• facebook
  • twitter
  • youtube
Thursday, 3 September, 2026

অসমাপ্ত প্রেমের সিক্যুয়েলে ফিরছে শ্রীমা-রাজেশ্বর, পোস্টারেই উষ্ণতা ছড়ালো ‘জারিয়া ২’!

কিছু প্রেম শেষ হয় না, শুধু থমকে থাকে কোনও এক পাহাড়ি বাঁকে। ঠিক তেমনই এক থমকে থাকা প্রেমের গল্প নিয়েই ফিরছেন পরিচালক সুমন মৈত্র।

অসমাপ্ত প্রেমের সিক্যুয়েলে ফিরছে শ্রীমা-রাজেশ্বর, পোস্টারেই উষ্ণতা ছড়ালো ‘জারিয়া ২’!

কিছু প্রেম শেষ হয় না, শুধু থমকে থাকে কোনও এক পাহাড়ি বাঁকে। ঠিক তেমনই এক থমকে থাকা প্রেমের গল্প নিয়েই ফিরছেন পরিচালক সুমন মৈত্র। তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘জারিয়া ২’র ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে এল। আর পোস্টার মুক্তি পেতেই টলিপাড়ায় জোর চর্চা – ফিরছে ঋষভ আর শ্রেয়সিনীর সেই অসমাপ্ত জার্নি।

বেলজার ফিল্মস-এর ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন অনিমেষ গাঙ্গুলি। প্রথম ছবি ‘জারিয়া’ দর্শকের মনে যে সরল, মিষ্টি প্রেমের দাগ কেটেছিল, তার সাত বছর পরের গল্প বলবে ‘জারিয়া ২’।

ছবির গল্প মাত্র দু’দিনের। বিচ্ছেদের সাত বছর পর দার্জিলিং-এর এক কুয়াশা মাখা ভ্যালিতে আচমকা মুখোমুখি হয় ঋষভ আর শ্রেয়সিনী। একসময় যারা ছিল একে অপরের নিঃশ্বাস, আজ তারা দুজন অপরিচিতের মতো। ভুল বোঝাবুঝি আর পরিস্থিতির চাপে তাদের পথ আলাদা হয়ে গিয়েছিল। শ্রেয়সিনী এখন বিদেশে পাড়ি দিচ্ছে, হাতে সময় মাত্র ৪৮ ঘণ্টা।

এই ৪৮ ঘণ্টাতেই তারা ফিরে দেখবে তাদের পুরনো দিন। পাহাড়ের শীতল হাওয়া, ভেজা রাস্তা, কমলালেবুর বাগান আর নীরব ল্যান্ডস্কেপের মাঝে উঠে আসবে হাসি, কান্না, অভিমান আর না- বলা কথারা।

এই ছবি নিয়ে পরিচালক সুমন মৈত্র বলেন, “‘জারিয়া’ ছিল প্রেমে পড়ার গল্প, প্রথম স্পর্শের গল্প। আর ‘জারিয়া ২’ হল প্রেমকে যাপন করার গল্প। বিচ্ছেদের পর দুটো মানুষ কীভাবে একে অন্যের দিকে তাকায়, কীভাবে মান-অভিমান আর স্মৃতি আঁকড়ে বাঁচে, সেটাই বলতে চেয়েছি। এই ছবিতে দার্জিলিং শুধু লোকেশন নয়, পাহাড় নিজেই একটা চরিত্র। তার উচ্চতা, তার শীতলতা, তার নীরবতা – সবটাই ঋষভ আর শ্রেয়সিনীর সম্পর্কের প্রতিফলন।”

ছবিতে ঋষভের চরিত্রে দেখা যাবে রাজেশ্বরকে এবং শ্রেয়সিনীর চরিত্রে শ্রীমা ভট্টাচার্যকে। সাত বছর পরের পরিণত দুই চরিত্রকে ফুটিয়ে তুলতে দুজনের রসায়নের উপরই বাজি ধরেছেন পরিচালক। পোস্টারেও ধরা পড়েছে সেই পরিণত প্রেমের উষ্ণতা। চোখে চোখে কথা, কিন্তু মুখে নীরবতা – এই কেমিস্ট্রিই ছবির ইউএসপি হতে চলেছে।

ছবির অন্যতম বড় স্তম্ভ  আবহ সংগীত। সংগীতের দায়িত্বে রয়েছেন দেবদীপ বণিক। পাহাড়ের নিস্তব্ধতা আর চরিত্রদের না-বলা কথার ফাঁকে তাঁর সুর হয়ে উঠবে তৃতীয় ভাষা।

‘ভালোবাসা, হারানো, বন্ধুত্ব আর সেই স্মৃতি – যা কখনও পুরনো হয় না’ – এই ভাবনাকে সামনে রেখেই তৈরি হয়েছে ‘জারিয়া ২’। যারা পাহাড় ভালোবাসেন এবং যারা বিশ্বাস করেন কিছু প্রেম কখনও পুরনো হয় না, তাদের জন্য এই ছবি। ২৬ সেপ্টেম্বর ছবির মুক্তি।