টোল প্লাজায় এবার কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। আর সেই মামলায় আবার তৎপর হয়ে উঠল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। বুধবার কলকাতার শেক্সপিয়র সরণির একটি বহুতল আবাসনে হঠাৎই হানা দেন ইডি অফিসাররা। শুধু পশ্চিমবঙ্গেই হানা দেওয়া হয়েছে এমন নয়, লখনউয়ের একটি প্রতারণা মামলার সূত্র ধরে বুধবার দেশের মোট সাতটি রাজ্যের ১৪টি জায়গায় একযোগে এই মেগা তল্লাশি অভিযান চালানো হয়েছে। টোল প্লাজায় দুর্নীতির অভিযোগ দায়ের হয়েছিল উত্তরপ্রদেশের লখনউয়ে। ওই অভিযোগের ভিত্তিতেই ইডি এদিন অভিযান চালায় বলে সূত্রের খবর।
ইডি সূত্রে খবর, জাতীয় সড়কে টোল ট্যাক্স আদায়ের ক্ষেত্রে একটি বড় অঙ্কের আর্থিক দুর্নীতির ঘটনা সামনে এসেছে। উত্তরপ্রদেশের লখনউয়ে এই দুর্নীতি নিয়ে প্রথম লিখিত অভিযোগ দায়ের হয়। সরকারি নিয়ম ও আইনকে মান্যতা না দিয়ে এক বিশেষ অবৈধ সফটওয়্যার তৈরি করা হয়েছিল। ওই জাল সফটওয়্যার ব্যবহার করে জাতীয় সড়কে গাড়ি থেকে বেআইনিভাবে টোল ট্যাক্সের রসিদ তৈরি করে টাকা তোলা চলত বলে অভিযোগ। সুতরাং সরকারি খাতায় ওই আয়ের হিসেব না দেখিয়ে কৌশলে বিপুল পরিমাণ টাকা সরিয়ে ফেলত প্রতারণা চক্রটি। এভাবে কোটি কোটি টাকা প্রতারকদের হাতে চলে গিয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
এই অভিযোগের সূত্র ধরেই তদন্তে নেমে এদিন কলকাতার শেক্সপিয়ার সরণির এক আবাসনে হানা দেন ইডি অফিসাররা। সেখানেই এক ব্যবসায়ীর ফ্ল্যাটে জোরদার তল্লাশি চলে। ওই ফ্ল্যাটেই ব্যবসায়ীর একটি অফিস আছে। সেখানেই ৬ সদস্যের ইডির একটি দল হানা দেয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ওই আবাসন ঘিরে ফেলে। এই তল্লাশি অভিযানের কারণ টোলপ্লাজায় দুর্নীতির অভিযোগের সঙ্গে যোগসাজশ। সেই সূত্র ধরেই এই অভিযান। তবে সেখানে কী কী তথ্য মিলেছে সেসব জানাতে চাননি তদন্তকারীরা। এবার এই বিপুল আর্থিক দুর্নীতির উৎসের সন্ধান পেতেই মাঠে নেমেছেন ইডির অফিসাররা।
তাছাড়া দুর্নীতির ওই টাকা কার কার অ্যাকাউন্টে ঢুকেছে এবং ডিজিটাল মাধ্যমে কোন কোন প্রভাবশালী ব্যক্তি এই প্রতারণা চক্রে জড়িত সেটা জানতেই ইডির অভিযান। ডিজিটাল নথি এবং অন্যান্য তথ্যপ্রমাণের খোঁজে পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং রাজস্থান-সহ মোট সাতটি রাজ্যে একযোগে তল্লাশি চালাল ইডি। তবে শেক্সপিয়ার সরণির এই ব্যবসায়ীর সঙ্গে আন্তর্জাতিক বা জাতীয় টোল প্রতারণার সরাসরি যোগ রয়েছে কিনা সে বিষয়ে এখনই মুখ খুলতে চাননি তদন্তকারীরা। মোট ১৪টি জায়গায় ওই তল্লাশি অভিযান একযোগে চলে। কলকাতার যোগসূত্র ওই দুর্নীতিতে কেমনভাবে রয়েছে তার তদন্তেই নেমেছে ইডি বলে সূত্রের খবর।




