লিপ্স অ্যান্ড বাউন্সের আমতলার পার্টি অফিস সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে কার্যত ‘শেষ সুযোগ’ দিল কলকাতা হাইকোর্ট। পরপর কয়েক বার শুনানিতে সময় চাওয়ায় এবার কড়া বার্তা দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। আদালতের স্পষ্ট নির্দেশ, আগামী ২২ সেপ্টেম্বর মামলার শুনানিতে প্রস্তুত হয়ে হাজির থাকতে হবে। তা না হলে পার্টি অফিসের নির্মাণ ভাঙার বিষয়ে জারি থাকা অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ আর বাড়ানো হবে না।
মামলাটি শুনানির সময় অভিষেকের পক্ষে আইনজীবী ফের সময় চাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। বারবার সময় নেওয়ার বিষয়টি আদালতের নজরে আসায় এ বার কার্যত চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়ায় ক্ষান্ত থাকলেন না বিচারপতি, চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন মঙ্গলবার।
আদালতের পর্যবেক্ষণ, আগামী শুনানিতে মামলাটি নিয়ে প্রস্তুত না থাকলে আর কোনও অতিরিক্ত সময় দেওয়া হবে না। সেই সঙ্গে নির্মাণ ভাঙার নির্দেশ সংক্রান্ত অন্তর্বর্তী সুরক্ষার মেয়াদও বাড়ানো হবে না বলে জানিয়ে দিয়েছে আদালত।
প্রসঙ্গত, আমতলায় লিপ্স অ্যান্ড বাউন্সের পার্টি অফিসের নির্মাণ নিয়ে আইনি জটিলতার মধ্যেই আগের শুনানিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ফলে আপাতত ওই নির্মাণ নিয়ে পরবর্তী পদক্ষেপে আদালতের নির্দেশই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এখন নজর ২২ সেপ্টেম্বরের শুনানির দিকে। ওই দিন অভিষেকের আইনজীবী প্রস্তুত হয়ে আদালতে হাজির হন কি না, যে অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছিলেন বিচারপতি শুভ্রা ঘোষ তার প্রত্যাহার করে নেয়ারও হুঁশিয়ারি দিয়ে রাখলেন।




