• facebook
  • twitter
  • youtube
Thursday, 10 September, 2026

গ্রেফতার, জেল, অনিশ্চিত ক্রিকেট ভবিষ্যৎ—সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেকের, দ্রুত শুনানির নির্দেশ হাই কোর্টকে

ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েলের জন্য সুপ্রিম কোর্টে কিছুটা স্বস্তি। কলকাতা হাইকোর্টে তাঁর গ্রেফতারির

গ্রেফতার, জেল, অনিশ্চিত ক্রিকেট ভবিষ্যৎ—সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেকের, দ্রুত শুনানির নির্দেশ হাই কোর্টকে

Abhishek Porel Photo-SNS

ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েলের জন্য সুপ্রিম কোর্টে কিছুটা স্বস্তি। কলকাতা হাইকোর্টে তাঁর গ্রেফতারির বিরুদ্ধে দায়ের করা মামলার দ্রুত নিষ্পত্তির বিষয়টি বিবেচনা করতে নির্দেশ দিল শীর্ষ আদালত। একই সঙ্গে, হাই কোর্টে বিচারাধীন ওই মামলার কারণে যেন অভিষেকের জামিনের আবেদন আটকে না থাকে, সেটিও বিবেচনার কথা জানিয়েছে বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ।

কর্নাটকের এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগ উঠেছে অভিষেকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে বিএনএস এবং তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত হয়নি এবং মামলাটি বিচারাধীন।

মামলা থেকে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। কিন্তু সেই মামলার শুনানির আগেই গত ১১ অগস্ট বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে হুগলির মগরা থানার পুলিশ।

গ্রেফতারের পর নিম্ন আদালতে জামিনের আবেদন করেন বাংলার এই তরুণ ক্রিকেটার। কিন্তু হাই কোর্টে মামলা বিচারাধীন থাকার কারণ দেখিয়ে সেই আবেদন নিয়ে এগোনো সম্ভব হয়নি। এরপর দ্রুত শুনানির আর্জি নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেক।

গত ৩১ অগস্ট তাঁর আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় জানান, ইতিমধ্যেই মামলায় চার্জশিট পেশ হয়ে গিয়েছে। গ্রেফতারির আশঙ্কা থেকেই হাই কোর্টে মামলা করেছিলেন অভিষেক। কিন্তু সেই মামলার শুনানির আগেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। ফলে এক দিকে তিনি জেলে, অন্য দিকে হাই কোর্টে মামলা বিচারাধীন,এই পরিস্থিতিতে জামিন পাওয়ার পথও কার্যত জটিল হয়ে উঠেছে।

আইনজীবীর দাবি ছিল, সামনে বাংলার ক্রিকেট দলের নির্বাচন। তার আগে জামিনের বিষয়টি নিষ্পত্তি না হলে অভিষেকের ক্রিকেটজীবনেও তার প্রভাব পড়তে পারে। কিন্তু দ্রুত শুনানির আবেদন খারিজ করে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তাঁর বক্তব্য ছিল, যেহেতু অভিষেক ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন, তাই তিনি জামিনের আবেদন করতে পারেন। মামলাটি তালিকা অনুযায়ী শুনানি হবে।

এর পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। বৃহস্পতিবার শীর্ষ আদালতে শুনানির সময় বিচারপতির পর্যবেক্ষণ, “আপনি বিভ্রান্ত হয়ে পড়েছেন। এই অবস্থায় আমরা কী করতে পারি? এই মামলার গতিপ্রকৃতি সম্পর্কে ব্যাখ্যা দিতে পারি। জামিনের আবেদন হাই কোর্টের মামলার উপর যাতে না পড়ে তা নিশ্চিত করা হবে।”

অভিযোগকারী তরুণীর দাবি, প্রায় সাড়ে তিন বছর ধরে অভিষেকের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। দু’জনে বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন এবং একসঙ্গে বিদেশে গিয়েছিলেন। প্রায় দেড় বছর আগে সম্পর্কে টানাপড়েন শুরু হয়। সেই সময় বিষয়টি থানাতেও গড়িয়েছিল বলে অভিযোগ। পরে গত ২৩ জুন মগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী, যিনি ডাক্তারি পড়ুয়া।

অভিযোগ দায়েরের পরেও পুলিশ পদক্ষেপ করছে নাএই অভিযোগ তুলে তরুণী হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আদালতের নির্দেশের পরই পুলিশ অভিষেককে গ্রেফতার করে।