• facebook
  • twitter
  • youtube
Saturday, 26 September, 2026

বিরাট বদল, সিবিএসই-র নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেলেন মনদীপ ভান্ডারি

অন-স্ক্রিন মার্কিং বা উত্তরপত্রের ডিজিটাল মূল্যায়ন ব্যবস্থা ঘিরে বিতর্কের মধ্যেই সিবিএসই-তে ফের বড়সড় রদবদল। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা

বিরাট বদল, সিবিএসই-র নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেলেন মনদীপ ভান্ডারি

অন-স্ক্রিন মার্কিং বা উত্তরপত্রের ডিজিটাল মূল্যায়ন ব্যবস্থা ঘিরে বিতর্কের মধ্যেই সিবিএসই-তে ফের বড়সড় রদবদল। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন বরিষ্ঠ আইএএস আধিকারিক মনদীপ কে ভান্ডারি। শুক্রবার কর্মীবর্গ ও প্রশিক্ষণ মন্ত্রকের বিজ্ঞপ্তিতে তাঁর নিয়োগের কথা জানানো হয়েছে। চার মাসেরও কম সময়ে এই নিয়ে তৃতীয়বার চেয়ারম্যান পদে বদল হল বোর্ডে।

কেন্দ্রীয় নিয়োগ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি মনদীপ ভান্ডারিকে ভারত সরকারের অতিরিক্ত সচিবের সমমর্যাদা ও বেতনক্রমে সিবিএসই-র চেয়ারম্যান হিসেবে নিয়োগে অনুমোদন দিয়েছে। সেই অনুযায়ী সাময়িক ভাবে চেয়ারম্যান পদের মর্যাদাও বাড়ানো হয়েছে।

২০০১ ব্যাচের এজিএমইউটি ক্যাডারের এই আইএএস আধিকারিক এতদিন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপালের প্রধান সচিব হিসেবে দায়িত্বে ছিলেন। পাশাপাশি শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের দায়িত্বও সামলেছেন তিনি। চিকিৎসাবিজ্ঞানে স্নাতক মনদীপ এর আগে ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত শ্রী মাতা বৈষ্ণো দেবী শ্রাইন বোর্ডের অতিরিক্ত মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ছিলেন। পরবর্তীতে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক এবং স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

মনদীপের নিয়োগে কয়েক মাস ধরে চলা চেয়ারম্যান বদলের পর্বে আপাতত ইতি পড়ল। গত ২ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব লোখাণ্ডে প্রশান্ত সীতারামকে সিবিএসই চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। তার আগে ২ জুন তৎকালীন চেয়ারম্যান রাহুল সিংহকে কৃষি মন্ত্রকে বদলি করা হয় এবং লোখাণ্ডেকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল। একই সময়ে বোর্ডের সচিব হিমাংশু গুপ্তকে তাঁর মূল ক্যাডারে ফেরত পাঠিয়ে বরুণ ভরদ্বাজকে নতুন সচিব করা হয়।

চেয়ারম্যান পদে ঘনঘন রদবদলের নেপথ্যে অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে বোর্ডের ডিজিটাল মূল্যায়ন ব্যবস্থা। ২০২৬ সালের বোর্ড পরীক্ষায় অন-স্ক্রিন মার্কিং ব্যবস্থার জন্য পরিষেবা সংগ্রহ ও ব্যবহারে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। পাশাপাশি উত্তরপত্রের নিম্নমানের স্ক্যানিং এবং প্রযুক্তিগত ত্রুটির জেরে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরে অসামঞ্জস্য তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন শিক্ষক ও আধিকারিকদের একাংশ।

বিতর্ক বাড়তে থাকায় বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্রের প্রাক্তন সচিব এস রাধা চৌহানের নেতৃত্বে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সেই বিতর্কের আবহেই এ বার অভিজ্ঞ প্রশাসক মনদীপ ভান্ডারির হাতে সিবিএসই-র দায়িত্ব তুলে দিল কেন্দ্র। তাঁর নিয়োগে বোর্ডের প্রশাসনিক স্থিতিশীলতা ফেরানোর পাশাপাশি ডিজিটাল মূল্যায়ন ব্যবস্থা ঘিরে ওঠা প্রশ্নগুলিরও সমাধান হয় কি না, এখন সেটাই নজরে।