• facebook
  • twitter
  • youtube
Saturday, 19 September, 2026

মন্ত্রী হয়েও নেমে পড়লেন চাষের জমিতে, নতুন ভূমিকায় গৌরীশঙ্কর ঘোষ

একেবারে সাধারণ কৃষকের মতোই মাঠে নেমে কাজ করছেন রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী। আর এই দৃশ্য দেখে জেলার বহু নাগরিকই স্তম্ভিত

মন্ত্রী হয়েও নেমে পড়লেন চাষের জমিতে, নতুন ভূমিকায় গৌরীশঙ্কর ঘোষ

Minister Gourishankar Ghosh Photo-SNS

তিনি রাজ্যের মন্ত্রী। বিধানসভা থেকে শুরু করে মন্ত্রীর চেয়ারে তাঁকে দেখা যায়। বিরোধী রাজনৈতিক দল থেকে উঠে এসে এখন শাসকের আসনে। তাই রাজনৈতিক বক্তব্য, মিটিং-মিছিল, সরকারি ঘোষণা-সহ অন্যান্য নানাভাবে তাঁকে দেখতে পান পশ্চিমবঙ্গের নাগরিকরা। কিন্তু গ্রন্থাগারমন্ত্রীকে কৃষকের চাষের জমিতে কোদাল হাতে নেমে পড়তে দেখে অনেকেই হতবাক। এমনটা আবার হয় নাকি! অবাক হলেও এখন এটাই বাস্তব। হ্যাঁ, রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষকে এই ভূমিকাতেই দেখা গেল। আসলে রাজনৈতিক ব্যস্ততা, মন্ত্রীত্বের গুরুদায়িত্ব পালন করেও এখনও ভুলতে পারেননি মাটির গন্ধ।

এই আবহে তাই মাটির টানেই সময় পেলেই নেমে পড়েন নিজের পৈতৃক জমিতে। হাত লাগান কৃষিকাজে। এই ছবি এবার ধরা পড়ল মুর্শিদাবাদে। গৌরীশঙ্কর ঘোষ হাসিমুখেই সেই কাজ করে থাকেন। মনে করেন না তিনি একজন মন্ত্রী। নবাবের জেলার মানুষ হয়েও তাঁর মধ্যে পৌঁছয়নি নবাবিয়ানা। বরং সাধারণ মানুষের মতোই থাকেন তিনি। রাজ্য সরকারের মন্ত্রী হওয়ায় গাড়ি পেয়েছেন। নিরাপত্তা রক্ষীও পেয়েছেন। কিন্তু তাতে কী, ওসব নিয়ে মাথা ঘামান না রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী। তাই তো বিশ্বকর্মা পুজোর পরদিন, শনিবার সকালে তাঁকে দেখা গেল একেবারে অন্য ভূমিকায়। পরনে গেঞ্জি আর বারমুডা, খালি পায়ে নেমে পড়েছেন কৃষি জমিতে। নিজের হাতে শ্যালো মেশিন চালিয়ে জমিতে জল দিচ্ছেন। কোদাল দিয়ে মাটি সমান করছেন। মন্ত্রীসুলভ কোনও আড়ম্বর নেই।

একেবারে সাধারণ কৃষকের মতোই মাঠে নেমে কাজ করছেন রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী। আর এই দৃশ্য দেখে জেলার বহু নাগরিকই স্তম্ভিত। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না তাঁরা। মুর্শিদাবাদের লালবাগের প্রসাদপুর গ্রামে নিজের বাড়ি মন্ত্রীর। আর প্রায় পাঁচ বিঘা ধানের জমিও আছে মন্ত্রীর। সবটাই তাঁর পৈতৃক সম্পত্তি বলেই সূত্রের খবর। আগে নিয়মিত নিজেই চাষ করতেন। কিন্তু মন্ত্রী হওয়ার পর রাজনৈতিক কর্মসূচি, দপ্তরের কাজে ব্যস্ত থাকতে হয়। ফলে মাঠে নেমে কৃষিকাজ করতে পারেন না। তা বলে কি নিজের অতীত ভুলে গিয়েছেন মন্ত্রী? না, শিকড়কে ভোলেননি মন্ত্রী। হাতে একটু সময় পেলেই তাই মাঠে নেমে কৃষিকাজ করেন। এই বিষয়ে রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ সংবাদমাধ্যমের সামনে বলেন, ‘আমার পৈতৃক সম্পত্তি হিসেবে পাঁচ বিঘা ধানের জমি আছে। সেখানে আমরা নিজেরাই চাষ করি। বিশ্বকর্মা পুজোর দিন একটি শ্যালো মেশিনকে পুজো দেওয়া হয়েছিল। তারপর শনিবার সেই মেশিন দিয়ে জমিতে জল দেওয়ার জন্য গিয়েছিলাম।’

তাছাড়া কৃষিকাজ করলে বাস্তব বাজার বোঝা যায়। তার সঙ্গে কৃষকদের সমস্যা, অভাব-অভিযোগ জানতে পারা যায়। ঠাণ্ডা ঘরে বসে সেটা জানা সম্ভব নয়। কিন্তু এইসব কারণ ছাড়াও মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ মনে করেন, ‘প্রায় এক বছর পর মাঠে গেলাম। এখন সারাদিনই রাজনীতির কাজে ব্যস্ত থাকি। কিন্তু সময় পেলেই আমি মাঠের কাজে গিয়ে হাত লাগাই। বাড়িতে ২২-২৪টা গরু আছে। সময় পেলে রাতের বেলায় তাদের পরিচর্যাও করি। রাজনীতির ময়দানে থাকলেও নিজের শিকড়কে এখনও ভুলতে পারিনি। মাটির সঙ্গে আমার সম্পর্কটা আজকের নয়।’