• facebook
  • twitter
  • youtube
Saturday, 17 October, 2026

নিউজিল্যান্ডে ব্যক্তিগত নেট বোলার শুভমানের, লাল বলে প্রস্তুতিতে বিশেষ উদ্যোগ ভারত অধিনায়কের

নিউজিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম তিনটি ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন গিল। এর পরে দুই টেস্টের সিরিজেও

নিউজিল্যান্ডে ব্যক্তিগত নেট বোলার শুভমানের, লাল বলে প্রস্তুতিতে বিশেষ উদ্যোগ ভারত অধিনায়কের

Shubman Gill Photo-SNS

বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জেতার চ্যালেঞ্জ। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সেখানকার পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া যে সহজ হবে না, তা ভালই জানেন শুভমান গিল। তাই সিরিজ শুরুর আগেই প্রস্তুতিতে বিশেষ জোর দিতে চাইছেন ভারতীয় টেস্ট অধিনায়ক। আর সেই প্রস্তুতির জন্যই এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিজের অনুশীলনের জন্য চার-পাঁচ জন নেট বোলারকে নিউজিল্যান্ডে নিয়ে যাবেন গিল। তাঁদের যাবতীয় খরচও বহন করবেন নিজেই।

সাধারণত বিদেশ সফরে ভারতীয় ক্রিকেটারদের অনুশীলনের জন্য নেট বোলারের ব্যবস্থা করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু এ বার নিজের প্রস্তুতির জন্য আলাদা করে বোলার নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন গিল। শুধু তা-ই নয়, তাঁদের জন্য বোর্ডের উপর নির্ভর না করে নিজের খরচেই গোটা ব্যবস্থা করতে চান তিনি।

সংবাদ সংস্থাকে বিসিসিআইয়ের এক আধিকারিক এই প্রসঙ্গে জানিয়েছেন, গিলের এই সিদ্ধান্ত যথেষ্ট আকর্ষণীয়। তিনি বলেন, ‘বিষয়টা বেশ আকর্ষণীয়। গিল ভারত ‘এ’ দলের হয়ে নিউজ়িল্যান্ড ‘এ’-র বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলছেন না। কারণ, তাঁকে ওয়ান ডে সিরিজেও খেলতে হবে। তাই ২৩ অথবা ২৪ অক্টোবর নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হবেন তিনি। তাঁর সঙ্গে যে চার-পাঁচ জন বোলার যাবেন, তাঁদের যাবতীয় খরচ গিল নিজেই বহন করবেন।’

কোনও ভারতীয় ক্রিকেটারের নিজের খরচে বিদেশ সফরে ব্যক্তিগত অনুশীলনের জন্য নেট বোলার নিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত বিরল। গিলের এই সিদ্ধান্তই বুঝিয়ে দিচ্ছে লাল বলের ক্রিকেটের প্রস্তুতির ব্যাপারে কতটা সিরিয়াস তিনি।

চলতি বছরে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন গিল। পাঁচটি টেস্টে তাঁর সংগ্রহ ছিল ৭৫৪ রান। অধিনায়ক হিসেবে যেমন দলকে নেতৃত্ব দিয়েছেন, তেমনই ব্যাট হাতেও ধারাবাহিকতা দেখিয়েছেন তিনি।

কিন্তু নিউজিল্যান্ডের পরিবেশে চ্যালেঞ্জটা অন্য রকম। সেখানকার পরিস্থিতিতে পেসাররা সাহায্য পেতে পারেন। ফলে ব্যাটারদের জন্য অপেক্ষা করতে পারে কঠিন পরীক্ষা। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই আগে থেকে প্রস্তুতি সেরে রাখতে চাইছেন গিল।

ব্যক্তিগত নেট বোলারদের বিরুদ্ধে অনুশীলন করলে নিজের প্রয়োজন অনুযায়ী ব্যাটিংয়ের বিভিন্ন দিক নিয়ে কাজ করতে পারবেন তিনি। বিশেষ করে লাল বলের ক্রিকেটে দীর্ঘ সময় ব্যাট করার প্রস্তুতি এবং পেসারদের সামলানোর কৌশল আরও ভাল করে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন ভারতীয় অধিনায়ক।

নিউজিল্যান্ড সফরের আগে ঘরোয়া ক্রিকেটেও নামতে পারেন গিল। ব্যক্তিগত কারণে পঞ্জাবের হয়ে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে ১৮ অক্টোবর থেকে মুল্লানপুরে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে পঞ্জাবের পরের ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা রয়েছে।

সেই ম্যাচে খেললে লাল বলের ক্রিকেটে ম্যাচ অনুশীলনের সুযোগ পাবেন গিল। তার পরে নিউজিল্যান্ডে গিয়ে ব্যক্তিগত নেট বোলারদের সঙ্গে প্রস্তুতি চালিয়ে যেতে পারবেন তিনি।

নিউজিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম তিনটি ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন গিল। এর পরে দুই টেস্টের সিরিজেও অধিনায়কের দায়িত্ব সামলাবেন তিনি। ফলে ব্যাটিংয়ের পাশাপাশি নেতৃত্বের ক্ষেত্রেও তাঁর উপর থাকবে বাড়তি দায়িত্ব।

সেই কঠিন চ্যালেঞ্জের কথা মাথায় রেখেই আগেভাগে প্রস্তুতি শুরু করে দিতে চাইছেন গিল। এখন দেখার, তাঁর এই বিশেষ উদ্যোগ নিউজিল্যান্ডের মাটিতে ভারতকে টেস্ট সিরিজ জেতাতে কতটা সাহায্য করে।