• facebook
  • twitter
  • youtube
Saturday, 17 October, 2026

হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, একসঙ্গে তিনজনের মৃত্যু, আহত ৩

তাছাড়া এই পথ দুর্ঘটনায় মৃত এবং আহতদের মাথায় হেলমেট ছিল না বলেই অভিযোগ। তাই মোটরবাইক এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষ

হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, একসঙ্গে তিনজনের মৃত্যু, আহত ৩

Road Accident Three Death Photo-Representative

রাজ্যজুড়ে পালিত হচ্ছে দুর্গাপুজো। রাজপথে বেরিয়ে পড়েছেন মানুষজন। মণ্ডপ থেকে শুরু করে দুর্গা প্রতিমা দর্শন করতে একপ্রান্ত থেকে অপরপ্রান্তে সফর করছেন বিপুল মানুষজন। এবার তার মধ্যে বিষাদের খবর সামনে চলে এল। ঠাকুর দেখতে বেরিয়ে এমন ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়তে হবে তা কল্পনা করেননি তাঁরা। তবে ভয়ঙ্কর পথ দুর্ঘটনার সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের অন্তর্গত মেচেদার শান্তিপুর এলাকার হলদিয়া-মেচেদা রাজ্য সড়ক। মোটরবাইক এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে তিনজনের। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তবে আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে খবর, দুর্গাপুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে ছিলেন কয়েকজন বন্ধু। কিন্তু ঠাকুর দেখা আর হল না। কারণ ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের মোটরবাইক এবং স্কুটি। আর তাতেই প্রাণ হারান আরোহীরা। রাতের অন্ধকারে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের উপর দুটি দু’চাকার যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, মোটরবাইক এবং স্কুটি দুটোই দুমড়ে মুচড়ে যায়। এই দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে তুমুল আলোড়ন ছড়িয়ে পড়ে। কারণ রক্তে ভেসে যায় রাজ্য সড়ক। এই পথ দুর্ঘটনা দেখে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দ্রুত উদ্ধারকাজে হাত লাগান।

পুলিশ সূত্রে খবর, স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন। তখন ঘটনাস্থলে পৌঁছয় কোলাঘাট থানার পুলিশ। পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের যৌথ সহযোগিতায় আহতদের উদ্ধার করে মেচেদার একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে আহতদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তবে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত তিনজনের মধ্যে একজন কোলাঘাট থানার রামচন্দ্রপুরের বাসিন্দা। বাকি দু’জনের বাড়ি নন্দকুমার থানার শ্রীকৃষ্ণপুর এলাকায়। তবে এই পথ দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।

তাছাড়া এই পথ দুর্ঘটনায় মৃত এবং আহতদের মাথায় হেলমেট ছিল না বলেই অভিযোগ। তাই মোটরবাইক এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষ হওয়ায় তিনজনের প্রাণ চলে গেল। এই পথ দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে হলদিয়া-মেচেদা রাজ্য সড়ক। তার জেরে ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার উদ্যোগ নেয়। মাঝরাতের এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যুতে উৎসবের মাঝে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আবার আনন্দপুর থানা এলাকার আরবানার কাছে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক মোটরবাইক আরোহীর। গুরুতর জখম আরও এক। মৃতের নাম প্রত্যুষ পানাই (৩০)। শনিবার ভোর ৪টে নাগাদ চৌবাগা এবং আনন্দপুর রোডের সংযোগস্থলে চার চাকা গাড়ির সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।