• facebook
  • twitter
  • youtube
Friday, 9 October, 2026

নভেম্বরেই ভারত-পাকিস্তান মহারণ! একসঙ্গে দেখা যেতে পারে বীরুর ছেলে আর্যবীর ও দ্রাবিড়-পুত্র অন্বয়কে

গত বছর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে ১৯১ রানে হারিয়েছিল পাকিস্তান। তবে ২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে

নভেম্বরেই ভারত-পাকিস্তান মহারণ! একসঙ্গে দেখা যেতে পারে বীরুর ছেলে আর্যবীর ও দ্রাবিড়-পুত্র অন্বয়কে

Sehwag-Dravid Son Photo-SNS

বাবারা এক সময়ে ভারতীয় দলের জার্সিতে একসঙ্গে খেলেছেন। বীরেন্দ্র সেহবাগ ও রাহুল দ্রাবিড়ের সেই স্মৃতি এ বার ফিরতে পারে নতুন প্রজন্মের হাত ধরে। তবে সিনিয়র দলে নয়, অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে। নভেম্বরের ভারত-পাকিস্তান মহারণে একসঙ্গে দেখা যেতে পারে সহবাগ-পুত্র আর্যবীর এবং দ্রাবিড়-পুত্র অন্বয়কে। দু’জনই সাম্প্রতিক সময়ে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের হয়ে নজর কেড়েছেন।

৫ থেকে ১৪ নভেম্বর ওমানে হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। সেই প্রতিযোগিতায় ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরশাহি। গ্রুপ পর্বেই ৮ নভেম্বর মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। আর্যবীর ও অন্বয় ভারতীয় দলে সুযোগ পেলে এই ম্যাচ ঘিরে আগ্রহ যে আরও বাড়বে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। সাম্প্রতিক ফর্মের বিচারে দু’জনেরই দলে থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের যুব ওয়ান ডে সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছে ভারত। সেই সিরিজে খেলেছেন আর্যবীর এবং অন্বয়। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে প্রথম তিন ম্যাচেই ওপেন করতে নেমে ভাল শুরু করেন আর্যবীর। যদিও এখনও অর্ধশতরান পাননি তিনি। তাঁর সর্বোচ্চ রান ৪৭।

অন্য দিকে, অন্বয় নজর কেড়েছিলেন জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে যুব এক দিনের ম্যাচে। ৬৭ বলে ৮৭ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন তিনি। ফলে নভেম্বরের এশিয়া কাপে দু’জনের পারফরম্যান্সের দিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

গত বছর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে ১৯১ রানে হারিয়েছিল পাকিস্তান। তবে ২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে সেই হারের জবাব দেয় ভারত। এ বারও এশিয়া কাপে দুই প্রতিবেশী দেশের লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে থাকবে।

গত বার প্রতিযোগিতায় বৈভব সূর্যবংশী ও আয়ুষ মাথরের মতো ক্রিকেটারদের ঘিরে আগ্রহ ছিল। এ বার সেই আলোচনার কেন্দ্রে উঠে আসতে পারেন আর্যবীর ও অন্বয়— দুই কিংবদন্তি ক্রিকেটারের উত্তরসূরী।