• facebook
  • twitter
  • youtube
Sunday, 20 September, 2026

এশিয়ান গেমসে হকি দিয়ে ভারতের গোল-উৎসব, ইন্দোনেশিয়াকে ১৩-১ উড়িয়ে শুরু

ভারতের লক্ষ্য শুধু এশিয়ান গেমসের সোনা নয়। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলে ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সের সরাসরি যোগ্যতা

এশিয়ান গেমসে হকি দিয়ে ভারতের গোল-উৎসব, ইন্দোনেশিয়াকে ১৩-১ উড়িয়ে শুরু

Indian Men's Hockey Team Photo-SNS

বিশ্বকাপের হতাশা পিছনে ফেলে এশিয়ান গেমসে নতুন করে শুরু ভারতের। আর সেই শুরুতেই গোলের বন্যা। রবিবার পুল ‘এ’-র প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ১৩-১ গোলে উড়িয়ে দিলেন হরমনপ্রীত সিং-রা। চার গোল করে ম্যাচের নায়ক দিলপ্রীত সিংহ। জোড়া গোল শিলানন্দ লাকড়া ও সুখজিৎ সিংহের। বাকি গোল অভিষেক, রাজিন্দর সিং, মনদীপ সিং, অধিনায়ক হরমনপ্রীত এবং জুগরাজ সিং-এর।

শুরু থেকেই বলের দখল নিয়ে খেলেছে ভারত। ষষ্ঠ মিনিটেই হরমনপ্রীতের পেনাল্টি কর্নারের শট গোলরক্ষক আলম ফজর আটকে দিলেও ফিরতি বল জালে পাঠান শিলানন্দ। ১২ মিনিটে ব্যবধান বাড়ান অভিষেক। তার পর শুরু দিলপ্রীতের ঝড়।

১৮ মিনিটে অভিষেকের পাস থেকে গোল করেন দিলপ্রীত। এক মিনিট পরেই সুখজিতের পাস ধরে আবার গোল। ১৯ মিনিটেই রাজিন্দরও নাম লেখান স্কোরশিটে। ২১ মিনিটে মনদীপের গোলে ভারত এগিয়ে যায় ৫-০।

২৭ মিনিটে পেনাল্টি স্ট্রোক পায় ভারত। কিন্তু হরমনপ্রীতের শট অসাধারণ দক্ষতায় আটকে দেন ইন্দোনেশিয়ার গোলরক্ষক ফজর। অবশ্য পরের মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে ভুল শুধরে নেন ভারতীয় অধিনায়ক। প্রথমার্ধ শেষ হয় ৭-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ইন্দোনেশিয়া একটি গোল শোধ করে। ৩৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন অউলিয়া আল আরধ। কিন্তু তাতে ভারতের আক্রমণে কোনও ছেদ পড়েনি। ৩৫ মিনিটে শিলানন্দ নিজের দ্বিতীয় গোল করেন। তার পর ৩৭ মিনিটে দিলপ্রীত হ্যাটট্রিক পূর্ণ করেন। ৩৮ মিনিটে সুখজিৎও গোল করেন।

শেষ কোয়ার্টারে আরও তিন গোল। ৪৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জুগরাজ, ৪৮ মিনিটে সুখজিৎ নিজের দ্বিতীয় এবং ৪৯ মিনিটে দিলপ্রীত নিজের চতুর্থ গোলটি করেন। শেষ পর্যন্ত ১৩-১।

চার গোল করেও অবশ্য কৃতিত্বটা নিজের কাছে রাখতে চাননি দিলপ্রীত। ম্যাচের পরে তাঁর বক্তব্য, ‘আমরা খুব ভাল খেলেছি। নিজেদের বেসিক এবং খেলার কাঠামোর উপর আমরা জোর দিয়েছিলাম। মূলত পেনাল্টি কর্নার কী ভাবে আদায় করা যায় এবং সেখান থেকে কী ভাবে গোল করা যায়, সেটাই গুরুত্বপূর্ণ ছিল।’

দিলপ্রীত আরও বলেন, ‘এটা পুরো দলের পরিশ্রম। মাঠে আমরা একে অন্যকে সাহায্য করছি। এখানে সব দলই খুব ভাল। কোনও দলকেই সহজ ভাবে নেওয়া যাবে না। ম্যাচ ধরে ধরে, ধাপে ধাপে নিজেদের খেলা খেলতে হবে।’

ভারতের লক্ষ্য শুধু এশিয়ান গেমসের সোনা নয়। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলে ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সের সরাসরি যোগ্যতা অর্জনের সুযোগ রয়েছে। ফলে এশিয়ান গেমসের হকি অভিযান ভারতের কাছে আরও গুরুত্বপূর্ণ।

এর আগে ভারত এশিয়ান গেমসে ২০১৮ ও ২০২২ সালে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে যথাক্রমে ১৭-০ ও ১৬-০ ব্যবধানে জিতেছিল। এ বারও সেই আধিপত্য বজায় রাখলেন হরমনপ্রীতেরা।

ভারতের পরের ম্যাচ মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে। ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ১৩ গোল করে অভিযান শুরু করার পরে এখন নজর আরও বড় লক্ষ্যে—এশিয়ান গেমসের সোনা এবং সরাসরি অলিম্পিক্সের টিকিট।