• facebook
  • twitter
  • youtube
Wednesday, 2 September, 2026

বায়ুসেনায় নয়া ইতিহাস, প্রথম মহিলা নন-মেডিক্যাল অফিসার হিসাবে এয়ার ভাইস মার্শাল শক্তি শর্মা

১৯৯৪ সালের ১৮ জুন বায়ুসেনার এডুকেশন ব্রাঞ্চে অফিসার হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন শক্তি শর্মা

বায়ুসেনায় নয়া ইতিহাস, প্রথম মহিলা নন-মেডিক্যাল অফিসার হিসাবে এয়ার ভাইস মার্শাল শক্তি শর্মা

Image: X/@IAF_MCC

ভারতীয় বায়ুসেনায় তৈরি হল নয়া ইতিহাস। দেশের প্রতিরক্ষা বাহিনীতে প্রথম মহিলা নন-মেডিক্যাল অফিসার হিসাবে এয়ার ভাইস মার্শাল পদে উন্নীত হলেন শক্তি শর্মা (Air Vice Marshal Shakti Sharma)। মঙ্গলবার এয়ার হেডকোয়ার্টার্সে অ্যাসিস্ট্যান্ট চিফ অফ দ্য এয়ার স্টাফ (এডুকেশন) হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। বায়ুসেনার পাশাপাশি গোটা ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ক্ষেত্রেও তাঁর এই পদোন্নতি একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন।

১৯৯৪ সালের ১৮ জুন বায়ুসেনার এডুকেশন ব্রাঞ্চে অফিসার হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন শক্তি শর্মা (Air Vice Marshal Shakti Sharma)। তিন দশকেরও বেশি সময়ের দীর্ঘ কর্মজীবনে প্রশিক্ষণ কেন্দ্র, ফিল্ড স্টেশন, কমান্ড হেডকোয়ার্টার্স এবং এয়ার হেডকোয়ার্টার্স-সহ বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব সামলেছেন তিনি। শিক্ষা, প্রশিক্ষণ এবং প্রশাসনিক ক্ষেত্রে কাজের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগের সঙ্গেও যুক্ত ছিলেন।

প্রতিরক্ষা এবং উচ্চশিক্ষার মধ্যে যোগাযোগ আরও মজবুত করার ক্ষেত্রে তাঁর বিশেষ ভূমিকা রয়েছে। আইআইটি কানপুর এবং পুণে বিশ্ববিদ্যালয়ে আইএএফ চেয়ারস্ অফ এক্সেলেন্স প্রতিষ্ঠার উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন শক্তি শর্মা(Air Vice Marshal Shakti Sharma)। এর ফলে দুই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বায়ুসেনার গবেষণা, জ্ঞান বিনিময় এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সহযোগিতার সুযোগ তৈরি হয়েছে।

আরও পড়ুন:  ইরানে ফের মার্কিন হামলা, পাল্টা জবাব তেহরানের, সংঘাত আরও তীব্র

তাঁর কর্মজীবনের আর একটি উল্লেখযোগ্য অধ্যায় হল আর্মি স্কুলের নেতৃত্ব দেওয়া। তিন বাহিনীর মধ্যে প্রথম মহিলা অফিসার হিসাবে কপুরথালা আর্মি স্কুলের প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছিলেন তিনি। শিক্ষা ও প্রশিক্ষণ সংক্রান্ত ক্ষেত্রে তাঁর দীর্ঘ অভিজ্ঞতাই এবার বায়ুসেনার নতুন দায়িত্বেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

অ্যাসিস্ট্যান্ট চিফ অফ দ্য এয়ার স্টাফ (এডুকেশন) হিসাবে বাহিনীর শিক্ষা ও প্রশিক্ষণ সংক্রান্ত একাধিক বিষয়ে কাজ করতে হবে তাঁকে। বায়ুসেনার আধিকারিকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গে বাহিনীর সহযোগিতা আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে।

গত কয়েক বছরে ভারতীয় সশস্ত্র বাহিনীতে মহিলাদের দায়িত্ব ও অংশগ্রহণের পরিধি ক্রমশ বেড়েছে। যুদ্ধবিমান চালানো থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কমান্ড ও নেতৃত্বের দায়িত্ব—বিভিন্ন ক্ষেত্রে মহিলারা জায়গা করে নিয়েছেন। সেই ধারাবাহিকতায় শক্তি শর্মার এয়ার ভাইস মার্শাল পদে উন্নীত হওয়া শুধু ব্যক্তিগত সাফল্য নয়, প্রতিরক্ষা বাহিনীতে মহিলাদের ক্রমবর্ধমান নেতৃত্বেরও একটি গুরুত্বপূর্ণ নজির।

দেখুন: জানুয়ারিতে আসছে ‘অগ্নিবীর’-এর প্রথম ব্যাচ, ঘোষণা শুভেন্দুর