জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী জোট ইন্ডিয়া লাগাতার আন্দোলন করে চলেছেন। গোটা দেশে আন্দোলন ছড়িয়ে পড়েছে। তার মধ্যে যোগ দিয়েছে ককরোচ জনতা পার্টি। রাজধানীর বুকে আছড়ে পড়েছে আন্দোলনের ঢেউ। আর তার জেরে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে নয়াদিল্লির রাজপথ। এবার এই আন্দোলনে যোগ দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় ভোট চুরি করে বিজেপি জিতেছে বলে তাঁর অভিযোগ। তাই নিজেই বৃহস্পতিবার রাজধানীর উদ্দেশে রওনা দিলেন। বাড়ি থেকে বেরনোর আগে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আর এসআইআর প্রক্রিয়া এবং নির্বাচনের কারচুপি নিয়ে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে কদিন ধরেই ইন্ডিয়া জোটের সাংসদরা লাগাতার আন্দোলন করে চলেছেন। সেখানে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, ডেরেক ও’ব্রায়েন, সামিরুল ইসলাম-সহ অন্যান্য রাজনৈতিক দলের সাংসদরাও রাস্তায় নেমে সুর চড়িয়েছেন। এবার সেই আন্দোলনে নামতে চলেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর। যিনি আন্দোলন করেই ক্ষমতায় এসেছিলেন। এবার নয়াদিল্লি যাওয়ার আগে সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন কমিশন ছাপ্পা ভোট করিয়েছে। ধাপ্পা ভোট হয়েছে। ভোটের আগেই বিজেপির নেতারা বলে দিচ্ছেন কত ভোটে জিতবে? এমন কখনও শুনেছেন? বিজেপি আসলে ক্যালকুলেটিং ভোট করিয়েছে।’
অন্যদিকে ইন্ডিয়া জোটের নেতা-নেত্রীদের দেখা করার সময় দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কারণ সময় আগেই চাওয়া হয়েছিল। তারপর ১০ অক্টোবর নয়াদিল্লির রাজপথে আন্দোলনে নামবে ককরোচ জনতা পার্টি। সেখানেও থাকার কথা তৃণমূলনেত্রীর। তাই একগুচ্ছ কর্মসূচি নিয়েই নয়াদিল্লি গিয়েছেন তৃণমূল সুপ্রিমো। আর যাওয়ার আগে মমতার তোপ, ‘লুট করে লুটেরারা বেশিদিন বাজি জিততে পারবে না।’ সুতরাং আন্দোলন যে এবার জোরদার হবে সেটা তাঁর কথা থেকেই পরিষ্কার। ইতিমধ্যেই ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে মমতার কথা হয়ে গিয়েছে। নয়াদিল্লিতে তিনি আসছেন বলে জানিয়ে দিয়েছেন।
তাছাড়া ককরোচ জনতা পার্টির সঙ্গে আগেই কথা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। সুতরাং আন্দোলনের গোটা পরিকল্পনা তৈরি হয়ে রয়েছে। শুধু তাঁর উপস্থিতিই এবার সেই আন্দোলনকে অন্য মাত্রায় নিয়ে যাবে বলে অনেকে মনে করছেন। গোটা দিল্লিতে বেশ কয়েকদিন থাকার পরিকল্পনা নিয়েই রওনা দিয়েছেন তিনি। এখন দেখার সেখানে আন্দোলন নির্বাচন সদন পর্যন্ত পৌঁছতে পারে কিনা। ইতিমধ্যেই জ্ঞানেশ কুমারের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে খবর মিলেছে।




