• facebook
  • twitter
  • youtube
Wednesday, 9 September, 2026

‘গেরুয়ার অপমান সহ্য করব না’, যাদবপুরের মিছিলে থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

স্বামী বিবেকানন্দের ছবি এবং বাণী নিয়ে মিছিলে নেমেছেন সাধুসন্তরা। আর মিছিল শেষে বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী

‘গেরুয়ার অপমান সহ্য করব না’, যাদবপুরের মিছিলে থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

CM Suvendu Adhikari Gerua Samman Yatra Photo-SNS

গেরুয়াকে অসম্মান করা হচ্ছে। তাই সম্মান ফেরাতে হবে। দেশ-বিরোধী কার্যকলাপ চলছে। সেটা রুখতে হবে। এই দাবিতেই বুধবার বিকেলে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত পথে নেমেছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ‘গেরুয়া সম্মান যাত্রা’ শীর্ষক মিছিলে দলে দলে যোগ দিলেন নাগা সন্ন্যাসীরা। সাগরমেলার সময় যে সাধুদের মূলত দেখা যায় তাঁরাই এদিন মিছিলে উপস্থিত ছিলেন। আর গেরুয়া পোশাক এবং গেরুয়া ঝান্ডা হাতে নিয়ে এই মিছিলের নেতৃত্ব দিলেন মুখ্যমন্ত্রী। সেখানে শঙ্খধ্বনি, উলুধ্বনি উঠল। যাদবপুর সাক্ষী থাকল ‘গেরুয়া সম্মান যাত্রা’র। যেখানে দফায় দফায় উঠল ‘জয় শ্রীরাম’ স্লোগান।

এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছেই শেষ হয় এই মিছিল। মিছিলের পুরোভাগে ছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর পরণে ছিল গেরুয়া পোশাক। উপস্থিত ছিলেন একাধিক বিজেপির নেতা-মন্ত্রী। আর এখানে উপস্থিত নাগা সন্ন্যাসীরা সংবাদমাধ্যমে বলেন, ‘আমরা অষ্টধারী নাগা সন্ন্যাসীরা দেশের জন্য জীবনদান করেছি। গেরুয়া বসনকে অপমান করা হয়েছে। আমরা অষ্টধারী নাগা সন্ন্যাসীরা মুঘলদের আমলে অস্ত্র ধরেছি। ধর্মকে রক্ষা করার জন্য অস্ত্র ধরেছি। তবু কেন আমাদের অপমান করা হচ্ছে? কোনও বুদ্ধিজীবী, কোনও রাজনৈতিক নেতা প্রতিবাদ জানাননি। মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন তার জন্য তাঁকে ধন্যবাদ জানাচ্ছি। ওঁর উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। অপশক্তিকে দমন করতে, মহাশক্তিকে জাগ্রত করতে হবে। তাই এই গেরুয়া-মিছিল।’

অন্যদিকে স্বামী বিবেকানন্দের ছবি এবং বাণী নিয়ে মিছিলে নেমেছেন সাধুসন্তরা। আর মিছিল শেষে বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। যাঁকে নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। মুখ্যমন্ত্রীর পাশে দেখা গিয়েছে রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়কে। গেরুয়া মিছিল শেষে যাদবপুরের মাটি থেকেই ‘বন্দে মাতরম’ গানে অংশ নেন সকলে। তারপরেই যাদবপুরের মঞ্চ থেকে ‘দেশবিরোধী’দের উদ্দেশে হুঁশিয়ারি দেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তাছাড়া কদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাম ছাত্র সংগঠনের সঙ্গে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে এবিভিপি। তারপর সেখানে সভা করেছিলেন মুখ্যমন্ত্রী। তখনও বার্তা দিয়েছিলেন তিনি। এবার মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে কড়া বার্তা দেন, ‘গেরুয়ার অপমান সহ্য করব না। পরিষ্কার বার্তা দিয়ে গেলাম। যাদবপুর থেকে কাশ্মীর মাঙ্গে আজাদি, রেড স্যালুট কী করে সাফ করতে হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানে। দেশে যারা গেরুয়াকে অপমান করছে তাদের শিক্ষা দিতে গীতাপাঠ, আরেকবার হনুমান চল্লিশা পাঠ করতে আসব। শপথ নিয়েছি যাদবপুরে যেখানে সেন্টার অফ এক্সিল্যান্স, ঋষি অরবিন্দের ভূমি থেকে কাশ্মীর মাঙ্গে আজাদি, কিষাণজিকে সেলাম করেছে যারা, তাদের শিকড়-সহ উপড়ে ফেলব। এটা স্বামী বিবেকানন্দের ভূমি, এখানে গেরুয়াই থাকবেই।’