• facebook
  • twitter
  • youtube
Monday, 28 September, 2026

‘এখন আরও ভয়ঙ্কর বিরাট’, কোহলির ব্যাটিং দেখে কেন এমন বললেন শুভমান?

রবিবার তিরুবনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৮ উইকেটে জেতে ভারত। ২৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুভমান নিজেও করেছেন ১১০ রান। তাঁর সঙ্গে বিরাটের ১৫১ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়

‘এখন আরও ভয়ঙ্কর বিরাট’, কোহলির ব্যাটিং দেখে কেন এমন বললেন শুভমান?

Photo: Representational Image

বয়স বাড়ছে। কেরিয়ারের শেষ প্রান্ত যত এগিয়ে আসছে, ততই যেন আরও খোলামেলা বিরাট কোহলি (Virat Kohli) ! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডে-তে তাঁর ১৩৯ রানের অপরাজিত ইনিংসের পর এমনটাই মনে হচ্ছে। আর সেই ব্যাটিং দেখেই সতীর্থ তথা ভারতীয় অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) উপলব্ধি—এই বিরাটকে আটকানো কঠিন। কারণ এখন নিজের ব্যাটিংকে আর কোনও নির্দিষ্ট ছকে আটকে রাখছেন না তিনি। খেলছেন অনেক বেশি স্বাধীন ভাবে।

রবিবার তিরুবনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৮ উইকেটে জেতে ভারত। ২৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুভমান (Shubman Gill) নিজেও করেছেন ১১০ রান। তাঁর সঙ্গে বিরাটের ১৫১ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। কোহলি (Virat Kohli)  শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। সেই ইনিংসেই ১৫ হাজার ওয়ানডে রান পূর্ণ করার পাশাপাশি ৫৫তম শতরানও করেন তিনি।

আরও পড়ুন:  ১৫ হাজার রানও তাঁর কাছে শুধুই সংখ্যা, বিশ্বকাপের আগে নতুন কী চ্যালেঞ্জ নিয়েছেন বিরাট কোহলি?

কিন্তু রেকর্ডের থেকেও গিলকে বেশি মুগ্ধ করেছে কোহলির ব্যাটিংয়ের ধরন। ভারতীয় অধিনায়ক বলেন, ‘ও এখন ক্রিকেট অনেক বেশি উপভোগ করছে। স্বাধীন ভাবে খেলছে, খেলাটা উপভোগ করছে। আর তার প্রভাব ওর ব্যাটিংয়ে পড়ছে।’

কী ভাবে বদলেছে কোহলির ব্যাটিং? গিলের ব্যাখ্যা, ‘ওর খেলাটা সব সময়ই ছিল। যে কোনও সময় বাউন্ডারি মারার ক্ষমতা ওর সব সময়ই ছিল। আমার মনে হয়, এখন ও সেটাই করছে।’

এখানেই শেষ নয়। কোহলির (Virat Kohli) মতো ক্রিকেটারকে নিয়ে অধিনায়কের নীতি খুব পরিষ্কার। তাঁকে নিজের মতো খেলতে দেওয়া। গিলের কথায়, ‘ওর মতো একজন ক্রিকেটার, যে দেশকে এত ম্যাচ জিতিয়েছে এবং বার বার সেটা করে দেখিয়েছে, তাকে শুধু নিজের মতো থাকতে দিতে হয়। যে দিন ও ভাল খেলবে, সে দিন ও দলকে ম্যাচ জিতিয়েই দেবে।’

কোহলি (Virat Kohli)  নিজেও সম্প্রতি জানিয়েছেন, ওয়ানডেতে তাঁর ব্যাটিংয়ের ধরন বদলেছে। অতীতে দলের ইনিংস সামলানোর দায়িত্ব নিজের কাঁধে নিয়ে খেলতেন। এখন বরং পরিস্থিতি অনুকূলে থাকলে ঝুঁকি নিতে চাইছেন। তাঁর লক্ষ্য, বড় রান করার পাশাপাশি দলের স্কোরকে ৩৫০-৩৬০-এর দিকে নিয়ে যাওয়া। এই বদলের পিছনে দলের অন্য ব্যাটারদের উপর তাঁর আস্থাও বড় কারণ।

আরও পড়ুন: সেঞ্চুরি করে ১৫ হাজার ক্লাবে কোহলি, শুভমানেরও শতরান, গ্রিনফিল্ডে ২৯৬-এর লক্ষ্যে নেমে রান-ফোয়ারা ভারতের

আর সেই নতুন বিরাটকেই যেন দেখতে পাচ্ছেন শুভমান(Shubman Gill)। প্রথম ওয়ানডেতে মাত্র ৮৮ বলে ১৩৯ রানের ইনিংসে ১০টি চার এবং ৯টি ছক্কা মেরেছেন কোহলি। অন্য দিকে শুভমান  (Shubman Gill) ১০৮ বলে ১১০ রান করে আউট হয়ে যান। ম্যাচ শেষ করার সুযোগ হাতছাড়া হওয়ায় তাঁর নিজের অবশ্য আক্ষেপ রয়েছে। ‘সত্যি বলতে, আমি যখন আউট হলাম, তখন মনে হয়েছিল ম্যাচটা শেষ করে আসা উচিত ছিল। শেষ পর্যন্ত থাকতে পারলে ভাল লাগত। তবে হ্যাঁ, ইনিংসটা নিয়ে আমি খুবই সন্তুষ্ট।’

ওয়েস্ট ইন্ডিজের ১৩৫ রানের ওপেনিং জুটির পর একটা সময় চাপে পড়েছিল ভারত। সেখান থেকে কুলদীপ যাদব ৪০ রানে চার উইকেট নিয়ে ম্যাচের রং বদলে দেন। তাঁকেও প্রশংসায় ভরিয়েছেন শুভমান (Shubman Gill)। ‘মাঝের ওভারে কুলদীপ যদি ভাল বল করে, তা হলে ও আমাদের উইকেট নেওয়ার অস্ত্র। এটা ও বার বার প্রমাণ করেছে। ও আমাদের ম্যাচে ফিরিয়ে এনেছে, গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে।’

তবে আলোচনার কেন্দ্রে নিঃসন্দেহে সেই বিরাট। এক দিনের ক্রিকেটে ১৫ হাজার রান, ৫৫তম শতরান—তার সঙ্গে ব্যাটিংয়ে নতুন দর্শন। বিশ্বকাপের এক বছর আগে ভারতীয় ক্রিকেটে যেন নতুন করে দেখা যাচ্ছে পুরনো সেই আগ্রাসী বিরাট কোহলিকে। পার্থক্য একটাই—এ বার অভিজ্ঞতার সঙ্গে যোগ হয়েছে অনেক বেশি স্বাধীনতা। আর শুভমানের চোখে, এটাই বিরাটকে করে তুলছে আরও ভয়ঙ্কর।

দেখুন: