কলকাতায় হু হু করে বাড়ছে বায়ু দূষণ। বৈজ্ঞানিক মানদন্ড অনুযায়ী যা অস্বাস্থ্যকর পরিবেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্তত রিপোর্টে তেমনটাই উঠে এসেছে। বিশ্বের ১২৬টি শহরের মধ্যে শীর্ষস্থানে চলে এসেছে কলকাতা। সেখানে দিল্লির স্থান রয়েছে নবমে।
সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা আইকিউএয়ার বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলির বাতাসের মান নিয়ে রিপোর্ট প্রকাশ করে। সেই রিপোর্টের পরিসংখ্যান অনুযায়ী, রবিবার সকাল ৮ টায় মহানগরীর দূষণ মাত্রা ছিল বেশ দুশ্চিন্তার।
আইকিউএয়ারের মানদন্ড অনুযায়ী, বাতাসের মান শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা স্বাস্থ্যকর বলে বিবেচিত হয়ে থাকে। একশোর মধ্যে থাকলে মোটের উপর সহনশীল বলে বিবেচনা করা হয়। সেখানে দাঁড়িয়ে কলকাতার অবস্থান ১৮৭-তে। যা অস্বাস্থ্যকর পরিবেশ বলে চিহ্নিত করা হয়েছে।
সেই দিক থেকে দেখতে গেলে রাজধানী দিল্লির অবস্থা কলকাতার তুলনায় ভালো। বায়ু দূষণের তালিকায় বহুদিন ধরে শীর্ষস্থানে থাকা দিল্লি নেমে এসেছে নবমে। এদিকে কম দূষণের শহর হিসেবে পরিচিত সিঙ্গাপুর রবিবারের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে। বাংলাদেশের রাজধানী ঢাকা এর আগে শীর্ষস্থানে ছিল। তা এখন ষষ্ঠ স্থানে নেমে এসেছে।
কিন্তু কলকাতায় কীভাবে বাড়ছে বায়ু দূষণ? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কলকাতার বাতাসের জন্য বিপদ হিসেবে লুকিয়ে রয়েছে ধূলিকণা। গাড়ির ধোয়ার দূষণের থেকে শহর ও লাগোয়া এলাকায় নির্মাণ কাজের ফলে ধূলিকণার পরিমাণ মাত্রাতিরিক্ত বাড়ছে। এর ফলে বিগত একমাস কলকাতা-সহ গোটা রাজ্যে রাস্তা সারাইয়ের ফলে ধূলিকণার পরিমাণ আরও বেড়ে গিয়েছে। আর তা থেকেই দূষণের মাত্রা বাড়ছে।
আরও পড়ুন: রাজ্যে এসটিএফের বড়সড় অভিযান, উদ্ধার ৯০ কেজি গাঁজা-সহ ব্রাউন সুগার, গ্রেপ্তার ৬
তবে এর থেকে বাঁচার উপায়? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মাস্ক ব্যবহার করলে এই পরিস্থিতি থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে। সামনেই দুর্গাপুজো। সেই সময়ে মানুষ ঠাকুর দেখতে বেরোবেন। তখন ধূলিকণার পরিমাণ আরও বেড়ে যেতে পারে। মাস্ক ব্যবহার করলে তার থেকে কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে।




