দেখেন। এরপরই সমাজমাধ্যম এক্স হ্যান্ডলে তিনি একটি পোস্ট করে উদ্বেগ প্রকাশ করেন। সেই পোস্টে তিনি লেখেন, ‘সংসদে যাওয়ার পথে নর্থ ব্লকের পিছন দিক থেকে ঘন ধোঁয়া উঠতে দেখলাম। মনে হচ্ছে, সেখানে আগুন লেগে থাকতে পারে। আশা করি, সবাই নিরাপদে রয়েছেন এবং দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।’

আরও পড়ুন: স্কুলে নবম-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য এআই মডিউল তৈরি এনসিইআরটি-এর

দিল্লির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবন নর্থ ব্লকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। তবে দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, আপাতত আগুন নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিকাণ্ডে কোনও হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।