• facebook
  • twitter
  • youtube
Tuesday, 1 September, 2026

হরিয়ানায় ট্রাকের পিছনে সজরো ধাক্কা তীর্থযাত্রী বোঝাই ভ্যানের, মৃত অন্তত ৬, আহত ১৪

বেশ কয়েকজন যাত্রী ভিতরে আটকে পড়েন। তাঁদের উদ্ধার করতে ২০-৪০ মিনিট সময় লাগে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রীই ঘুমিয়ে ছিলেন।   

হরিয়ানায় ট্রাকের পিছনে সজরো ধাক্কা তীর্থযাত্রী বোঝাই ভ্যানের, মৃত অন্তত ৬, আহত ১৪

File Photo

হরিয়ানার কেএমপি এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা। মঙ্গলবার ভোরে দুর্ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৪ জন। পুলিশ সূত্রের খবর, তীর্থযাত্রী বোঝাই একটি পিক-আপ ভ্যান রাস্তার পাশে বেআইনিভাবে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রের খবর, এদিন ভোরে হরিয়ানার পালওয়ালের মহেশপুর গ্রামের কাছে কুন্ডলি-মানেসর-পালওয়াল (কেএমপি) এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে। মৃতদের নাম বিজয় সিং, রাজ কুমার, রেশমা দেবী, কমলা দেবী, সুধা এবং মহেশ। পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের মইনপুরী জেলার কিশানপুর মুরাইয়া, মাকোয়ায়া, চন্দা ও আশেপাশের গ্রামের অন্তত ২০ জন একটি পিক-আপ ভ্যান ভাড়া করে তীর্থযাত্রায় বেরিয়েছিলেন।

পুলিশ সূত্রের খবর, ভ্যানটির পিছনের অংশে ঘুমানোর জন্য দুই তলা কাঠামো তৈরি করা হয়েছিল। সোমবার তাঁরা রাজস্থানের সিকার জেলার খাটু শ্যাম মন্দির এবং চুরু জেলার সালাসার বালাজি মন্দির দর্শন করেন। এরপর পালওয়াল হয়ে মথুরার দিকে যাচ্ছিলেন। তাঁদের গন্তব্য ছিল বৃন্দাবন। মথুরার দিকে যাওয়ার সময়ে দুর্ঘটনাটি ঘটে।

পালওয়াল সদর থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) ইনস্পেক্টর হরি কিশান জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটির চালক গাড়ি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তিনি বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাকের চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়। আহতদের ঘটনাস্থলেই ফেলে রেখে তিনি পালিয়ে আসেন।’

দুর্ঘটনায় সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে ভ্যানটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। বেশ কয়েকজন যাত্রী ভিতরে আটকে পড়েন। তাঁদের উদ্ধার করতে ২০-৪০ মিনিট সময় লাগে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রীই ঘুমিয়ে ছিলেন।

আরও পড়ুন: কৃত্রিম ডেয়ারি জাতীয় খাবার নিষিদ্ধ জোম্যাটোর, না মানলে তালিকা থেকে বাদ পড়বে রেস্তোরাঁ

পুলিশ সূত্রের খবর, আহতরা পালওয়ালের সিভিল হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ এক্সপ্রেসওয়ের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। চালকের খোঁজে পুলিশ ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর দেখে তল্লাশি চালাচ্ছে। পুলিশ একটি এফআইআর দায়ের করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।