‘পুরানো সেই দিনের কথা ভুলবি কীরে হায়!’ সত্যিই কি পুরনো সম্পর্ককে পুরোপুরি ভোলা যায়? টলিপাড়ার সাম্প্রতিক খবর যেন সেই প্রশ্নই নতুন করে উসকে দিচ্ছে। একসময় যাঁদের একসঙ্গে কাজ, বন্ধুত্ব আর সম্পর্ক নিয়ে কম আলোচনা হয়নি, তাঁরাই এবার ফিরছেন পেশার মঞ্চে। তবে সরাসরি জুটি হিসেবে নয়, গল্পটা একটু অন্যরকম।
নায়িকার প্রাক্তন এখন তাঁর স্বামী। আর সেই স্বামীর প্রযোজনায় তৈরি হতে চলা নতুন ছবির নায়িকা কে জানেন? তাঁরই প্রাক্তন! বুঝতে পারছেন নিশ্চয়ই? কথা হচ্ছে রাজ চক্রবর্তী ও মিমি চক্রবর্তীকে নিয়ে।
টলিপাড়ায় জোর খবর, দীর্ঘ ১১ বছর পর ফের রাজ চক্রবর্তীর প্রযোজনায় কাজ করতে চলেছেন মিমি চক্রবর্তী। রাজের পরিচালনায় একাধিক ছবিতে একসময় দেখা গিয়েছে মিমিকে। ‘বোঝেনা সে বোঝেনা’, ‘যোদ্ধা’-র পর ২০১৫ সালে ‘কাটমুণ্ডু’ ছবিতেও একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। এরপর অবশ্য দীর্ঘ সময় একই ছবিতে দেখা যায়নি রাজ-মিমিকে।
ব্যক্তিগত জীবনের সমীকরণই কি তার নেপথ্যে ছিল? সেই উত্তর কখনও স্পষ্ট করে দেননি রাজ বা মিমি। সময়ের সঙ্গে তাঁদের বন্ধুত্বেও ভাটা পড়েছিল। যদিও পেশাদার ক্ষেত্রে একে অপরের প্রতি সম্মান বজায় রেখেছেন দু’জনেই।
এবার সেই দূরত্ব পেরিয়েই নতুন অধ্যায় শুরু হতে চলেছে। সূত্রের খবর, রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার তরফে মিমির কাছে নতুন একটি ছবির প্রস্তাব গিয়েছে। জি ফাইভ-এর জন্য তৈরি হতে চলা এই ছবিটি পরিচালনা করবেন অয়ন চক্রবর্তী। ছবির গল্প মূলত একটি সারভাইভাল থ্রিলার। আর সেখানে মিমিকেই দেখা যাবে কেন্দ্রীয় চরিত্রে।
পরিচালক অয়ন চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলেও এই বিষয়ে তিনি এখনই কিছু বলতে চাননি। তবে মিমি চক্রবর্তীর আপ্তসহায়ক জানিয়েছেন, ছবিটি নিয়ে কথাবার্তা এগিয়েছে। সব ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষেই শুটিং শুরু করতে পারেন অভিনেত্রী।
মজার বিষয় হল, এবার রাজ নিজে পরিচালকের আসনে থাকছেন না। থাকছেন প্রযোজকের ভূমিকায়। অর্থাৎ বহু প্রতীক্ষিত রাজ-মিমি ‘ফেরত’ হলেও এবার সেই প্রত্যাবর্তনের ধরনটা একেবারেই আলাদা।
একসময় রাজ ও মিমির বন্ধুত্ব ছিল টলিপাড়ার চর্চিত সমীকরণগুলির অন্যতম। পরে সেই সম্পর্কের উষ্ণতা কমেছে ঠিকই, কিন্তু একে অপরের কাজের প্রতি শ্রদ্ধা যে রয়ে গিয়েছে, তা তাঁদের বিভিন্ন সাক্ষাৎকারেও স্পষ্ট হয়েছে।
এক সাক্ষাৎকারে মিমিকে প্রশ্ন করা হয়েছিল, রাজের তরফে কোনও ছবির প্রস্তাব এলে তিনি কাজ করবেন কি না। মিমির সোজাসাপটা উত্তর ছিল, “হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই করব।” অন্যদিকে রাজকেও যখন জিজ্ঞাসা করা হয়েছিল, রাজ-মিমি জুটি আবার কবে ফিরবে, তিনি জানিয়েছিলেন, মিমির সঙ্গে কাজ করবেন না—এমন কোনও ব্যাপার নেই। উপযুক্ত গল্প পেলে অবশ্যই তাঁকে প্রস্তাব দেবেন।
২০২৫ সালে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটি বড়পর্দায় ফেরার পর থেকেই টলিপাড়ায় নতুন করে উঠেছিল প্রশ্ন—তাহলে রাজ-মিমি জুটি কবে? এবার সেই প্রশ্নের উত্তর মিলতে চলেছে, যদিও খানিকটা অন্যভাবে।
সবশেষে অবশ্যই একটা ‘কিন্তু’ থাকছে। এখনও পর্যন্ত প্রযোজনা সংস্থা বা মিমির তরফে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তাই রাজের প্রযোজনায় মিমির এই নতুন ছবির খবর কতটা চূড়ান্ত, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তবে ১১ বছর পর রাজ-মিমির পেশাগত সমীকরণ যে ফের আলোচনার কেন্দ্রে, তা বলাই যায়।




