• facebook
  • twitter
  • youtube
Thursday, 15 October, 2026

প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক নিয়োগে বড় আপডেট, বিজ্ঞপ্তি জারি করল পর্ষদ

এই প্রক্রিয়া শেষ করার পর চাকরির দরজা খুলে গেলে দুর্গাপুজোর পর প্রার্থীদের মুখে হাসি ফুটবে। রাজ্যে এখন বিপুল নিয়োগ হতে চলেছে

প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক নিয়োগে বড় আপডেট, বিজ্ঞপ্তি জারি করল পর্ষদ

Primary Education Board Photo-SNS

মহাপঞ্চমীতে সামনে এল বড় ঘোষণা। আগামী ৩১ অক্টোবর তারিখের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য প্রার্থীদের ওবিসি শংসাপত্র এবং ক্যাটেগরি বিষয়ক তথ্য আপডেট করার নির্দেশ দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর তার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ক্যাটেগরি সংশোধন এবং ওবিসি শ্রেণি ঘোষণার অনলাইন পোর্টাল ১৪ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। আর তাই প্রার্থীরা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সংশোধনের সুযোগ পাবেন। সুতরাং এই সংশোধনের কাজ শেষ হলেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

ওই বিজ্ঞপ্তি থেকে আরও জানা গিয়েছে, যে সমস্ত প্রার্থী আগের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ওবিসি-এ বা ওবিসি-বি ক্যাটেগরির অধীনে আবেদন করেছিলেন তাঁদের অবিলম্বে তাতে সংশোধন করতে হবে। এই কাজ এখন চলবে। দুর্গাপুজোর আগে এটা নিঃসন্দেহে বড় খবর। কর্মসংস্থানের এই খবর সামনে আসতেই প্রার্থীরা নিজেদের নথি প্রস্তুত করতে শুরু করেছেন। অনেকেই পোর্টালে সংশোধন করার কাজও করেছেন বলে খবর। যাতে এই প্রক্রিয়া শেষ করেই উপযুক্ত সরকারি পদ্ধতিতে চাকরি পেতে পারেন।

প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন নির্দেশিকা অনুযায়ী, ওবিসি তালিকার অন্তর্ভুক্ত ৬৬টি নির্দিষ্ট সাব-ক্লসের প্রার্থীরাই শুধু সংরক্ষণের সুবিধা পাবেন। যদি কোনও প্রার্থীর ওবিসি শ্রেণি এই নতুন তালিকার বাইরে থাকে অথবা নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য আপডেট না করা হয় সেক্ষেত্রে তাদের আবেদনপত্র সরাসরি সাধারণ বা অসংরক্ষিত ক্যাটেগরি হিসাবে গণ্য করা হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, কাউন্সেলিং এবং নথি যাচাইয়ের সময় বৈধ এবং মূল ওবিসি শংসাপত্র দেখাতে হবে। আর তা করতে না পারলে প্রার্থীর সংরক্ষণের দাবি বাতিল হবে।

এই প্রক্রিয়া শেষ করার পর চাকরির দরজা খুলে গেলে দুর্গাপুজোর পর প্রার্থীদের মুখে হাসি ফুটবে। রাজ্যে এখন বিপুল নিয়োগ হতে চলেছে। শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ থেকে শুরু করে নানা বিভাগে কর্মসংস্থান হতে চলেছে। ইতিমধ্যেই নিয়োগ সংক্রান্ত নানা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর প্রাথমিক শিক্ষার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। তাতে সরকারি স্কুলগুলিতে শিক্ষক-শিক্ষিকার অভাব আর হবে না। তবে এই কাজ সম্পূর্ণ করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, পোর্টাল বন্ধ হওয়ার পর ক্যাটেগরি সংশোধন বা ওবিসি ক্লস অন্তর্ভুক্তির আর কোনও অনুরোধ গ্রহণ করা হবে না। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সমস্ত যোগ্য প্রার্থীকে এই প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে।