• facebook
  • twitter
  • youtube
Saturday, 17 October, 2026

প্রথম সপ্তমীতে কলকাতায় পা, দ্বিতীয়তে একগুচ্ছ কর্মসূচিতে যোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

এবার ২৭০তম বর্ষে পদার্পণ করেছে উত্তর কলকাতার ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো। প্রাচীন রীতি এবং ঐতিহ্য মেনেই চলে

প্রথম সপ্তমীতে কলকাতায় পা, দ্বিতীয়তে একগুচ্ছ কর্মসূচিতে যোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

Home Minister Amit Shah Photo-SNS

দুর্গাপুজোর আবহে পশ্চিমবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথম সপ্তমীতেই অমিত শাহ কলকাতায় পা রাখছেন। যা নিয়ে এখন বিজেপি নেতা-মন্ত্রীরা ব্যস্ত হয়ে পড়েছেন। শনিবার প্রথম সপ্তমী। এদিন শাহ আসছেন কলকাতায়। রবিবার দ্বিতীয় সপ্তমী। সেদিন একাধিক কর্মসূচি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। রবিবার বেলুড় মঠে যাবেন এবং সেখান থেকে ফিরে শহরের একাধিক দুর্গাপুজো মণ্ডপ পরিদর্শন করবেন তিনি বলে সূত্রের খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সূচিতে ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়ির পুজোও রয়েছে। সেটা দেখতে যাবেন তিনি। তাঁর সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই এই খবর সামনে আসতেই শোভাবাজার রাজবাড়িতে প্রস্তুতি তুঙ্গে উঠেছে।

শনিবার সন্ধ্যায় আহমেদাবাদ থেকে বিমানে চেপে কলকাতায় পৌঁছনোর কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এদিন রাতে আলিপুরের সৌজন্য অতিথিশালায় থাকবেন তিনি। সেখানেই নৈশভোজ করবেন। তারপর রবিবার সকাল থেকেই একাধিক একগুচ্ছ কর্মসূচিতে যোগ দেবেন অমিত শাহ। বেলুড় মঠে যাবেন পুজো দিতে। সেখান থেকে শোভাবাজার রাজবাড়ি এবং শ্রীভূমির দুর্গাপুজো পরিদর্শন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথম দুর্গাপুজোয় আসছেন অমিত শাহ। আর শাহী সফর নিয়ে এখন পুলিশের তৎপরতা তুঙ্গে উঠেছে।

এবার ২৭০তম বর্ষে পদার্পণ করেছে উত্তর কলকাতার ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো। প্রাচীন রীতি এবং ঐতিহ্য মেনেই চলে দেবী দুর্গার আরাধনা। সপ্তমীর সকাল থেকে রাজবাড়িতে দুর্গাপুজোর ব্যস্ততা তুঙ্গে উঠেছে। অঞ্জলি, পুজোপাঠ দিয়ে শুরু হলেও প্রথা মেনে হয়েছে চালকুমড়োর বলি। সাধারণ দর্শনার্থীরা রাজবাড়ির প্রাঙ্গণে প্রবেশ করে প্রতিমা দর্শন করতে পারবেন এদিন থেকেই। তবে রবিবারের পরিস্থিতি কিছুটা আলাদা হয়ে যাবে। কারণ, রাজবাড়ির দুর্গাপুজো দেখতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁদের আগমন ঘিরে রাজবাড়িতে এখন খুশির হাওয়া।

এখানে এখন চলছে জোরকদমে প্রস্তুতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সফর ঘিরে শোভাবাজার রাজবাড়ির নিরাপত্তা আঁটসাঁট করা হচ্ছে। রবিবার রাজবাড়ির প্রাঙ্গণে কড়া পুলিশের নজরদারি থাকবে। ভিভিআইপিদের নিরাপত্তার কথা মাথায় রেখেই নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। এই বিষয়ে শোভাবাজার রাজপরিবারের সদস্য দেবরাজ মিত্র বলেন, ‘সমস্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। কেমন করে স্বরাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা দেওয়া হবে তার সব প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। আমরা খুব খুশি। শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকছেন।’ আর দেবরাজ মিত্রের স্ত্রী বলছেন, ‘এটা আমাদের কাছে খুব বড় পাওনা যে স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন এখানে দুর্গাপুজো দেখতে।’