অবশেষে সমস্ত জটিল অঙ্ক ও জল্পনার অবসান। শনিবার বারাসত স্টেডিয়ামে মহমেডান স্পোর্টিংকে ৩-২-এ হারিয়ে আট বছর পরে ফের কলকাতা ফুটবল লিগে চ্যাম্পিয়নের খেতাব জিতে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। স্বাধীনতার পরে এই নিয়ে ৩১বার লিগ খেতাব জিতে নিল তারা।
এক সময়ে যে লিগ ছিল বাংলার ফুটবলের নিউক্লিয়াস ও সারা ভারতের ফুটবলের অন্যতম সেরা আকর্ষণ, সেই কলকাতা ফুটবল লিগ এতদিন তার জৌলুস হারিয়েছিল প্রতিযোগিতার অভাবে। কিন্তু এ বার লিগের একেবারে শেষ পর্যায়ে কলকাতা লিগ সরগরম হয়ে ওঠে।
অঙ্কের হিসেব বলছিল একসঙ্গে পাঁচ-পাঁচটি দল লিগ জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে ছিল। তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহমেডান তো বটেই, এমনকী ভবানীপুর ও ইউনাইটেড স্পোর্টিং এ দিন তাদের শেষ ম্যাচে লিগ জয়ের দৌড়ে ছিল। তাই এদিন শেষ রাউন্ডের ম্যাচগুলি সব একসঙ্গে, একই সময়ে শুরু করার ব্যবস্থা করে আয়োজক আইএফএ। যাতে গড়াপেটার সম্ভাবনা না থাকে।
শনিবার দুপুর তিনটেয় সব ম্যাচ একসঙ্গে শুরু হয়। অঙ্ক বলছিল, বারাসত স্টেডিয়ামে মোহনবাগান-মহামেডান ম্যাচটিই লিগ চ্যাম্পিয়নশিপের ফয়সালা হওয়ার ক্ষেত্রে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচে যদি ফয়সলা হয়ে যায়, অর্থাৎ যারা জিতবে তারাই লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে। তবে যদি এই ম্যাচ ড্র হয়ে যায়, তা হলে অন্য ম্যাচগুলোর ফলাফলের ভিত্তিতে লিগ চ্যাম্পিয়ন হতে পারে বাকি তিন দলও।
কিন্তু সেই অবকাশই দিল না মোহনবাগান। শনিবার ৩-২-এ মহমেডানকে হারিয়ে লিগ খেতাব অর্জন করে নেয় সবুজ-মেরুন বাহিনী। ২৬ ও ৬৪ মিনিটের মাথায় জোড়া গোল করেন সহাল আব্দুল সামাদ। কিন্তু কে জানত এ বছর ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে আসা সায়ন বন্দ্যোপাধ্যায়ের ৭৪ মিনিটের গোলে শেষ পর্যন্ত লিগ খেতাব জিতে নেবে মোহনবাগান?
মহমেডান স্পোর্টিংয়ের হয়ে গোল করেন রেমসাঙ্গা ও মহীতোষ রায়। ৬০ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সবুজ-মেরুন গোলকিপার দীপপ্রভাত ঘোষকে। তখনও তারা এক গোলে পিছিয়ে। কিন্তু নির্ধারিত সময়ের বাকি ৩১ মিনিট দশজনে খেলে দু-দু’টি গোল করে বাজিমাত করে ফেলে। রিজার্ভ বেঞ্চ থেকে নামা সায়ন ৬১ মিনিটের মাথায় মাঠে নেমে খেলার ছবিটাই পাল্টে দেন। তাই মোহনবাগানের এই সাফল্যের নায়কের মুকুট সায়নের মাথাতেই ওঠা উচিত।
মোহনবাগানের হয়ে প্রথম গোল করেন সাহাল। কিন্তু ০-১ পিছিয়ে পড়েও দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ায় সাদা কালো ব্রিগেড। পরপর আক্রমণে রীতিমতো সবুজ মেরুন ডিফেন্সে ঝড় তুলে দেয় তাঁরা। স্বাভাবিকভাবেই চাপে পড়ে যায় শুভাশিস বোস, রাহুল ভেকে’রা। সেই সুযোগ কাজে লাগিয়ে খেলার ৪২ মিনিটে গোল শোধ করে দেন রেমসাঙ্গা। লালিয়ানজুয়ালা ছাংতে মাঝমাঠে বল ক্লিয়ার করতে গিয়ে মিস করলে তা কেড়ে নিয়ে মহমেডানকে সমতায় ফেরান তিনি।
দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচ জেতার লক্ষ্যে মরিয়া হয়ে ওঠে সাদা কালো ব্রিগেড। এই সময় মারাত্মক ভুল করে বসেন সবুজ মেরুন গোলরক্ষক দীপপ্রভাত ঘোষ। ম্যাচের ৫৯ মিনিটে বাগান ডিফেন্ডার শুভাশিস বোস এবং রাহুল ভেকের মিস পাস ধরে প্রতিপক্ষ বক্সে ঢুকে পড়েন রেমসাঙ্গা। বক্সে তাঁকে আটকাতে জার্সি টেনে ধরে ফেলেন দেন সবুজ-মেরুন গোলকিপার। তাঁকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি প্রতীক মন্ডল। পেনাল্টিও পায় সাদা কালো ব্রিগেড। কিন্তু, এই মুহূর্তটাই যেন ‘টার্নিং পয়েন্ট’ হয়ে মোহনবাগানের জন্য। এই সময়, কিয়ান নাসিরি এবং ছাংতেকে তুলে সায়ন ব্যানার্জি এবং গোলরক্ষক জাহিদকে নামান কোচ বাস্তব রায়। জাহিদ পেনাল্টি বাঁচাতে না পারলেও বাগানের জয় আটকায়নি।
৭০ মিনিটে মহমেডানের হয়ে পেনাল্টি থেকে গোল করে যান মহীতোষ রায়। এর পরেই খোলস ছেড়ে বেরয় মোহনবাগান। ৭০ মিনিটে প্রতিপক্ষের বক্সে হেড করে সাহালের উদ্দেশ্যে বল পাঠান মনবীর। সেই বল হেড করে জালে জড়িয়ে দিতে ভুল করেননি সাহাল।
এর মিনিট তিনেক পরেই সায়নের অসাধারণ গোলের সাক্ষী হয় প্রায় হাজার দশেক সমর্থক। বাঁদিক থেকে সন্দীপ মালিকের ফরোয়ার্ড পাস ধরে বক্সের মধ্যে ঢুকে জালে বল জড়িয়ে দেন সায়ন। এর পর অনেক চেষ্টা করেও আর গোল শোধ করতে পারেননি সাদা কালো ব্রিগেডের ফুটবলাররা। সায়নের গোলের পর দশজন সবুজ-মেরুন খেলোয়াড়ই নিজেদের গোলের সামনে কার্যত পাঁচিল তুলে দেন।
দলকে আট বছর পর কলকাতা লিগে চ্যাম্পিয়ন করে উচ্চ্বসিত সবুজ মেরুন কোচ বাস্তব রায়। জয়ের কৃতিত্ব দলের খেলোয়াড়দের দেওয়ার পাশাপাশি ধন্যবাদ দিলেন ক্লাবের ম্যানেজমেন্টকে। অন্যদিকে, কিছুটা হলেও হতাশ মহমেডান কোচ সইদ রামন। তবে, খেলোয়াড়দের দোষ দিতে চাইলেন না তিনি। বরং জানিয়ে গেলেন আপাতত আইএফএ শিল্ডের লক্ষ্যে প্রস্তুতি শুরু করবে তাঁর দল।
এ দিন অন্য ম্যাচে ইস্টবেঙ্গল এফসি ৭-০-য় কোল ইন্ডিয়াকে হারায়। তবে মোহনবাগান জিতে যাওয়ায় এত বড় ব্যবধানে জিতেও তাদের কোনো লাভ হয়নি। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন মহম্মদ বিলাল, বিজয় মুর্মু (২), আকাশ হেমব্রম (২), তন্ময় দাস (পেনাল্টি) এবং উত্তম হাঁসদা। ভবানীপুর বনাম ইউনাইটেড ম্যাচ গোলশূন্য ড্র হয়।
লিগের সুপার সিক্স পর্বের শেষে লিগ তালিকায় মোহনবাগান তিন ম্যাচে সাত পয়েন্ট পেয়ে শীর্ষে রইল। ইস্টবেঙ্গল পাঁচ পয়েন্ট নিয়ে দুইয়ে। মহমেডান চার পয়েন্ট নিয়ে তিনে। পরের তিন স্থানে যথাক্রমে ভবানীপুর, ইউনাইটেড ও কোল ইন্ডিয়া।




