• facebook
  • twitter
  • youtube
Saturday, 19 September, 2026

পুরুলিয়ায় কিশোরীর দেহ উদ্ধার, ধর্ষণ করে কি খুন? তদন্তে নেমেছে পুলিশ

তাছাড়া এখন একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, কিশোরীর পরিবারের পক্ষ

পুরুলিয়ায় কিশোরীর দেহ উদ্ধার, ধর্ষণ করে কি খুন? তদন্তে নেমেছে পুলিশ

Minor Girl Murder Photo-Representative

আবার খবরে জায়গা করে নিল পুরুলিয়া। কিশোরীকে খুন করার অভিযোগে আলোড়ন পড়ে গিয়েছে। যদিও এই খুন করার আগে ধর্ষণ করা হয়েছিল কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে কিশোরীর পরিবার। শনিবার এই ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। কদিন আগেই প্রেমিকাকে খুন করে বস্তাবন্দি দেহ মোটরবাইকে চাপিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় শিউরে উঠেছিলেন স্থানীয় মানুষজন। সেটার রেশ কাটতে না কাটতেই আবার এক কিশোরীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে পুরুলিয়া সরগরম হয়ে উঠেছে। শনিবার সকালে পুরুলিয়া মফস্‌সল থানা এলাকায় ১৬ বছরের এক কিশোরীর দেহ উদ্ধার হয়েছে।

ওই কিশোরীর পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে মেরে ফেলা হয়েছে। প্রতিবেশী নাবালক প্রেমিক ও তার বাড়ির লোকজন এই খুনের সঙ্গে জড়িত। ছেলের সঙ্গে এই প্রেম মেনে নেয়নি প্রেমিকের পরিবার। তাই পরিকল্পনা করেই এই খুন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এই বিষয়ে কিশোরীর জেঠু বলেন, ‘রাত থেকে মেয়েটি নিখোঁজ ছিল। আমরা খোঁজ করেও খুঁজে পাইনি। পরে তাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। স্থানীয় এক কিশোরের সঙ্গে মেয়ের প্রেমের সম্পর্ক ছিল বলে জানতে পেরেছি। ওদের বাড়িতেই টিউশন পড়তে যেত। সেই থেকে সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু পরে ওই বাড়িতে পড়তে যেতে আপত্তি জানিয়েছিল। আমাদের অনুমান, মেয়েকে খুন করা হয়েছে। রাজ্য সরকারের কাছে আবেদন, সঠিক বিচার যেন আমরা পাই।’

এই খুনের ঘটনার পর কিশোরীর পরিবারে শোকের ছায় নেমে এসেছে। পরিবারের সদস্যরা সন্দেহ করছেন, রাতের অন্ধকারে তাদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। কারণ মেয়েটির গায়ে নানা অত্যাচারের দাগ রয়েছে। পরিবারের দাবি, শনিবার ভোর ৩টে পর্যন্ত নিখোঁজ ছিল। তার পর তাদেরই একটি ফাঁকা বাড়ি থেকে কিশোরীর দেহ উদ্ধার করা হয়েছে। তখন তার গলায় ওড়না জড়ানো ছিল। মেয়েকে অত্যাচার করার পর খুন করে আত্মহত্যার রূপ দিতেই এমন করা হয়েছে। পুরুলিয়া মফস্‌সল থানার পুলিশ সকালে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ সূত্রে খবর।

তাছাড়া এখন একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, কিশোরীর পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। কদিন আগেই এই পুরুলিয়াতেই প্রেমিকাকে খুনের পর তাঁর দেহ বস্তায় ভরে মোটরবাইকে করে নিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার হয়েছিল এক যুবক। এবার আবার সেই পুরুলিয়াতেই প্রেমিকাকে খুনের ঘটনা ঘটল। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।