• facebook
  • twitter
  • youtube
Friday, 2 October, 2026

জ্ঞানেশের বিরুদ্ধে বিক্ষোভ, যন্তর মন্তরে বিক্ষোভে আটক নেহা, অতিশী, যোগেন্দ্র, মনোজ

বিক্ষোভস্থলে পৌঁছনো এবং জমায়েতের চেষ্টায় একাধিক আন্দোলনকারীদের আটক করে পুলিশ

জ্ঞানেশের বিরুদ্ধে বিক্ষোভ, যন্তর মন্তরে বিক্ষোভে আটক নেহা, অতিশী, যোগেন্দ্র, মনোজ

Image: SNS

গান্ধী জয়ন্তীর দিন দিল্লির যন্তর মন্তর (Jantar Mantar) মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠল। এসআইআর নিয়ে ওঠা অভিযোগ এবং নির্বাচন কমিশনের কাজকর্মের প্রতিবাদে  বিক্ষোভের ডাক দেওয়া হয়। বিক্ষোভস্থলে পৌঁছনো এবং জমায়েতের চেষ্টায় একাধিক আন্দোলনকারীদের আটক করে পুলিশ।

আটক হওয়ার মধ্যে রয়েছেন আইসার সভাপতি নেহা বোরা, রাজনৈতিক বিশ্লেষক যোগেন্দ্র যাদব, আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ এবং আরজেডি সাংসদ মনোজ ঝা। প্রাক্তন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশীকেও আটক করা হয়।

আরও পড়ুন: জ্ঞানেশের ইস্তফার দাবিতে বিক্ষোভের ডাক, যন্তর মন্তরে কড়া পুলিশি নজরদারি! দিল্লিজুড়ে ১৬৩ ধারা জারি

বিক্ষোভের আগেই নিউ দিল্লি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছিল। বিএনএসএস-র ১৬৩ ধারা জারি করা হয়। যন্তর মন্তরে বিক্ষোভের জন্য দিল্লি পুলিশ অনুমতি দেয়নি এবং এলাকায় ব্যারিকেড দেওয়া হয়। যন্তর মন্তর ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ১১টি মেট্রো স্টেশনের প্রবেশ ও বেরনোর পথ বন্ধ রাখা হয়।

সৌরভ ভরদ্বাজ দিল্লির কড়া নিরাপত্তা ব্যবস্থার সমালোচনা করেন। তাঁর বক্তব্য, গোটা দিল্লিকে দুর্গে পরিণত করা হয়েছে। তিনি জানান, কোনও গাড়ি বা অন্য সঙ্গী ছাড়াই তিনি যন্তর মন্তরে (Jantar Mantar) পৌঁছেছেন এবং কর্মী-সমর্থকদেরও সেখানে আসার আহ্বান জানান।

আটক হওয়ার পর পুলিশ ভ্যানের ভিতর থেকেই বক্তব্য রাখতে দেখা যায় রাজ্যসভা সাংসদ মনোজ ঝাকে। সামাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় ঝাকে বলতে শোনা যায়, ‘আজ গান্ধী জয়ন্তী। লজ্জা হওয়া উচিত।‘ বিক্ষোভস্থলে পৌঁছনোর চেষ্টা করায় একাধিক আন্দোলনকারীকে পুলিশ বাসে তুলে নিয়ে যায়।

আরও পড়ুন: মনের জোর আর হনুমান চালিশা পড়েছিলেন মচ্ছর, ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা থেকে কী ভাবে বাঁচলেন মোদীকে জানালেন স্মিত

আটকের পর নেহা বোরা দাবি করেন, মানুষকে বাসে তুলে নিয়ে গেলেও তাঁদের বক্তব্য থামানো যাবে না। তাঁর বক্তব্য, একটি বাসে মানুষকে আটক করে রাখলে আরও অনেক বাসের প্রয়োজন হবে, কিন্তু তাতেও মানুষের কণ্ঠরোধ করা যাবে না।

নেহা অভিযোগ করেন, মুখ্য নির্বাচন কমিশনার মানুষের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন। তাঁর দাবি, এই বিষয়টি মানুষ ভুলবে না।

পুলিশ ভ্যানের ভিতর থেকেই আন্দোলনকারীদের উদ্দেশে বক্তব্য রাখেন যোগেন্দ্র যাদব। পুলিশি পদক্ষেপের সঙ্গে স্বাধীনতা আন্দোলনের সময় ব্রিটিশ সরকারের ব্যবহৃত পদ্ধতির তুলনা করেন তিনি। তাঁর বক্তব্য, মানুষও স্বাধীনতা সংগ্রামীদের মতোই প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন।

যাদব দাবি করেন, দিল্লি ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই বিক্ষোভে যোগ দিতে এসেছেন। এরপরই তিনি বলেন, সংসদে যদি ইমপিচমেন্টের সুযোগ না দেওয়া হয়, তা হলে ‘দেশের মানুষ রাস্তায় ইমপিচমেন্ট করবে’।

দেখুন: বক্সা টাইগার রিজার্ভে বাঘ পুনর্বাসন, উপস্থিত শুভেন্দু ও ভূপেন্দ্র যাদব