• facebook
  • twitter
  • youtube
Thursday, 24 September, 2026

অজিত আগরকরের পর নির্বাচকদের প্রধান কে? সিদ্ধান্ত শীঘ্রই, জানিয়ে দিল বিসিসিআই

আগরকরের উত্তরসূরি নিয়ে জল্পনা চললেও ৪ অক্টোবরের আগে সরকারি ভাবে কোনও নাম ঘোষণা হওয়ার সম্ভাবনা নেই। ২০২৩-এর জুলাইয়ে চেতন শর্মার জায়গায় নির্বাচকদের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আগরকর। তাঁর কার্যকালে ভারত ২০২৪-এর টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে।

অজিত আগরকরের পর নির্বাচকদের প্রধান কে? সিদ্ধান্ত শীঘ্রই, জানিয়ে দিল বিসিসিআই

File Photo

প্রধান নির্বাচকের পদে অজিত আগরকর আর থাকছেন না। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী সিনিয়র নির্বাচক কমিটির প্রধান কে হবেন, তা এখনই জানাতে চায় না বিসিসিআই। বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া জানিয়েছেন, আগরকরের তিন বছরের চুক্তি শেষ হচ্ছে ৪ অক্টোবর। তার পরেই তাঁর পরিবর্তে কে আসবেন, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

১৮ সেপ্টেম্বর আগরকর বোর্ডকে জানিয়ে দেন, তিন বছরের মেয়াদ শেষ হওয়ার পরে তিনি আর চুক্তির মেয়াদ বাড়াতে চান না। এর পরেই তাঁর উত্তরসূরি নিয়ে আলোচনা শুরু হয়েছে। কিন্তু বোর্ড আপাতত এই ব্যাপারে তাড়াহুড়ো করতে নারাজ।

সইকিয়া বলেছেন, ‘অজিত আগরকরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ৪ অক্টোবর। তাই আমাদের হাতে যথেষ্ট সময় রয়েছে। ৪ অক্টোবরের পর যে শূন্য পদ তৈরি হবে, সেটি নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। বিসিসিআই কোনও সিদ্ধান্ত নিলে অবশ্যই তা প্রকাশ্যে জানানো হবে’।

অর্থাৎ, আগরকরের উত্তরসূরি নিয়ে জল্পনা চললেও ৪ অক্টোবরের আগে সরকারি ভাবে কোনও নাম ঘোষণা হওয়ার সম্ভাবনা নেই। ২০২৩-এর জুলাইয়ে চেতন শর্মার জায়গায় নির্বাচকদের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আগরকর। তাঁর কার্যকালে ভারত ২০২৪-এর টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে।

আগরকরের বিদায়ের পর নতুন মুখ্য নির্বাচকের সামনে অবশ্য বড় দায়িত্ব অপেক্ষা করছে। ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপকে সামনে রেখে দল গঠন, সিনিয়র ক্রিকেটারদের ভবিষ্যৎ এবং সাদা বলের ক্রিকেটে পরবর্তী পরিকল্পনা— সবই সামলাতে হবে নতুন নির্বাচক কমিটিকে।

শোনা যাচ্ছে, সব ঠিকঠাক চললে আগারকরের চেয়ারে বসতে পারেন পার্থিব প্যাটেল। বর্তমান নির্বাচকদের কমিটিতে টেস্ট খেলার দিক থেকে পার্থিবই সবচেয়ে অভিজ্ঞ। তিনি ২৫টি টেস্ট খেলেছেন। আরেক নির্বাচক প্রজ্ঞান ওঝা খেলেছেন ২৪টি টেস্ট, শিব সুন্দর দাস খেলেছেন ২৩টি টেস্ট, আরপি সিং খেলেছেন ১৪টি এবং অজয় রাত্রা ৬টি টেস্ট। তাই টেস্ট খেলার অভিজ্ঞতার দিক থেকে পার্থিবই এগিয়ে। এই যুক্তিতেই তাঁরই প্রধান নির্বাচক হওয়ার সম্ভাবনা বেশি বলে শোনা যাচ্ছে।

শ্রেয়সদেরও সোনা জয় নিয়ে আশা

এ দিকে জাপানে চলা এশিয়ান গেমসে ভারতের পুরুষ ক্রিকেট দল নিয়েও আশাবাদী বিসিসিআই। ইতিমধ্যেই ভারতীয় মহিলা দল সোনা জিতেছে। সেই সাফল্যের পুনরাবৃত্তি পুরুষ দলও করবে বলে আশা করছেন সইকিয়া।

তিনি বলেন, ‘আমরা খুব গর্বিত। দেশকে আমাদের মেয়েরা দুর্দান্ত জয় উদ্‌যাপন করছে। মহিলা দল সত্যিই অসাধারণ খেলেছে এবং এক বছরেরও বেশি সময় ধরে তাদের জয়ের ধারা অব্যাহত রয়েছে’।

শ্রেয়স আইয়ারদের অভিযান শুরু হবে ২৮ সেপ্টেম্বর। ফাইনাল ৩ অক্টোবর। সইকিয়ার কথায়, ‘পুরুষ দলও জাপানে মহিলা দলের দেখানো পথ অনুসরণ করবে বলেই আমরা আশা করছি। ৩ অক্টোবর দেশকে আরও একটি সোনা জয়ের আনন্দ করার সুযোগ দিতে পারবে ভারত—এটাই আশা’।