• facebook
  • twitter
  • youtube
Friday, 4 September, 2026

বিপদের মুখে ইন্ডিগোর বিমান, শ্রীনগরে অবতরণের সময় ধাক্কা পোলে, তারপর?

ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, কীভাবে দুর্ঘটনা ঘটল তা নির্ধারিত নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখবে। এএআই জানিয়েছে, তদন্ত শেষ হওয়ার পরেই ঘটনার সঠিক কারণ জানা যাবে।

বিপদের মুখে ইন্ডিগোর বিমান, শ্রীনগরে অবতরণের সময় ধাক্কা পোলে, তারপর?

File Photo

ফের ইন্ডিগোর বিমানে বিপত্তি। একদিনের মাথায় ফের খবরের শিরোনামে উঠে এল ইন্ডিগো বিমান। শুক্রবার শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময়ে ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম (VDGS)-এর একটি পোলে ধাক্কা খায় ইন্ডিগোর একটি বিমান। এদিন সকালে মুম্বাই থেকে শ্রীনগরগামী ইন্ডিগোর ৬ই ২২৫ (6E 225) বিমানে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় বিমান ক্ষতিগ্রস্ত হলেও যাত্রী বা বিমানকর্মীদের কেউ আহত হননি বলে জানিয়েছে বিমান সংস্থা ও এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া (AAI)।

এএআই-এর বিবৃতি অনুযায়ী, ভিটি-এনওজি (VT-NOG) রেজিস্ট্রেশন নম্বরের বিমানটি সকাল প্রায় ৯টা ২ মিনিটে শ্রীনগর বিমানবন্দরের ৬ নম্বর বে-তে পার্কিংয়ের সময় ভিডিজিএস পোলে ধাক্কা মারে। সংঘর্ষের ফলে বিমানে কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর বিমান থেকে যাত্রীদের নামানোর জন্য ম্যানুয়াল সিঁড়ি ব্যবহার করা হয়। বিমানে থাকা সমস্ত যাত্রী ও ক্রু সদস্যকে নিরাপদে নামিয়ে আনা হয়।

কিন্তু ভিডিজিএস পোল (VDGS Pole) কী? এই পোল কোনও বৈদ্যুতিক খুঁটি নয়। এটি ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেমের অংশ। বিমানবন্দরের পার্কিং বে বা এয়ারক্র্যাফট স্ট্যান্ড-এ বিমানকে ঠিক জায়গায় দাঁড় করাতে এই ব্যবস্থা ব্যবহার করা হয়। বিমান যখন পার্কিংয়ের জন্য এগোতে শুরু করে, সেই সময় এই সিস্টেম পাইলটকে বিমানের অবস্থান, দিক এবং নির্দিষ্ট থামার জায়গা সম্পর্কে ভিজ্যুয়াল ডিরেকশন দেয়।

কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা এখনও স্পষ্ট নয়। ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, কীভাবে দুর্ঘটনা ঘটল তা নির্ধারিত নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখবে। এএআই জানিয়েছে, তদন্ত শেষ হওয়ার পরেই ঘটনার সঠিক কারণ জানা যাবে। তদন্ত সম্পূর্ণ হওয়ার আগে দুর্ঘটনার কারণ নিয়ে এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছনো হচ্ছে না বলেও স্পষ্ট করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এদিকে, ঘটনার পরও শ্রীনগর বিমানবন্দরের স্বাভাবিক পরিষেবায় কোনও প্রভাব পড়েনি। বিমানবন্দরে সমস্ত বিমান নির্ধারিত সময়সূচি অনুযায়ী ওঠানামা করছে বলে জানিয়েছে এএআই। উল্লেখ্য, বৃহস্পতিবার মে-ডে ঘোষণা করে ওমানের মাসকট বিমানবন্দরে জরুরি অবতরণ করে ইন্ডিগোর দোহা-বেঙ্গালুরুগামী বিমান। সেদিন ইন্ডিগো ফ্লাইটটি দোহা থেকে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল। মাঝ আকাশে বিমানের এক পাইলট অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি হাতের বাইরে বেরোনোর আগে পাইলট মে-ডে কল করেন। ৬ই ১৩০২ (6E 1302) বিমানটি যাত্রী-সহ মাসকটে নিরাপদে অবতরণ করে।

আরও পড়ুন: মাঝ আকাশে মে-ডে কল পাইলটের, জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের

পরে বিমানবন্দরেই অসুস্থ পাইলটকে জরুরি চিকিৎসা দেওয়া হয়। ইন্ডিগো জানিয়েছিল, যাত্রীদের বেঙ্গালুরুতে পৌঁছে দিতে মাসকট থেকে একটি বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে। অপেক্ষারত যাত্রীদের খাবার ও পানীয় জল দেওয়া হয়। যাত্রী, ক্রু ও বিমানের নিরাপত্তাই সংস্থার সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছিল ইন্ডিগো। সেই সঙ্গে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশও করে সেই সংস্থা। এর মধ্যে একদিনের মাথায় ফের বিপদের মুখে পড়ল ইন্ডিগোর বিমান।