বেলেঘাটার তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার সরাসরি কলকাতা পুলিশ কমিশনারকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য এদিন এই নির্দেশ দিয়েছেন। কুণাল ঘোষের গাড়ি ভাঙচুর ও মোটরবাইক বাহিনীর হামলার অভিযোগ নিয়ে মামলা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিচারাধীন ডিম হামলা বিষয়ক জনস্বার্থ মামলার সঙ্গেই শোনা হবে বলে জানানো হয়েছে। কুণাল ঘোষের সঙ্গে দু’জন পুলিশকর্মী থাকার পরেও কেমন করে তাঁর উপর দল বেঁধে হামলা চলল? সোমবার এই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। কুণালের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতেও নির্দেশ দিল পুলিশ কমিশনার অজয় নন্দাকে।
একবার নয় পরপর দু’বার হামলা হয়েছে কুণাল ঘোষের উপর। নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কিত হয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি। সোমবার সেই মামলার শুনানিতে পুলিশ কমিশনারকে বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, ‘এই ধরনের ঘটনা আর যেন না ঘটে। তবে এই মামলা যেহেতু প্রধান বিচারপতি শুনছেন তাই পরবর্তী শুনানি সেখানেই হবে।’ তবে বিধায়কের জন্য এখনই অতিরিক্ত কোনও পুলিশ নিরাপত্তার নির্দেশ দেয়নি কলকাতা হাইকোর্ট। নিজের বিধানসভা কেন্দ্রেই মোটরবাইক বাহিনীর হাতে খুন হওয়ার উপক্রম হয়েছিল অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন কুণাল ঘোষ।
সেপ্টেম্বর মাসে পর পর দু’দিন হামলা হয় বিধায়ক কুণাল ঘোষের উপরে। প্রথম ঘটনা ঘটে ২৬ সেপ্টেম্বর, উত্তরপাড়ায়। শ্রীরামপুরে মমতার সভাস্থলের দিকে যাওয়ার পথে কুণালের গাড়ি লক্ষ্য করে পাথর এবং ডিম ছোঁড়ার অভিযোগ ওঠে। দ্বিতীয় ঘটনা ঘটে তার পরদিন। নিজের বিধানসভা কেন্দ্র বেলেঘাটাতেই আক্রান্ত হন কুণাল। পর পর ওই হামলার ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কুণাল। এবার বিচারপতি জানতে চান, পরপর দু’দিন ব্যক্তিগত নিরাপত্তা থাকার পরও কীভাবে ঘটল? কলকাতা হাইকোর্টে কুণাল ঘোষের আইনজীবীর বলেন, ‘একজন প্রাক্তন বিধায়ক অন্য দলে গেলেন। তিনি সশস্ত্র বাহিনী পাচ্ছেন। অথচ একসময় ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হতো। আজ বন্ধ করে দেওয়া হয়েছে। দু’জন নিরাপত্তারক্ষী সমর্থ নয় থ্রেট সামলানোর জন্য। কোন জায়গায় যেতে গেলে হুমকি দেওয়া হচ্ছে। গাড়িতে হামলা হয়েছে।’
তাছাড়া কুণালে দাবি ছিল, তাঁর গাড়িতে ভাঙচুর চালানো এবং রিভলভার ও হাতুড়ি দিয়ে তাঁকে সরাসরি হত্যার পরিকল্পনা করা হয়েছিল। পরিস্থিতির গুরুত্ব বিচার করে বিচারপতি সৌগত ভট্টাচার্য সোমবার পুলিশ কমিশনারকে কুণালের নিরাপত্তা নিশ্চিত করার কড়া নির্দেশ দেন। আর বিচারপতি জানান, কুণাল ঘোষের অভিযোগ এবং গাড়ি ভাঙচুরের মামলা এবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিচারাধীন আগের ডিম হামলা নিয়ে জনস্বার্থ মামলার সঙ্গেই তালিকাভুক্ত হয়ে শুনানি হবে। এই ধরনের ঘটনা যাতে না ঘটে এবং কুণাল ঘোষ যাতে পর্যাপ্ত নিরাপত্তা পান সেটা নিশ্চিত করতে হবে।




