• facebook
  • twitter
  • youtube
Friday, 11 September, 2026

সুব্রত কাপ চ্যাম্পিয়নদের বিমানবন্দরে অভ্যর্থনা, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এদিন সফল ফুটবলারদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এসি বাসের ব্যবস্থা করা হয়েছিল। শুধু তাই নয়, পাইলট কারের সাইরেন বাজিয়ে

সুব্রত কাপ  চ্যাম্পিয়নদের বিমানবন্দরে অভ্যর্থনা, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Subrata Cup Champions Photo-SNS

৬৫তম সুব্রত কাপ (১৫ বছর বয়সী) ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঝাড়গ্রামের মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ। দীর্ঘ ২৯ বছর বাদে বাংলার কোনও স্কুল এই খেতাব জিতল।

শুক্রবার দমদম বিমানবন্দরে সফল স্কুল ফুটবলাররা নামতেই উৎসবের চেহারা নেয়। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি স্কুল ক্রীড়া দপ্তরের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা ফুল, মিষ্টি ও স্মারক উপহার দিয়ে তাদের সংবর্ধনা জানানো হয়। জঙ্গলমহলের মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠের এই সাফল্য বাংলাকে গর্বিত করেছে। ফাইনাল খেলায় আসামের কামরুপ মেট্রোপলিটন সিনিয়র সেকেন্ডারি স্কুলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জঙ্গলমহলের এই স্কুল।

এই সাফল্যের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ শুভেচ্ছা জানিয়েছেন। কোচ নন্দদুলাল ভৌমিক জানিয়েছেন, জঙ্গলমহলের স্কুল ফুটবলাররা যেভাবে প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করেছে, তাদের কুর্নিশ জানাতে হবে। রাজ্য সরকার স্কুল ফুটবলারদের পাশে সবসময় পাশে থেকে উৎসাহিত করেছে। জানা গেছে, মানিকপাড়ার মাঠ, সুইমিং পুল সহ সম্পূর্ণ ক্রীড়া পরিকাঠামো নতুন করে গড়ে তোলার তোড়জোড় চলছে। শুরু হয়েছে লালমাটি থেকে উঠে আসা আগামীদিনের ভারতীয় দলের ফুটবলারদের। তাই সাগুন হেমব্রম, রাজেন সোরেন, আকাশ হেমব্রম, ফাগুন মুর্মু, ইভেনসারি মুর্মু, কৌশিক মাহাতো, অভিজিৎ মুর্মু, তরুণ মাহাতো, রাইসান মাণ্ডি ও ছোটুরাম হেমব্রম— এদের চোখে এখন নতুন স্বপ্ন।

এদিন সফল ফুটবলারদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এসি বাসের ব্যবস্থা করা হয়েছিল। শুধু তাই নয়, পাইলট কারের সাইরেন বাজিয়ে তাদেরকে গ্রামে নিয়ে যাওয়া হয়। সারা গ্রামে এদিন সবাই সফল ফুটবলারদের নিয়ে উৎসবে মেতে উঠেছেন।