• facebook
  • twitter
  • youtube
Monday, 31 August, 2026

কলকাতা লিগে জয়ে ফিরল মহমেডান স্পোর্টিং

দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে ফেরার কিছুটা চেষ্টা করেছিল কালীঘাট। খেলার ৫৮ মিনিট নাগাদ তাদের হয়ে একটি গোল পরিশোধ করেন ভবানী জয়সওয়ার

কলকাতা লিগে জয়ে ফিরল মহমেডান স্পোর্টিং

Mohammedan SC Win Photo-SNS

কোচ হিসেবে মেহেরাজউদ্দিন ওয়াডু দায়িত্ব ছাড়ার পরের দিন কলকাতা লিগে প্রথম হারের মুখ দেখতে হয়েছিল মহমেডান স্পোর্টিংকে। কিন্তু, সেই ধাক্কা কাটিয়ে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ালো সাদা কালো ব্রিগেড। সোমবার কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে ২-১ গোলে হারিয়ে দিলো সাইদ রামনের মহমেডান।

ঘরের মাঠে খেলার শুরু থেকে দাপট দেখাতে থাকে ফারদিন আলি মোল্লা, লালথানকিমা’রা। যার ফলে, খেলার শুরুতেই পেনাল্টি পায় মহমেডান। ৮ মিনিট নাগাদ পাওয়া সেই পেনাল্টি থেকে দলের হয়ে প্রথম গোল করতে ভুল করেননি মহীতোষ রায়। এর পর, খেলার ২০ মিনিট নাগাদ সাদা-কালো ব্রিগেডের হয়ে ব্যবধান দ্বিগুন করেন লালথানকিমা। এরপর অবশ্য গোল ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল তারা। কিন্তু, প্রথমার্ধে খেলার ফলাফলে আর কোনও পরিবর্তন হয়নি।

দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে ফেরার কিছুটা চেষ্টা করেছিল কালীঘাট। খেলার ৫৮ মিনিট নাগাদ তাদের হয়ে একটি গোল পরিশোধ করেন ভবানী জয়সওয়ার। তাতে অবশ্য মহমেডানের জয় আটকায়নি। এদিকে, কলকাতা লিগের অন্য ম্যাচে মেসারার্স ৪-১ গোলে উয়ারিকে এবং ইউনাইটেড স্পোর্টস ক্লাব ৫-১ গোলে সুরুচি সংঘকে পরাস্ত করে। অন্যদিকে, নেপালের ভয়াবহ হড়পা বানে প্রাণহানি ও সাধারণ মানুষের ক্ষয়ক্ষতির প্রতি সহমর্মিতা জানিয়ে কলকাতা লিগের তিনটি ম্যাচেই এক মিনিটের নীরবতা পালন করা হল।