• facebook
  • twitter
  • youtube
Thursday, 1 October, 2026

সৌদির পোশাকে চিনা রোবটের নাচ, রিয়াধে তাক লাগাল হিউম্যানয়েডরা, ভাইরাল ভিডিয়ো

কেউ তাদের নিখুঁতভাবে একসঙ্গে নড়াচড়া করার ক্ষমতায় মুগ্ধ। কেউ আবার রোবটদের অস্বাভাবিক নাচের দৃশ্য নিয়ে মজাও করেছেন। অনেকে আবার একে হিউম্যানয়েড রোবট তৈরিতে চিনের প্রযুক্তিগত অগ্রগতির উদাহরণ হিসাবেও দেখেছেন।

সৌদির পোশাকে চিনা রোবটের নাচ, রিয়াধে তাক লাগাল হিউম্যানয়েডরা, ভাইরাল ভিডিয়ো

Photo: X

ঐতিহ্যবাহী সৌদি পোশাকে সজ্জিত চিনা হিউম্যানয়েড রোবট। রিয়াধের একটি অনুষ্ঠানে সেই দেশের বিখ্যাত আরদাহ তলোয়ার নৃত্য পরিবেশন করে এই রোবটরা অতিথিদের বিস্মিত করেছে। এই পরিবেশনার একটি ভিডিও এরপর সমাজমাধ্যমে ভাইরাল হয়। গণপ্রজাতন্ত্রী চিনের প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে রিয়াধে চিনা দূতাবাসের আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে এই ব্যতিক্রমী অনুষ্ঠানটি হয়। রোবটের এই অভিনব পরিবেশনা নিছক প্রযুক্তির দক্ষতা তুলে ধরা নাকি সৌদি সংস্কৃতিকে সম্মান জানিয়ে দুই দেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্কের কূটনৈতিক বার্তা, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

মানুষের আদলে তৈরি এই রোবটগুলিকে সৌদির ঐতিহ্যবাহী থোব ও ঘুত্রা পরানো হয়েছিল। তাদের হাতে ছিল লাঠি। সঙ্গীত এবং ড্রামের তালে তালে সারিবদ্ধভাবে একসঙ্গে হাত-পা নাড়ানো, ঘোরা এবং মাথা নোয়ানোর মতো বিভিন্ন অঙ্গভঙ্গি করতে দেখা যায় তাদের। সৌদির আরদাহ নামে একটি ঐতিহ্যবাহী নাচের বিভিন্ন মুদ্রা এই অনুষ্ঠানে তুলে ধরে রোবটগুলি। পুরুষদের এই দলবদ্ধ এই নাচ বিশেষ অনুষ্ঠান ও উৎসবে  পরিবেশন করা হয়। নাচের সঙ্গে থাকে ঢোলের তাল এবং কবিতা পাঠ। অনেক ক্ষেত্রে নৃত্যশিল্পীদের হাতে থাকে আনুষ্ঠানিক তলোয়ার। তবে রিয়াধের এই অনুষ্ঠানে রোবটগুলির হাতে তলোয়ারের বদলে লাঠি ছিল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়াধ অঞ্চলের মেয়র প্রিন্স ফয়সল বিন আবদুল আজিজ বিন আইয়াফ আল-মুকরিন এবং সৌদি আরবে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত চ্যাং হুয়া। পরে রাষ্ট্রদূত সমাজমাধ্যমে ওই পরিবেশনার ভিডিও পোস্ট করেন। তিনি জানান, চিনে তৈরি রোবটগুলি অনুষ্ঠানে একটি বিশেষ পরিবেশনা উপহার দিয়েছে।

ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ তাদের নিখুঁতভাবে একসঙ্গে নড়াচড়া করার ক্ষমতায় মুগ্ধ। কেউ আবার রোবটদের অস্বাভাবিক নাচের দৃশ্য নিয়ে মজাও করেছেন। অনেকে আবার একে হিউম্যানয়েড রোবট তৈরিতে চিনের প্রযুক্তিগত অগ্রগতির উদাহরণ হিসাবেও দেখেছেন।

আরও পড়ুন: পর পর ২ বার প্রাণঘাতী ইঞ্জেকশন, তারপরেও মৃত্যু হল না আমেরিকার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির

চিন গত কয়েক বছরে বিভিন্ন অনুষ্ঠান ও প্রযুক্তি সংক্রান্ত প্রদর্শনীতে হিউম্যানয়েড রোবটের নাচ, খেলাধুলা এবং তাদের নানা ধরনের কাজ করার ক্ষমতা তুলে ধরেছে। রিয়াধের এই অনুষ্ঠানেও প্রযুক্তির সেই প্রদর্শনের সঙ্গে সৌদি সংস্কৃতির একটি পরিচিত নাচকে জুড়ে দেওয়া হল।