• facebook
  • twitter
  • youtube
Monday, 14 September, 2026

সপ্তাহের শুরুতে ভারী বৃষ্টিতে ভিজবে উত্তর, কলকাতা-সহ দক্ষিণে কী পরিস্থিতি?

দক্ষিণবঙ্গের বাকি জেলা হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও নদীয়া জেলায় সোমবার কোনও বৃষ্টি বা ঝড়ের পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর।

সপ্তাহের শুরুতে ভারী বৃষ্টিতে ভিজবে উত্তর, কলকাতা-সহ দক্ষিণে কী পরিস্থিতি?

File Photo

দক্ষিণবঙ্গ থেকে ধীরে ধীরে বর্ষা বিদায় নিতে শুরু করেছে। কিন্তু এদিকে আবহাওয়ার খামখেয়ালির চিত্র অব্যাহত। কখনও রোদ ঝলমলে আকাশ তো কখনও আবার ঝেঁপে নামছে বৃষ্টি। রবিবারও কলকাতার কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির দেখা মিলেছে। কিন্তু সোমবার উত্তর থেকে দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?

দক্ষিণবঙ্গের আবহাওয়া

সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে দু-এক জায়গায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলা হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও নদীয়া জেলায় সোমবার কোনও বৃষ্টি বা ঝড়ের পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর।

কলকাতার আবহাওয়া

সোমবার কলকাতায় সারাদিনই মেঘলা আকাশের দেখা মিলবে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও সতর্কতা দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

উত্তরবঙ্গের আবহাওয়া

সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় সোমবার কোনও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের সব জেলাতেই আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে।