• facebook
  • twitter
  • youtube
Sunday, 6 September, 2026

কলকাতাতেই ডেঙ্গি ৪০০ ছাড়াল, অ্যাকশন মুডের রিপোর্ট প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

তবে স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকার মধ্যেই সামনে এল উদ্বেগজনক পরিসংখ্যান। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা

কলকাতাতেই ডেঙ্গি ৪০০ ছাড়াল, অ্যাকশন মুডের রিপোর্ট প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

CM Suvendu Adhikari Photo-SNS

রাজ্যজুড়ে ডেঙ্গি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। শহর থেকে জেলায় মানুষজন আক্রান্ত হচ্ছেন বিপুল পরিমাণে। বর্ষা এখন খানিকটা কমলেও ডেঙ্গি কমছে না। বরং তা আতঙ্ক তৈরি করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চেষ্টা করছেন ডেঙ্গি কমাতে। একের পর এক পদক্ষেপ করছেন তিনি। রবিবার ডেঙ্গি নিয়ে একটি রিপোর্টও প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এদিন সমাজমাধ্যমে তা পোস্ট করে রাজ্য সরকারের অ্যাকশন মুড সকলের সামনে এনেছেন। তবে আগের থেকে বাড়ল রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। আক্রান্ত হলেন সাড়ে চার হাজারেরও বেশি মানুষ। কলকাতাতেই আক্রান্তের সংখ্যা পার করল ৪০০। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দাপট দেখাচ্ছে ডেঙ্গি। সবচেয়ে বেশি সংক্রমণ দেখা দিয়েছে মুর্শিদাবাদে। সেখানে দ্বিতীয় স্থানে আছে কলকাতা। তিন নম্বরে উত্তর ২৪ পরগনা।

রাজ্যে ডেঙ্গির বৃদ্ধি ঠেকাতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকের পরই অ্যাকশন মোডে গিয়েছিল রাজ্য সরকার। নগরোন্নয়ন ও পুর দপ্তরের উদ্যোগে পরিচালিত ৩ দিনের বিশেষ রাজ্যব্যাপী পরিচ্ছন্নতা এবং ডেঙ্গি প্রতিরোধমূলক ‘স্বচ্ছতা সংকল্প অভিযান’ করার পর যে সাফল্য এসেছে তার বিস্তারিত খতিয়ান রবিবার সমাজমাধ্যমে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লেখেন, ‘পরিচ্ছন্ন পশ্চিমবঙ্গের লক্ষ্যে আমাদের সংকল্প স্বচ্ছতা সংকল্প অভিযান। পশ্চিমবঙ্গ সরকারের এই বিশেষ কর্মসূচির অধীনে রাজ্যের ২২টি জেলার ১২৮টি পুরসভার অন্তর্গত ১,৬০০-রও বেশি ওয়ার্ডে একযোগে ডেঙ্গি প্রতিরোধ ও সাফাই অভিযান চালানো হয়েছে।’

 

তবে স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকার মধ্যেই সামনে এল উদ্বেগজনক পরিসংখ্যান। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে চার হাজার। সেখানে সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানেই আছে কলকাতা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দাপট দেখাচ্ছে ডেঙ্গি। জেলার মধ্যে সংক্রমণে সবার উপরে রয়েছে মুর্শিদাবাদ। ২ সেপ্টেম্বর পর্যন্ত এখানে আক্রান্ত হয়েছেন ৮৭০ জন। দ্বিতীয় স্থানে আছে কলকাতা। সংক্রমিত হয়েছেন ৪০২ জন। উত্তর ২৪ পরগনার সংখ্যা ৩৪৬, মালদহ ৩৩১, দক্ষিণ ২৪ পরগনা ৩২৪, নদিয়া ৩১৬, হুগলি ২৯৩, হাওড়া ২৭৬, পূর্ব ও পশ্চিম বর্ধমানে যথাক্রমে ২৩৩ এবং ১৪০। এই আবহে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘শুধু পরিষ্কার করা নয়, এখন সময় সম্মিলিতভাবে নিজেদের পারিপার্শ্বিক এলাকা পরিষ্কার রাখার সংকল্প নেওয়ার। আসুন, নিজেদের সুস্থ রাখতে, পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে এই স্বচ্ছতা অভিযানকে সর্বাত্মক জনআন্দোলনে পরিণত করি। প্রতিটি পাড়া, প্রতিটি রাস্তা, প্রতিটি নর্দমা এবং প্রতিটি জনবহুল স্থানকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমরা সকলে কাঁধে তুলে নিই।’

তাছাড়া ডেঙ্গি নিয়ে বিস্তারিত তথ্য দেওয়ার পাশাপাশি প্রতিরোধ করতে সবরকম ব্যবস্থা নিচ্ছে রাজ্য স্বাস্থ্যদপ্তর। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডেঙ্গি নিয়ে বলেন, ‘আমাদের পরিষ্কার নির্দেশ আছে, যা রোগ হবে সেটাই লিখতে হবে। আগের সরকার সংখ্যা কমাতো, রোগ লুকতো। লুকনোর কী আছে? যদি ডেঙ্গি থাকে, নিশ্চয়ই তার ব্যবস্থা হবে। চিকিৎসকদের ডেঙ্গি লিখতে গেলে ভয় পাওয়ার কোনও কারণ নেই। ডেঙ্গি হলে ডেঙ্গিই লিখবেন। না হলে না-ই লিখবেন।’