শুধু মাঠে বিশ্বচ্যাম্পিয়নদের দেখা নয়, তাঁদের কলকাতায় নিয়ে আসার ব্যবস্থাপনাতেও চমক থাকছে ভরপুর। ৩ অক্টোবর ভারত-ব্রাজিল ম্যাচ আয়োজন করার জন্য প্রায় ৭০ কোটি টাকা যে ব্যয় করছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন, সে খবর তো এখন প্রায় সবারই জানা।
এ বার জানা গেল, প্রায় ৬ কোটি টাকা খরচ করে কার্লো আনসেলোত্তির ব্রাজিল দলকে অস্ট্রেলিয়া থেকে সরাসরি কলকাতায় উড়িয়ে আনবে ফেডারেশন। ফেডারেশন সূত্রের খবর, একটি বিশেষ চার্টার্ড বিমান ভাড়া করা হচ্ছে ব্রাজিল দলকে শহরে নিয়ে আসার জন্য। ৩ অক্টোবর যুবভারতীতে ভারত-ব্রাজিলের বহু প্রতীক্ষিত ম্যাচ। তার দু’দিন আগে, অর্থাৎ ১ অক্টোবর, কলকাতায় পৌঁছনোর কথা পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের।
ব্রাজিলের এই কলকাতা সফরকে ঘিরে রীতিমতো হই হই কাণ্ড চলছে সারা দেশ জুড়ে। জানা গিয়েছে, দলের সঙ্গে প্রায় ৯০ জনের প্রতিনিধি থাকবে। ফুটবলারদের সঙ্গে থাকবেন কোচ আনসেলোত্তি ও সাপোর্ট স্টাফের বিশাল বাহিনী এবং ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (CBF) পদস্থ আধিকারিকেরাও। তাঁদের যাতায়াতের জন্যই এই বিশেষ চার্টার্ড বিমানের ব্যবস্থা।
এই বিশেষ বিমানে অন্তত ৩০টি বিজনেস-ক্লাস আসন রয়েছে। অর্থাৎ দীর্ঘ বিমানযাত্রার ধকল যাতে কম হয় এবং কলকাতায় পৌঁছনোর পর যাতে ব্রাজিলের ফুটবলাররা দ্রুত ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়তে পারেন, সে দিকেই বিশেষ নজর রাখা হবে। এ সবই হচ্ছে CBF-এর পরামর্শে।
কলকাতায় আসার আগে অস্ট্রেলিয়ায় দু’টি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে সেলিসাওরা। সেখান থেকেই কলকাতার উদ্দেশে উড়ে আসবে দল। প্রায় ন’হাজার কিলোমিটারের দীর্ঘ সফরের পরে ক্লান্তি বা জেট ল্যাগ যাতে বড় সমস্যা না হয়ে দাঁড়ায়, তার জন্য বিশেষ পরিকল্পনা করা হয়েছে। বিমানবন্দরে সময় বাঁচাতে অভিবাসন এবং পাসপোর্ট সংক্রান্ত কাজকর্ম এই বিমানের মধ্যেই করে ফেলার ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে।
শুধু কলকাতায় আসার সময়ই নয়, ম্যাচের পরেও ব্রাজিলীয় ফুটবলারদের জন্য বিজনেস-ক্লাস যাত্রার ব্যবস্থা থাকবে। দলের কয়েক জন তারকা ফুটবলারের ক্ষেত্রে তাঁদের ক্লাবের তরফে আলাদা যাতায়াতের পরিকল্পনাও থাকতে পারে। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া এবং এন্দ্রিকের মতো তারকারা ম্যাচের পর যথাসম্ভব দ্রুত কলকাতা ছাড়তে পারেন বলে জানা গিয়েছে। সম্ভবত, তাঁরা ম্যাচে পর মাঝ রাতেই কলকাতা ছাড়বেন।
এই বিপুল খরচ হলেও ব্রাজিল ম্যাচের টিকিট বিক্রির গতিৃপ্রকৃতি খুব একটা ভালো না। প্রথম দিকে ভাল চাহিদা থাকলেও ক্রমশ চাহিদা কমছে। শুরুতে ৯৯৯ টাকা থেকে শুরু হওয়া টিকিটের চাহিদা ছিল যথেষ্ট। কিন্তু তুলনামূলক বেশি দামের বেশ কিছু ক্যাটেগরির টিকিট এখনও অনলাইনে পাওয়া যাচ্ছে। কলকাতার তিন প্রধান ক্লাব—ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহমেডান স্পোর্টিংয়ের সমর্থকদের জন্য ফেডারেশন ১০ শতাংশ ছাড়ও ঘোষণা করেছে।
ব্রাজিলের পর কলকাতায় আসছে আরও এক বিশ্বচ্যাম্পিয়ন দল। ৬ অক্টোবর ভারত-উরুগুয়ে ম্যাচ হওয়ার কথা। মঙ্গলবার থেকেই উরুগুয়ে ম্যাচের টিকিট বিক্রি শুরু হওয়ার কথা এবং ব্রাজিল ম্যাচের তুলনায় সেই টিকিটের দাম কম রাখা হবে বলে জানা গিয়েছে। তা সত্ত্বেও এই ম্যাচের টিকিটের চাহিদা খুব একটা থাকবে না বলেই ওয়াকিবহাল মহলের ধারনা। বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর ঠিক আগে এই ম্যাচ হওয়ায় ফুটবলপ্রেমীরা বিপুল দাম দিয়ে টিকিট কিনতে আগ্রহী নন বলে মনে হচ্ছে।
তিনটি ম্যাচের টিকিট বিক্রির জন্য Paytm District-এর সঙ্গে AIFF-এর চুক্তির মূল্য প্রায় ২৫ কোটি টাকা। কিন্তু তিন ম্যাচের টিকিট থেকে এত টাকা আয় হবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। শোনা যাচ্ছে, এই বিপুল ব্যয় ফেডারেশন তাদের স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট ভেঙে করা হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত সেই টাকা ফেডারেশন তুলে আনতে পারবে কি না, সেই প্রশ্নও তুলছেন বিশেষজ্ঞরা।




