• facebook
  • twitter
  • youtube
Wednesday, 23 September, 2026

এবার আগেই মিলবে বেতন-পেনশন, দুর্গাপুজোর আবহে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

তাছাড়া নবান্ন সূত্রে খবর, অক্টোবর মাসের বেতন, মজুরি এবং পেনশন অগ্রিম দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য অর্থ দপ্তর

এবার আগেই মিলবে বেতন-পেনশন, দুর্গাপুজোর আবহে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

Nabanna Photo-SNS

সামনেই দুর্গাপুজো। হাতে আর বেশি সময় নেই। ইতিমধ্যেই সকলের শপিং শুরু হয়ে গিয়েছে। সেপ্টেম্বর মাস এখন শেষের পথে। অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে দুর্গাপুজো। অনেকেই এই উৎসবে বেড়াতে যান। তার পরিকল্পনাও হয়ে গিয়েছে। আর শপিং বেশিরভাগ মানুষের শেষের পথে। সুতরাং হাত খালি অবস্থা সরকারি কর্মীদের। এই আবহে সরকারি কর্মচারীদের জন্য সুখবর নিয়ে এল শুভেন্দু অধিকারীর সরকার। সরকারি কর্মচারীদের যাতে হাতে টাকা থাকে এবং উৎসবের মরশুমে তাঁরা আনন্দ করতে পারেন সেই ব্যবস্থাই করল বিজেপি সরকার।

এবার অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে দুর্গাপুজো পড়েছে। সুতরাং সেপ্টেম্বর মাসের বেতন শুরুতেই সকলের খরচ হয়ে যাবে। তাহলে দুর্গাপুজোর সময় চলবে কেমন করে? উঠছে প্রশ্ন। সেপ্টেম্বর মাস ফুরোলেই অক্টোবর অর্থাৎ দুর্গাপুজোর মাস। আর দুর্গাপুজো মানেই উপহারের মরশুম। চলতি বছরের এই কয়েকটি বিশেষ দিনে আনন্দের রসদ জোগাতে পকেটেও পড়ে টান। এবার সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। যা প্রকাশ্যে আসতেই খুশির হাওয়া বইতে শুরু করেছে।

যাঁরা পেনশন পান তাঁরাও খুশি হয়েছেন এই খবরে। সাধারণত মাসের শেষ দিনে অর্থাৎ ৩০ অথবা ৩১ তারিখে বেতন হয় সরকারি কর্মচারীদের। ওইদিনেই পেনশন পান অবসরপ্রাপ্ত কর্মীরা। এবার দুর্গাপুজো শুরু হচ্ছে মাসের মাঝামাঝি সময় থেকে। ১৬ অক্টোবর তারিখে দুর্গাপুজোর মহাষষ্ঠী। তার আগেই এবার কর্মীদের বেতন দেওয়ার ব্যবস্থা করছে শুভেন্দু অধিকারীর সরকার। এই নিয়ে সিদ্ধান্ত হয়ে গিয়েছে। ফলে দুর্গাপুজোর সময় সরকারি কর্মচারীদের হাতে চলে আসবে টাকা। পেনশনারদের হাতেও আসবে টাকা। উৎসব কাটবে আনন্দে।

তাছাড়া নবান্ন সূত্রে খবর, অক্টোবর মাসের বেতন, মজুরি এবং পেনশন অগ্রিম দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য অর্থ দপ্তর। নবান্ন থেকে জারি করা হয়েছে মেমো নম্বর- ৩৫৫৫-এফ(ওয়াই) অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর মাসের বেতন, গ্রান্ট-ইন-এইডের অধীনে বেতন, মজুরি, পারিশ্রমিক, স্টাইপেন্ড, সাম্মানিক এবং পেনশন, ফ্যামিলি পেনশন সবই ১৫ অক্টোবর দেওয়া হবে। সুতরাং পকেটে টাকার টান থাকবে না বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, বর্ধিত মহার্ঘ ভাতা-সহ এই বেতন দেওয়া হবে। তাই ডিডিও এবং ডিপোজিট অ্যাকাউন্টের অ্যাডমিনিস্ট্রেটরদের ট্রেজারিতে বিল অনেক আগে জমা দিতে বলা হয়েছে। যাতে আগামী ১৫ তারিখেই ম্যান্ডেট দেওয়া যায়। মাসের মাঝামাঝি বা দুর্গাপুজোর আগে বেতন এসে গেলে খুব স্বাভাবিকভাবেই উৎসবের মরশুমে হাসি ফুটবে সরকারি কর্মীদের মুখে বলে মনে করা হচ্ছে।