• facebook
  • twitter
  • youtube
Friday, 23 October, 2026

‘প্রতি সপ্তাহে বাড়ি বাড়ি পুষ্টিকর খাবার পৌঁছনো হবে’, ঝাড়গ্রাম থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাছাড়া আগামী ৬ মাসের মধ্যে জেলাশাসককে ঝাড়গ্রামের উন্নয়ন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী ১২ নভেম্বর বাদনা পরবে

‘প্রতি সপ্তাহে বাড়ি বাড়ি পুষ্টিকর খাবার পৌঁছনো হবে’, ঝাড়গ্রাম থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

CM Suvendu Adhikari Jhargram Photo-SNS

প্রতি সপ্তাহে আদিবাসী জনগোষ্ঠীর মানুষদের বাড়িতে পুষ্টিকর খাবার পৌঁছে দেবে রাজ্য সরকার। শুধু তাই নয়, পৌঁছে দেওয়া হবে চাল, ডাল, তেল, সয়াবিনও। শুক্রবার ঝাড়গ্রামের মাটি থেকে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে ঝাড়গ্রামের ২৫ হাজার এবং পশ্চিম মেদিনীপুরের ৪৫ হাজার পরিবার উপকৃত হবে বলে জানান তিনি। এই জেলার উন্নয়নে ৩৪২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। লোধা-শবরদের জন্য বিশেষ খাবারের প্যাকেট বরাদ্দ করা হয়েছে। এদিন ঝাড়গ্রামের মানিকপাড়ায় লোধা-শবর অধ্যুষিত কালাঝারিয়ায় দাঁড়িয়ে এই বিশেষ কর্মসূচির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এই প্রথমবার কোনও মুখ্যমন্ত্রী এই গ্রামে সরকারি কর্মসূচিতে যোগ দিলেন।

এদিকে ঝাড়গ্রামের সরকারি কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী জনজাতি গোষ্ঠীর মানুষদের বাড়িতে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়ার প্রকল্পের কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানান, রেশন প্রকল্পের বাইরে এটি একটি অতিরিক্ত প্রকল্প। পুষ্টিকর খাদ্য থেকে যাতে কেউ বঞ্চিত না হন সেটা নজরে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে বাজেটেই এই প্রকল্প ঘোষণা করা হয়েছিল। মুখ্যমন্ত্রী বলেন, ‘উপজাতি গোষ্ঠীর জন্য এবার প্রতি সপ্তাহে বাড়ি বাড়ি পুষ্টিকর খাবার পৌঁছনো হবে। প্রত্যেকটি বাড়িতে পৌঁছবে কিট। ওই বিশেষ খাবারের প্যাকেটে থাকবে চাল, ডাল, তেল, সয়াবিন। রেশন পরিষেবার বাইরে এটি একটি অতিরিক্ত পরিষেবা। এই পরিষেবার ফলে পশ্চিম মেদিনীপুরের ৪৫ হাজার এবং ঝাড়গ্রামের ২৫ হাজার পরিবার উপকৃত হবে।’

অন্যদিকে এদিন একগুচ্ছ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তফসিলি জনজাতির বার্ধক্য ভাতা বাড়িয়ে দেড় হাজার টাকা করা হয়েছে। আদিবাসী জনগোষ্ঠীর ২ লক্ষ পড়ুয়াকে ৮০০ টাকা ভাতা দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়া, ঝাড়গ্রামে আদিবাসী বিশ্ববিদ্যালয় তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শুভেন্দু অধিকারী এখান থেকে সরাসরি জানিয়ে দেন, ‘গত সরকার কেন্দ্রের একাধিক কর্মসূচিতে যুক্ত হয়নি। আগের মুখ্যমন্ত্রী গোটা পশ্চিমাঞ্চলে ৬ কোটি টাকার কাজ করেছে। এই সরকার পশ্চিমাঞ্চলকে বঞ্চিত করবে না। পশ্চিমাঞ্চলের দায়িত্বও আমার হাতেই। আদিবাসী মহিলা সমৃদ্ধি যোজনা চালু হতে চলেছে। আপনাদের ১২৫ দিনের কাজের গ্যারান্টি দিচ্ছি। জবকার্ড নিতে চাইলে নতুন করে পাবেন। এই জেলায় ২ লক্ষ ৭২ হাজার ৯০৩ জন অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন।’

তাছাড়া আগামী ৬ মাসের মধ্যে জেলাশাসককে ঝাড়গ্রামের উন্নয়ন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী ১২ নভেম্বর বাদনা পরবে বাঁকুড়ায় যাবেন বলে আশ্বাস দেন তিনি। ঝাড়গ্রামের উন্নয়নে তাঁর সরকার ৩৪২ কোটি টাকা বরাদ্দ করেছে। সেই সূত্রে গত সরকারকে বিঁধেছেন শুভেন্দু অধিকারী।