• facebook
  • twitter
  • youtube
Sunday, 27 September, 2026

জি৪-এ ফাটল? ভারত-ব্রাজিলের পাশে মস্কো, জামার্নি ও জাপানকে নিয়ে ভিন্ন সুর

বাকি ১০টি দেশ অস্থায়ী সদস্য হিসেবে দুই বছরের জন্য পরিষদে থাকে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্তনিতে হয় সদস্য রাষ্ট্রগুলিকে। নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রশ্নে সদস্য দেশগুলির মধ্যে এখনও মতপার্থক্য রয়েছে।

জি৪-এ ফাটল? ভারত-ব্রাজিলের পাশে মস্কো, জামার্নি ও জাপানকে নিয়ে ভিন্ন সুর

Photo: Statesman

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ নিয়ে জি৪ (G4) জোটের অভ্যন্তরীণ সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। ভারত ও ব্রাজিলের স্থায়ী সদস্যপদের দাবিকে সমর্থন করলেও জার্মানি ও জাপানের একই দাবির বিরোধিতা করেছে রাশিয়া। মস্কোর এই অবস্থান জি৪-এর যৌথ সংস্কার প্রচেষ্টার সঙ্গে স্পষ্ট পার্থক্য তৈরি করেছে।

নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ মস্কোর অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ‘নিরাপত্তা পরিষদের সম্প্রসারণে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব বাড়ানো উচিত।’ পশ্চিমা দেশগুলির জন্য অতিরিক্ত স্থায়ী আসন দেওয়ার পক্ষে রাশিয়া নয় বলেও তিনি স্পষ্ট করেছেন।

রাশিয়ার বিদেশমন্ত্রী ভারত ও ব্রাজিলের মতো দেশগুলির প্রতিনিধিত্ব বাড়ানোর পক্ষে সওয়াল করেন। মস্কো ভারতের স্থায়ী সদস্যপদের দাবিকেও সমর্থন করেছে। সেই সঙ্গে আফ্রিকার প্রতিনিধিত্ব বাড়ানোর পক্ষেও অবস্থান নিয়েছে মস্কো। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান, এই চারটি দেশ জি৪-এর সদস্য ও দীর্ঘদিন ধরে নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী দুই ধরনের সদস্যপদ বাড়ানোর দাবিতে একসঙ্গে প্রচার চালিয়ে আসছে।

এর মধ্যে রাশিয়ার সাম্প্রতিক অবস্থান জি৪-এর অভিন্ন দাবির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মতপার্থক্য সামনে এনেছে। এদিকে রাষ্ট্রপুঞ্জে সাধারণ পরিষদের বিতর্কে ভারতের দাবির প্রতি সমর্থন জানিয়েছে একাধিক দেশ। মরিশাসের বিদেশমন্ত্রী ধনঞ্জয় রামফুল ভারতকে সমর্থনের পাশাপাশি জি৪ ও এল৬৯-এর সংস্কার প্রচেষ্টার পক্ষেও মত দেন। পর্তুগাল ভারত ও ব্রাজিলের পাশাপাশি আফ্রিকার প্রতিনিধিত্ব বৃদ্ধির সমর্থন করেছে। অন্যদিকে, মার্শাল দ্বীপপুঞ্জ জাপান ও তার জি৪ অংশীদারদের সমর্থন করেছে।

বর্তমানে নিরাপত্তা পরিষদে ১৫টি দেশ রয়েছে। এর মধ্যে আমেরিকা, রাশিয়া, চিন, ব্রিটেন ও ফ্রান্স এই পাঁচটি দেশ স্থায়ী সদস্য। তাঁদের ভেটো ক্ষমতাও রয়েছে। বাকি ১০টি দেশ অস্থায়ী সদস্য হিসেবে দুই বছরের জন্য পরিষদে থাকে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্তনিতে হয় সদস্য রাষ্ট্রগুলিকে। নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রশ্নে সদস্য দেশগুলির মধ্যে এখনও মতপার্থক্য রয়েছে।

আরও পড়ুন: বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, মৃত ১২, আহত ৩০

তবে ভারতের স্থায়ী সদস্যপদের বিষয়ে রাশিয়ার এই ধরনের অবস্থান কিছু নতুন নয়। ২০২৫ সালের ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনেকর যৌথ বিবৃতিতেও মস্কো নিরাপত্তা পরিষদের সংস্কারের পাশাপাশি একটি সম্প্রসারিত পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের প্রতি সমর্থন জানিয়েছিল।