• facebook
  • twitter
  • youtube
Tuesday, 6 October, 2026

বিডিও প্রশান্ত বর্মনকে ৪৮ ঘণ্টার ‘আল্টিমেটাম’ হাইকোর্টের

আদালতে এদিন প্রশান্ত বর্মনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। খুনের মামলায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও তিনি কীভাবে বিডিও পদে বহাল রয়েছেন এবং কীভাবে সরকারি বেতন পাচ্ছেন, তা নিয়ে বিস্ময় প্রকাশ করে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে।

বিডিও প্রশান্ত বর্মনকে ৪৮ ঘণ্টার ‘আল্টিমেটাম’ হাইকোর্টের

File Photo

খুনের মামলায় অভিযুক্ত বিতর্কিত বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের জন্য মাত্র ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিল  কলকাতা হাইকোর্ট। আগামী ৮ অক্টোবর বিকেল সাড়ে ৩টের মধ্যে পুলিশের কাছে হাজির হতে হবে তাঁকে। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাঁর বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে আদালত।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, অবিলম্বে বন্ধ করতে হবে প্রশান্ত বর্মনের বেতন। সেই সঙ্গে তাঁর যাবতীয় সম্পত্তির তালিকা তৈরি করে তা বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে এদিন প্রশান্ত বর্মনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। খুনের মামলায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও তিনি কীভাবে বিডিও পদে বহাল রয়েছেন এবং কীভাবে সরকারি বেতন পাচ্ছেন, তা নিয়ে বিস্ময় প্রকাশ করে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে।

সুপ্রিম কোর্টের একটি রায়ের উল্লেখ করে প্রধান বিচারপতি জানান, কোনও অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন আত্মগোপন করে থাকলে নির্দিষ্ট পরিস্থিতিতে তাঁর সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়ার ক্ষমতা আদালতের রয়েছে। সেই সূত্রেই এদিন প্রশান্ত বর্মনের সম্পত্তি চিহ্নিত করে বাজেয়াপ্তের প্রক্রিয়া শুরুর নির্দেশ দেয় আদালত।

আগামী ১৪ ডিসেম্বর ফের এই মামলার শুনানি। সেদিন মামলার তদন্ত কতদূর এগিয়েছে, তার পূর্ণাঙ্গ অগ্রগতির রিপোর্ট আদালতে জমা দিতে হবে সিআইডিকে। আদালতের এই নির্দেশের পর এখন নজর একটাই। ৮ অক্টোবর বিকেল সাড়ে ৩টের মধ্যে কি পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন প্রশান্ত বর্মন? নাকি শুরু হবে আরও কঠোর আইনি পদক্ষেপ?

আরও পড়ুন: জেড প্লাস প্রত্যাহারের ১৯ দিনের মাথায় হামলা! অভিষেকের নিরাপত্তা নিয়ে রাজ্যকে তীব্র ভর্ৎসনা আদালতের

এর আগেও কলকাতা হাইকোর্ট একাডেমির নির্দেশ দিলেও সেই নির্দেশ কার্যকর করতে এক প্রকার ব্যর্থই হয়েছিল পুলিশ। এখন দেখার বিষয় প্রশান্ত বর্মন আত্মসমর্পণ করেন কিনা।